কোটাপদ্ধতি নিয়ে তৃতীয় মত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গত ২২ মার্চ ২০১৪ তারিখে কোটাপদ্ধতি নিয়ে প্রথম আলোয় প্রকাশিত ‘সৈয়দ মোহসীন ও মিজানুর রহমানের ভিন্নমত’ শীর্ষক সংবাদে জানতে পারি, সরকারি চাকরিতে কোটাপদ্ধতি নিয়ে রাজধানীর একটা অনুষ্ঠানে সমাজকল্যাণমন্ত্রী সৈয়দ মোহসীন বলেছেন, তিনি মুক্তিযোদ্ধা ছাড়া কোনো কোটার পক্ষপাতী নন।
আর একই অনুষ্ঠানে জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান মিজানুর রহমান বলেছেন, কোটার পরিমাণ আরও বাড়ানো উচিত। পরবর্তী সময়ে ৩১ মার্চ ২০১৪ তারিখে চিঠিপত্র কলামে ‘কোটাপদ্ধতি নিয়ে ভিন্নমত’ শিরোনামে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মীর জুবায়ের হোসেন সমাজকল্যাণমন্ত্রীর কথা সমর্থন করেছেন আর মিজানুর রহমানের কথার বিরোধিতা করেছেন। অর্থাৎ একমাত্র মুক্তিযোদ্ধা কোটা রেখে বাকি কোটা উঠিয়ে দেওয়ার পক্ষে যুক্তি দেখিয়েছেন।
আমিও মনে করি আমাদের মুক্তিযোদ্ধাদের সম্মান করা উচিত, তাঁদের ঋণ শোধ করা উচিত, যদিও তাঁদের ঋণ কখনো শোধ হওয়ার নয়। কিন্তু আমি বিশ্বাস করি আমাদের মুক্তিযুদ্ধের যে মূল লক্ষ্য ছিল, বৈষম্যহীন এক সমাজব্যবস্থা প্রতিষ্ঠা, যেখানে সবার সমান অধিকার থাকবে। আর আমাদের সংবিধানেও বলা হয়েছে সবার সমান অধিকারের কথা। কিন্তু বাংলাদেশে আজ চরম বাস্তবতা হলো, সরকারি চাকরিতে সব ধরনের কোটাপদ্ধতি নিয়ে জাতি দ্বিধাবিভক্ত।
স্বাধীন বাংলাদেশ মুক্তিযোদ্ধারা তাঁদের ন্যায্য সম্মান পাক সেটা আমিও চাই, কিন্তু অন্যজনের অধিকার হরণ করে, জাতিকে দ্বিধাবিভক্ত করে সেই সম্মান কেন দিতে হবে? সম্মান দেওয়ার আরও পথ তো খোলা আছে। আমি যে বিশ্ববিদ্যালয়ে পড়ছি সেই জাহাঙ্গীরনগরে একজন মুক্তিযোদ্ধাকে রিকশা চালাতে দেখেছি। সঙ্গে সঙ্গে আমার পাশের রুমে হতদরিদ্র পরিবার থেকে উঠে আসা শিক্ষার্থীদের সারা বছর কঠোর পরিশ্রম করে বছর শেষে নিয়োগ পরীক্ষায় কোটা নামক বাধায় হোঁচট খাওয়ার করুণ কান্নাও আমি দেখেছি। আমার প্রশ্ন হচ্ছে, স্বাধীনতার ৪৩ বছর পেরিয়ে বেঁচে থাকা মুক্তিযোদ্ধাদের এই করুণ চিত্র আমাদের দেখতে হবে কেন?
আর এর বিপরীতে মুক্তিযোদ্ধার সনদ নিয়ে নানা অনিয়মের খবর, মুক্তিযোদ্ধাদের সম্পদ লোকসান গুনছে প্রভৃতি খবরও আমাদের দেখতে হচ্ছে প্রতিনিয়তই। এসব খবর জাতির বিবেকের সামনে প্রশ্ন ছুড়ে দিচ্ছে, স্বাধীনতার ৪৩ বছর পরও মুক্তিযোদ্ধাদের সম্মান কোথায় কতটুকু আমরা দিয়েছি? আর বিপরীতে সরকারি চাকরিতে তাঁদের সন্তানদের কোটা দিতে গিয়ে মেধাবী শিক্ষার্থীদের বঞ্চিত করা হচ্ছে। অন্যদিকে অযোগ্য লোককে প্রশাসনে ঢোকানো হচ্ছে!
আমি একজন সচেতন স্বাধীন বাংলাদেশের নাগরিক হিসেবে বলতে চাই, মুক্তিযুদ্ধ সনদ, মুক্তিযোদ্ধাদের সম্পদসহ মুক্তিযোদ্ধাদের স্বার্থসম্পর্কিত সব বিষয়কে প্রশ্নাতীত করাটাই এখন একমাত্র কাজ। আর এই দায়িত্ব রাষ্ট্রের কর্তাদের ওপরই বর্তায়।

ওয়ালীউল্লাহ

বিএসএস সম্মান, প্রত্নতত্ত্ব বিভাগ, চতুর্থ বর্ষ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়।