কোটাপদ্ধতি নিয়ে ভিন্ন মত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২২ মার্চ প্রথম আলোয় কোটা পদ্ধতি নিয়ে ‘সৈয়দ মোহসীন ও মিজানুর রহমানের ভিন্ন মত’ খবরটি পড়ে প্রথমত খুশি হলাম, অতঃপর দুঃখিতও হলাম। খুশি হলাম এই কারণে যে সমাজকল্যাণমন্ত্রী বিএমএ মিলনায়তনে এক অনুষ্ঠানে শুধুই মুক্তিযোদ্ধা কোটা রাখার পক্ষে মত দিয়েছেন, আমার মতো দেশের লাখো তরুণের মনের কথাটাই যেন তিনি বলেছেন, মহান মুক্তিযুদ্ধে যাঁরা নিজেদের জীবন বিসর্জন দিয়ে আমাদের একটি স্বাধীন দেশ উপহার দিয়ে গেছেন, তাঁদের কাছে আমরা ঋণী, শুধুই কোটাসুবিধা দিয়ে তাঁদের ঋণ শোধ করার নয়। মুক্তিযোদ্ধা ও তাঁদের পরিবারকে রাষ্ট্রের সর্বোচ্চ সুযোগ দেওয়া উচিত।
আর মিজানুর রহমান কোটা বাড়ানোর পক্ষে মত দিয়েছেন। বর্তমানে দেশে ৫৫ শতাংশ কোটা বিদ্যমান রয়েছে। তিনি আরও বলেছেন, ‘আগে আমাকে সমান সুযোগ দাও, আমার ছেলেকে সকালে হরলিকস, বিকেলে এক গ্লাস গরুর দুধ দাও, এরপর আমাকে মেধার ভিত্তিতে আসতে বলো।’ যথাযথ সম্মান প্রদর্শনপূর্বক তাঁর কাছে আমার প্রশ্ন হরলিকস ও দুধ খেলেই কি মেধাবী হওয়া যায়? আমি এমন অনেক অদম্য মেধাবীকে দেখেছি যারা দুধ, হরলিকস বাদে শুধু একবেলা খেয়ে তাদের মেধার পরিচয় দিয়ে যাচ্ছে।
দেশের চাকরিপ্রার্থীরা আজ চরম হতাশার মধ্যে আছে। আমাদের সংবিধানে যেখানে সবার জন্য সমান অধিকারের কথা বলা হয়েছে, সেখানে কোটাব্যবস্থা সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক হয়ে যায়। আমি মনে করি, বঞ্চিত শ্রেণীদের ভিন্নভাবে সহায়তা করে তাদের মেধা যাচাইয়ের সুযোগ দেওয়া হোক। কোটাব্যবস্থা কখনো প্রকৃত মেধার মূল্যায়ন হতে পারে না।
আশা করি, সরকারের নীতিনির্ধারণী মহল কোটাব্যবস্থাটিকে খুবই গুরুত্বের সঙ্গে নেবেন এবং শুধুই মুক্তিযোদ্ধা কোটা রেখে অন্যান্য কোটা বাতিল করে দেশের প্রকৃত মেধাবীদের সুযোগ করে দেবেন।
মীর জুবায়ের হোসেন
ঢাকা বিশ্ববিদ্যালয়।