কোনো বন্ধু আছে কি!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটের আঞ্চলিক ভাষায় একটি কথা প্রচলিত আছে, বান্ধা চাবি লাখ টাকা দাম। অর্থাৎ যত দিন পর্যন্ত আসল বা কোনো মূল্যবান জিনিস গোপন অথবা নিরাপদে থাকে, তত দিনই সেটা দামি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া যত দিন মুখোমুখি বা সরাসরি কথা বলেননি, তত দিন আমরা কেবল স্বপ্ন দেখেছি বা কল্পনায় এঁকেছি, যেদিন তাঁরা কথা বলবেন, সেদিন অবশ্যই দেশের আকাশ থেকে দুর্ভাবনার সব কালো মেঘ উড়ে যাবে। সংকটের সমাধান হবে। আর তখনই দেখা গেল তাঁরা আলাপ শুরু করেছেন, যা সবার কাছে খুব আকাঙ্ক্ষিত ছিল।
কিন্তু আমাদের তিমিরদশা যেন কাটতেই চায় না। তাঁরা সেই পুরোনো কাসুন্দিই ঘাঁটলেন এবং যথারীতি তাঁদের দলীয় নেতা-কর্মীর মতোই। খুব বেশি হলে পাঁচ মিনিট কথা শুনেছি। এর চেয়ে বেশি কথা শোনার মতো রুচি, আগ্রহ ও ধৈর্য—কোনোটাই ছিল না। ভাবছিলাম, আমাদের ভবিষ্যৎ প্রজন্ম তাঁদের কাছ থেকে কী শিখবে!
যাঁরা দেশের সর্বোচ্চ সম্মানিত নারী ব্যক্তিত্ব, যাঁদের নিয়ে একজন নারী হিসেবে আমি গর্বিত, টিভি চ্যানেলে সেই দুই সম্মানিত নারী প্রধানমন্ত্রী ও বিরোধীদলীয় নেতার ফোনালাপ প্রকাশ করার সময় দুই নেত্রীর হাস্যোজ্জ্বল মুখ দেখে পাঁচ বছরের একটি শিশু জিজ্ঞেস করেছিল, ‘এঁরা কারা!’ আমি গর্ব ভরে উত্তর দিয়েছিলাম, এঁদের একজন দেশের প্রধানমন্ত্রী এবং অন্যজন বিরোধীদলীয় নেতা। শিশুটি প্রধানমন্ত্রী ও বিরোধীদলীয় নেতার মানে বোঝে না। তখন মানেটা বোঝাতে গিয়ে সহজ করে বলেছিলাম, তাঁরা আমাদের দেশের গুরুজন বা অভিভাবক। যেমন আমি তোমার গুরুজন।
তখন সে বলল, ‘তুমি তো আমার বন্ধুও! ওঁরা কি দেশের সব মানুষের বন্ধু!’ আমি নিরুত্তর। প্রসঙ্গ পাল্টানোর জন্য টিভি চ্যানেলই পাল্টালাম। কিন্তু ভাবনাটা পেয়ে বসল। আসলেই আমাদের গরিব দেশের গরিব মানুষের কোনো বন্ধু আছে কি! তাঁরা কি প্রকৃতই দেশের সব মানুষের বন্ধু!
তাসনীম চৌধুরী, মৌলভীবাজার।