ভারত সরকার যুগ্ম সচিবের ১০টি পদে সরাসরি নিয়োগ দেওয়ার আয়োজন করছে। খবরটি ভারতের বিভিন্ন পত্রপত্রিকার। বেসরকারি খাতে যেখান থেকেই হোক সেরা প্রতিভাবানদের কাজে লাগানোর উদ্দেশ্যেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে, এমনটাই দাবি করছে সরকার। তাঁরা পাঁচ বছর মেয়াদের চুক্তিতে নিয়োজিত হয়ে কর্মরত যুগ্ম সচিবদের বেতন, সুযোগ-সুবিধা ও পদমর্যাদা ভোগ করবেন। বয়স ৪০-এর ওপরে হতে হবে এবং ১৫ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। কেন্দ্রীয় সরকারের যুগ্ম সচিবের পদটি রাজ্য সরকারের সচিব পদের সমমর্যাদার। সুতরাং, গুরুত্ব ও মর্যাদায় যথেষ্ট ওপরে। এসব পদ পূরণ করা হয় মূলত ভারতীয় প্রশাসনিক সার্ভিস (আইএএস) ও কিছু পরিমাণে অন্যান্য সর্বভারতীয় বা কেন্দ্রীয় সার্ভিসের সদস্যদের দ্বারা।
জানা যায়, প্রচলিত ব্যবস্থায় বর্তমান সরকারের চার বছরের মেয়াদে সরকারের কাজে গতি আসেনি বলে নীতিনির্ধারকেরা ক্ষুব্ধ। তাই অর্থ থেকে বিমান, জাহাজ থেকে সড়ক পরিবহন, কৃষি থেকে বাণিজ্যের মতো ১০টি মন্ত্রণালয়ে এই চুক্তিভিত্তিক নিয়োগের প্রক্রিয়া চলছে। তঁারা প্রশাসনে নতুন ভাবনা ও দৃষ্টিভঙ্গি নিয়ে আসবেন, এমনটাই প্রত্যাশা। এ
পদে নিয়োগ চূড়ান্ত করে ‘অ্যাপয়েন্টমেন্ট কমিটি
অব দ্য কেবিনেট’ (এসিসি)। অবশ্য মন্ত্রিপরিষদ সচিবের নেতৃত্বে গঠিত কমিটি প্রাথমিক বাছাই করে তালিকা পেশ করে। সুতরাং, চূড়ান্ত নিয়োগটি
পাবলিক সার্ভিস কমিশনের (পিএসসি) মতো সাংবিধানিক সংস্থার পরিবর্তে মন্ত্রিসভা কমিটির
মতো একটি রাজনৈতিক কর্তৃপক্ষের হাতে যাচ্ছে। উল্লেখ্য, ক্যাডার সার্ভিসের সূচনার নিয়োগ হয় পিএসসির সুপারিশে।
কংগ্রেসসহ অনেক বিরোধী দল প্রস্তাবিত ব্যবস্থার প্রতিবাদ করছে। তাদের মতে, এতে প্রশাসনে দলীয়করণের সুযোগ সৃষ্টি হবে। অন্যদিকে আইএএস কর্মকর্তাদের একটি বড় অংশ নতুন ব্যবস্থায় ক্ষুব্ধ। এ ব্যবস্থার সুফল নিয়ে আগাম কোনো মন্তব্য করা যাচ্ছে না। তবে এটা যে দীর্ঘদিন চলমান ক্যাডার সার্ভিসের জন্য একটি চ্যালেঞ্জ নিয়ে এল, এতে কোনো সন্দেহ নেই। আর বাংলাদেশে আমরাও একই প্রশাসনিক সংস্কৃতি অনুসরণ করছি বলে এর ঢেউ এখানেও পড়তে পারে।
ক্যাডার একটি স্থায়ী সংস্থাপন, যা প্রয়োজনমতো সম্প্রসারণ করা যায়। গুরুত্বপূর্ণ কিছু ব্যক্তিকে নিয়ে গঠিত পরিকাঠামোকেও ক্যাডার বলা চলে। বাংলাদেশে সিভিল সার্ভিসের ২৭টি ক্যাডার ও বহুসংখ্যক সাব-ক্যাডার আছে। ক্যাডার চাকরির বৈশিষ্ট্যের বিপরীতে এগুলোর ব্যাপক রাজনৈতিকীকরণ হয়েছে। আবার কোনো ক্যাডারে সমান্তরাল প্রবেশের বিরুদ্ধে অনেকে যুদ্ধংদেহী অবস্থায় আছেন। সচিবালয়ের পদগুলোতে পদসংখ্যার অতিরিক্ত পদোন্নতি বিনষ্ট করছে ক্যাডার সার্ভিসের পিরামিড আকৃতি।
রাজনৈতিকীকরণের ফলে আমাদের উচ্চতর সিভিল সার্ভিস এখন অনেকটা মার্কিন যুক্তরাষ্ট্রের ‘স্পয়েলস সিস্টেম’ বা ‘পেট্রনেইজ সিস্টেম’-এর মতো হয়ে গেছে। পার্থক্য হচ্ছে, তারা খোলামেলাভাবে বিধিবিধানের আওতায় তা করে। আর আমরা করছি বিধান ভঙ্গ করে। অন্যদিকে ব্রিটিশ শাসনামলে প্রবর্তিত সিভিল সার্ভিসের বৈশিষ্ট্য অনেকটা হারিয়ে যাচ্ছে। কিন্তু ব্রিটেনের নিয়োগপদ্ধতি আমাদের মতো না হলেও তারা সিভিল সার্ভিসকে সর্বাংশে রাজনীতিমুক্ত রেখেছে।
মন্ত্রিপরিষদ সচিব সে দেশে প্রভূত ক্ষমতা ও মর্যাদা ভোগ করেন। পারমান্যান্ট সেক্রেটারি বা মন্ত্রণালয়ের সচিবেরাও অনেকটা তা–ই। তাঁরা আমাদের মতোই মন্ত্রণালয়ের প্রিন্সিপাল অ্যাকাউন্টিং অফিসার; তাঁরা মন্ত্রণালয়ের জন্য বরাদ্দকৃত অর্থ যথাযথ ব্যয়ের জন্য পার্লামেন্টের কাছে দায়ী।
তাঁদের প্রায়ই পাবলিক অ্যাকাউন্টস কমিটিতে ডাকা হয়। ৬০-এর দশকে ব্রিটিশ শিল্পমন্ত্রী টনি বেন কিছু আর্থিক অনিয়ম করলে পারমান্যান্ট সেক্রেটারি পিটার কেরি তা পাবলিক অ্যাকাউন্টস কমিটির নজরে আনেন। মন্ত্রীর দপ্তর বদল হয়। পারমান্যান্ট সেক্রেটারি পান নাইট খেতাব।
ভারত সরকারের এ পদক্ষেপের প্রভাব সে দেশে কিংবা আমাদের দেশে কতটুকু পড়তে পারে? এর প্রকৃতিই–বা কেমন হবে? ভারতসহ এ উপমহাদেশের তিনটি দেশ একটি শক্তিশালী সিভিল সার্ভিস
কাঠামো পেয়েছিল। এদের মধ্যে ভারতই সেটাকে অধিকতর সমৃদ্ধ করেছে। দেশটি অনেক জাতপাতে বিভক্ত, তার অনেকগুলো রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল। এ ক্ষেত্রে আইএএসরা সে দেশে
স্থিতিশীলতায় বড় অবদান রাখেন বলে ধারণা করা হয়। রাজ্য ও কেন্দ্র দুটোই তাঁদের কেন্দ্রস্থল। রাজ্যে থাকাকালে মহকুমা ও জেলা পর্যায়ে অভিজ্ঞতাও অর্জন করতে হয়। ফলে তাঁরা রাজ্য বা কেন্দ্রে নীতি প্রণয়নকালে সে অভিজ্ঞতার সফল প্রতিফলন
ঘটাতে পারেন। ফলে রাজনীতিকেরাও ভালো উপাত্ত পান। এত কিছুর পরও তাহলে এখন এ আস্থার
সংকট কেন?
বিশাল আকৃতির ভারত সরকারে ১০ জন যুগ্ম সচিবের চুক্তিভিত্তিক নিয়োগ সংখ্যার বিবেচনায় খুব বেশি কিছু নয়। তবে এটা প্রচলিত ব্যবস্থা থেকে সরে পড়ার একটি বার্তা দিচ্ছে, এমনটা মনে করা যায়। বিরোধী দলগুলোর কোনোটির মতে, নতুন নিয়োগপ্রাপ্ত ব্যক্তিরা যেসব বাণিজ্যিক বা শিল্পপ্রতিষ্ঠান থেকে আসবেন, সেগুলোর প্রতি তাঁদের একধরনের পক্ষপাত থাকবে। আর পাঁচ বছর পর তো তাঁদের আবার সেখানেই ফিরে যাওয়ার কথা। তাই তাঁরা পা ফেলার জায়গা ঠিক রাখতে চাইতে পারেন। সুতরাং, ভারত সরকারের প্রতি তাঁদের আনুগত্য অখণ্ড হবে কি না, এ নিয়ে সংশয়বাদী কেউ কেউ। এমনকি তাঁরা বিশেষ সুবিধাদি দিতে পারেন ফেলে আসা প্রতিষ্ঠানগুলোকে, এ কথাও আসছে। এরপর থাকছে কর্মসংস্কৃতির বিষয়টি। ক্যাডার সার্ভিসের একটি বড় বৈশিষ্ট্য তাঁদের অনেকেই একে অপরকে চেনেন ও জানেন। সুতরাং, আন্তমন্ত্রণালয়ের কাজে সহজে দ্রুত সহযোগিতা পান। সমর্থন ও আনুগত্য পান যথাক্রমে ঊর্ধ্বতন ও অধস্তন ব্যক্তিদের। নতুন ব্যবস্থায় নিয়োগপ্রাপ্ত ব্যক্তিরা এমনটি পাবেন কি না, তা নিয়ে আশঙ্কা অযৌক্তিক নয়।
আবার মনে হয়, কেউ কেউ স্বীয় গুণে তা
অর্জন করবেন। তবে সরকারের কাজে গতি আসছে না বলে অভিযোগটি গুরুতর। এত বড় সিদ্ধান্তটি এমনিতেই আসেনি। সে ক্ষেত্রে ধস ঠেকাতে আইএএস ও অন্যান্য কেন্দ্রীয় এবং ভারতীয় সার্ভিসের কর্মকর্তাদের অধিক সচেতন হওয়ার সময় এসেছে। আর এর প্রভাব উপমহাদেশের অন্য দুটি দেশে, বিশেষ করে বাংলাদেশে পড়তে পারে। সে ক্ষেত্রে এ দেশের সিভিল সার্ভিসকেও ঘর সামলানোর প্রস্তুতি নিতে হবে।
সরকারের যুগ্ম সচিব পদটি অতি গুরুত্বপূর্ণ একটি স্তর। তাঁরা যেকোনো মন্ত্রণালয় বা বিভাগে কোনো অনুবিভাগের প্রধান। ভারতের মতো বাংলাদেশের রুলস অব বিজনেসেও তাঁদের নিজ অধিক্ষেত্রে অনেক বড় সিদ্ধান্ত নেওয়ার সুযোগ আছে। যেখানে মন্ত্রী পর্যায়ে অনুমোদন দরকার, সেখানে তাঁরা সরাসরি নথি পাঠাতে পারেন তাঁর কাছে। আমাদের দেশে এর বিধিগত ব্যবস্থা থাকলেও চর্চা নেই। দফায় দফায়
অতি অধিকসংখ্যক কর্মকর্তার পদোন্নতি এ স্তরেও হয়েছে। তাই ‘ইন সিটু’ পদায়নের নামে তাঁদের আওতা বেশ কিছু ক্ষেত্রে উপসচিব বা সহকারী সচিবের পর্যায়ে চলে গেছে। অধিদপ্তর বা সংস্থায়ও পদায়ন হয় গুরুত্বহীন পর্যায়ে। পদটি অবিভক্ত ভারতে ১৯২০ সালে সৃজন করা হয়েছিল সচিবের দায়িত্ব হালকা করতে। ১৯৩৭ ও ১৯৪৬ সালে তাঁদের সংখ্যা ছিল যথাক্রমে ৭ ও ২৫।
ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু প্রাজ্ঞ রাজনীতিক ছিলেন। তাঁর সচিবালয়ের আমলাতন্ত্র এখনকার মতো এত বিশাল ছিল না। পিএস মেহতার লেখা হ্যান্ডবুক অব পিআর ইন ইন্ডিয়া বইতে দেখা যায়, সে সচিবালয়ের প্রধান ছিলেন একজন যুগ্ম সচিব। জনগণের প্রতিনিধিরা দেশ চালাবেন। দেশের যেভাবে কল্যাণ হয়, সেভাবেই গঠিত হবে সিভিল সার্ভিস। তবে ওয়েস্টমিনস্টার ধাঁচের গণতন্ত্র চর্চাকারী দেশগুলো আমলাতন্ত্রকে কঠোরভাবে অরাজনৈতিক রেখেছে। আমাদের এখানেও এর অন্যথা হওয়া সংগত হবে না। এ বিষয়ে ভারত নতুন যে পদক্ষেপ নিল, তা উপরিউক্ত বৈশিষ্ট্যকে ব্যাহত করবে কি না, তা ভবিষ্যৎ বলবে। তবে এ উদ্যোগ একটি চ্যালেঞ্জ সামনে নিয়ে এল, এটা বিবেচনায় রাখতে হবে।
আলী ইমাম মজুমদার সাবেক মন্ত্রিপরিষদ সচিব
[email protected]