ক্যানসার চিকিৎসায় বাংলাদেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাকী অংশ:

নিজামউদ্দিন আহমাদ: বাংলাদেশে প্যালিয়েটিভ কেয়ার শব্দটি নিয়ে ভ্রান্ত ধারণা আছে। ইউরোপে প্যালিয়েটিভ কেয়ার একটি বিশেষায়িত বিষয়। এখানে এ বিষয়ের ওপর তিন থেকে পাঁচ বছরের কোর্স আছে। ভারতে প্রায় চার বছরের কোর্স আছে। বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ের প্যালিয়েটিভ কেয়ার কিছু উদ্যোগ নিয়ে কাজ করছে। এ উদ্যোগের মধ্যে ছয়টি সেবা রয়েছে। ২০০৭ সালে আমরা ১৪ জন রোগী পাই। ২০১২ সালে এসে রোগীর সংখ্যা দাঁড়ায় ১২৯৬ জন। আমরা যত কিছুই বলি না কেন, বাংলাদেশের বেশির ভাগ রোগী নিরাময় অযোগ্য অবস্থায় মৃত্যুবরণ করে।  হতাশ হয়ে বসে থাকার কোনো কারণ নেই। যার যার অবস্থান থেকে কাজ করতে হবে। একটি গবেষণাগার করতে হবে। কারণ ক্যানসার রোগীর কোনো প্রকৃত তথ্য নেই। কমিউনিটি ক্লিনিকের সঙ্গে ক্যানসার বিষয়টি যুক্ত করতে হবে। গ্রামের মানুষদের সচেতন করতে হবে। স্বাস্থ্যনীতিতে প্যালিয়েটিভ কেয়ারকে অন্তর্ভুক্ত করা প্রয়োজন।

শাফিয়া গাজী রহমান: সিঙ্গাপুরে ক্যানসার ধরা পড়ল। ডাক্তার হাত ধরে বলল, ‘তোমাকে মরে যেতে দেব না।’ দেড় ঘণ্টা বোঝাল। ওখানে খরচ অনেক বেশি। ইউনাইটেড হাসপাতালে  অর্ধেক কেমো নিলাম। ক্যানসার চিকিৎসার জন্য ইউনাইটেড হাসপাতাল অনেক ভলো। যে ওষুধ সিঙ্গাপুরে চার লাখ টাকা। বাংলাদেশে একই ওষুধ এক লাখ ৬০ হাজার টাকা। দেশের কয়জন মানুষ এ খরচ বহন করতে পারে? বিনা মূল্যে কোনো হাসপাতালে কেমো দেওয়া হয় না। তিন বছর ধরে ক্যানসার আক্রান্ত শিশুদের নিয়ে কাজ করছি। কিছু ওষুধ হাসপাতাল থেকে দেওয়া হয়। কখনো দেওয়া হয় না। একটা পরিবার চরম হতাশায় ভুগতে থাকে। গহনা থেকে শুরু করে শেষ জমিটুকু, দোকান, বাড়ি সবই বিক্রি করতে হয়। চিকিৎসকেরা অনেক করেন তার পরও বলব, ওনারা যেন আর একটু সময় রোগীকে দেন এবং মায়া-মমতার সঙ্গে কথা বলেন।

দবির উদ্দিন আহমেদ: বিশ্বে প্রতিবছর এক কোটি ২০ লাখ লোক ক্যানসারে আক্রান্ত হয়। এদের অর্ধেকেরও বেশি মারা যায়। আশঙ্কা করা হচ্ছে, ২০৩০ সালের মধ্যে ক্যানসার আক্রান্ত রোগীর সংখ্যা প্রায় দ্বিগুণ হবে। এর বেশির ভাগ রোগী শনাক্ত হবে বিশ্বের অনুন্নত দেশে। বিশ্ব ক্যানসার দিবসের এবারকার প্রতিপাদ্য হচ্ছে, ‘ক্যানসার সম্পর্কে কুসংস্কার পরিহার করুন’। আমি একজন ক্যানসার অ্যাকটিভিস্ট। ক্যানসার সারভাইভারদের নিয়ে বিগত ১৫ বছর কাজ করছি। মানসিক যন্ত্রণা ও চিকিৎসা ব্যয় একজন ক্যানসার রোগী ও তার পরিবারকে শেষ করে দেয়। কিন্তু ক্যানসার বিজয়ীদের হাসি দেখে আমরা আবার আশাবাদী হই। ক্যানসার মানে মৃত্যু নয়। ক্যানসারকে জয় করা য়ায়।  আমাদের ক্যানসারের সচেতনতা বাড়াতে হবে। তাই আমাদের এখন থেকেই ক্যানসারের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নিতে হবে। আসুন সবাই মিলে যার যার অবস্থান থেকে ক্যানসার প্রতিরোধ ও নির্মূলে এগিয়ে আসি।

প্রাণ গোপাল দত্ত: প্রতিটি রোগের ক্ষেত্রে দ্রুত রোগনির্ণয় ও চিকিৎসা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে ক্যানসারের ক্ষেত্রে এটা অত্যন্ত জরুরি। দুঃখজনক হলেও সত্য, বাংলাদেশে শিক্ষা ও চিকিৎসা এখন পণ্য। ফলে এ দুটো গুরুত্বপূর্ণ খাত তার গুণগত মান হারিয়েছে। অতিরিক্ত সিটি স্কান ক্যানসার রোগীর জন্য ক্ষতির কারণ হতে পারে। আমাদের এখানে একটা সিটি স্কান দুই হাজার টাকায় করালেও ৬০০ টাকা লাভ থাকে। তাহলে কেন প্রাইভেট হাসপাতালগুলোতে পাঁচ হাজার টাকারও বেশি নেওয়া হয়? যেখানে একটা পরীক্ষা ৫০ টাকায় করা যায়, সেখানে ১০০ থেকে ২০০ টাকা পর্যন্তবেসরকারি হাসপাতালে নেওয়া হয়। এ থেকে কমিশনের উদ্ভব। এটাকে খুব শক্তভাবে বন্ধ করতে হবে। মোট ৪৮৫টি স্বাস্থ্যকেন্দ্র আছে। এর মধ্যে ১১৩টি কিছুটা দুর্গম। যদি এমন কোনো ঘোষণা হয়, ১ মার্চ ২০১৪ থেকে ২৮ ফেব্রুয়ারি ২০১৬ পর্যন্ত যারা এসব জায়গায় কাজ করবে তারা দুই বছর পর ডিজিএইচএসে এক হাজার ওএসডি পদ আছে, এখানে যোগদান করবে। এ পদগুলো বিভাগীয় হাসপাতালগুলোর সঙ্গে সংযুক্ত থাকবে। তাহলে অনেকেই এসব জায়গায় যেতে চাইবেন। ক্যানসারের আরেকটি কারণ হলো রেডিয়েশন মিল্ক। দেশের অসাধু ব্যবসায়ীরা এগুলো আনছেন। মেডিকেল এডুকেশন এবং ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন মন্ত্রণালয়ের সবচেয়ে দুর্বল জায়গা। এগুলো ঠিক করতে হবে। ডাক্তাররা বাইরে রোগী দেখবেন না। হাসপাতালে বিকেলের শিফটে রোগী দেখবেন। একটি নির্দিষ্ট ফি থাকবে। অর্ধেক হাসপাতাল পাবে, অর্ধেক ডাক্তার পাবে। বাংলাদেশে আরপি সাহার কুমুদিনী হাসপাতালে প্রথম ক্যানসার চিকিৎসার ব্যবস্থা হয়।

মোহাম্মদ নাসিম: আমার অনেক অভিজ্ঞতা হলো। অনেক কিছু জানলাম। আপনারা বলেছেন, প্রাথমিকভাবে ধরা পড়লে ক্যানসার থেকে মুক্তি পাওয়া সম্ভব। ভেজাল ওষুধে মানুষের নানা রকম সমস্যাসহ মৃত্যু পর্যন্ত হতে পারে।এর বিরুদ্ধে অভিযান চালালে মন্ত্রণালয়কে বাধ্য করেছিল অভিযান বন্ধ করতে। আমি আবার এই অভিযান শুরু করব। প্রথম আলোসহ সব সাংবাদিক আমার পাশে থাকবে বলে আশা করি।

একবার শ্রমিক নেতা ও বাস মালিকদের অন্যায় কাজের বিরুদ্ধে ব্যবস্থা নিলে তারা ধর্মঘট করেছিল। সে সময় আপনাদের সমর্থন পেয়েছিলাম। তারা বাধ্য হয়েছিল ধর্মঘট তুলে নিতে। সাংবাদিক ও সাধারণ মানুষ সহযোগিতা করলে ভেজাল অভিযানেও সফল হব। স্বাস্থ্যসেবায় কোথায় কোন সমস্যা হচ্ছেলেখেন। আমাদের ভালো কাজও লেখেন।  আগে ধনী ব্যক্তি, ব্যবসায়ীরা হাসপাতাল করতেন, স্কুল, কলেজ করতেন। তাঁরা এখন ব্যবসাপ্রতিষ্ঠান করেন। আপনারা বলেছেন, ক্যানসার চিকিৎসা সারা পৃথিবীতে একই রকম। বাংলাদেশও কোনো দেশ থেকে পিছিয়ে নেই।

আমার নিজের অসুস্থতায় আমেরিকার সবচেয়ে বড় ডাক্তার দেখিয়েছি। সে ডাক্তার বলেছে, তোমার দেশের ডাক্তার যে চিকিৎসা দিয়েছে, সেটিই প্রকৃত চিকিৎসা। ডাক্তারের কথা শুনে বুকটা আমার ভরে গেল। বিদেশি ডাক্তাররা রোগীকে সময় বেশি দেন। মনোযোগের সঙ্গে কথা শোনেন। আমি আপনাদের অনুরোধ করব, রোগীর কথা মন দিয়ে শুনবেন। তাদের কিছুটা সময় দেবেন। আপনাদের কথা খুব মনোযোগ দিয়ে শুনেছি। জননেত্রী শেখ হাসিনা সব সময় দেশ নিয়ে ভাবেন। আমরা তাঁর নেতৃত্বে দেশের জন্য যা যা করা দরকার সবকিছু করব।

আব্দুল কাইয়ুম: চিকিৎসা ক্ষেত্রের একটি অতি জরুরি বিষয় নিয়ে অত্যন্ত সফল  আলোচনা হলো। স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী মোহাম্মদ নসিম সব কথা মনোযোগ দিয়ে শুনেছেন। ইতিমধ্যে স্বাস্থ্য খাতে তাঁর আন্তরিকতা লক্ষ করেছি। স্বাস্থ্য মন্ত্রণালয় স্বাস্থ্যসেবার ক্ষেত্রে যথাযথ ব্যবস্থা নেবে বলে আশা করি। প্রথম আলোর পক্ষ থেকে সবাইকে কৃতজ্ঞতা ও ধন্যবাদ।

যাঁরা অংশ নিলেন

মোহাম্মদ নাসিম             :  সাংসদ ও মন্ত্রী, স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়

প্রাণ গোপাল দত্ত            :  উপাচার্য, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়

ফরিদুর রহমান খান        :   ব্যবস্থাপনা পরিচালক, ইউনাইটেড হাসপাতাল লিমিটেড

মো. আবদুস সালাম        :  প্রেসিডেন্ট ও সিইও ইউরোলজি ট্রান্সপ্লান্ট ফাউন্ডেশন বাংলাদেশ

শেখ গোলাম মোস্তফা     : পরিচালক ও বিভাগীয় প্রধান, রেডিয়েশন অনকোলজি, এনআইসিআরএইচ, মহাখালী, ঢাকা

মোয়াররফ হোসেন        :   বিভাগীয় প্রধান, রেডিওথেরাপি, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল

শান্তনু চৌধুরী               :   কনসালট্যান্ট, ক্লিনিক্যাল অনকোলজি ও পরিচালক, ক্যানসার কেয়ার সেন্টার ইউনাইটেড হাসপাতাল লি.

নিজামউদ্দিন আহমাদ       :   বিভাগীয় প্রধান, প্যালিয়েটিভ কেয়ার, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়

মো. গোলাম মোস্তফা      :  বিভাগীয় প্রধান, হিস্টোপ্যাথলজি বিভাগ, এনআইসিআরএইচ মহাখালী, ঢাকা

পারভীন শাহিদা আখতার :  বিভাগীয় প্রধান, মেডিকেল অনকোলজি এনআইসিআরএইচ মহাখালী, ঢাকা

ফেরদৌস শাহরিয়ার       :  কনসালট্যান্ট মেডিকেল অনকোলজি, ইউনাইটেড হাসপাতাল লি.

আহমেদ সাঈদ              :  অধ্যাপক, বিভাগীয় প্রধান, সার্জারি, হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজ হাসপাতাল

শাফিয়া গাজী রহমান      :  চেয়ারমান, সানশাইন এডুকেশনাল গ্রুপ ও ক্যানসার সারভাইভার

মতিউর রহমান              :  সম্পাদক, প্রথম আলো

সঞ্চালক

দবির উদ্দিন আহমেদ, জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ও পরিচালক, ক্লিনিক্যাল অপারেশনস, ইউনাইটেড হাসপাতাল লিমিটেড

আব্দুল কাইয়ুম, সহযোগী সম্পাদক, প্রথম আলো