প্রায় ১৫টি ইউনিয়ন ও একটি পৌরসভা নিয়ে গঠিত সন্দ্বীপ উপজেলার সাড়ে তিন লাখ লোকের বসবাস। কিন্তু দুঃখের বিষয়, এ সন্দ্বীপ থেকে চট্টগ্রাম জেলা শহর বা অন্যান্য স্থানে যখন ইচ্ছা তখন যাওয়া যায় না। নৌপথই একমাত্র উপায়। নৌপথে চলাচল করতে যেমন হয়রানির শিকার হতে হয়, তেমনি পোহাতে হয় দুর্ভোগ, যার কারণে সন্দ্বীপের মানুষ অতিষ্ঠ।
গত ৬০ বছরে ২৪টি ইউনিয়নের আটটিই হারিয়ে গেছে নদীগর্ভে। যেকোনো প্রাকৃতিক দুর্যোগের খবর শুনলে ভয়ে গা শিউরে ওঠে এসব ইউনিয়নের লোকজনের। এ ভাঙন থেকে সন্দ্বীপকে রক্ষা করতে হলে সন্দ্বীপ-উড়িরচর ক্রস ড্যাম নির্মাণের দাবি সন্দ্বীপবাসীর। এ ক্রস ড্যাম নির্মাণ করা হলে সন্দ্বীপ শুধু ভাঙন থেকে রক্ষাই পাবে না, বিপুল পরিমাণ ভূমিও উদ্ধার হবে।
সন্দ্বীপ-উড়িরচর ক্রস ড্যাম বাস্তবায়িত হলে সন্দ্বীপবাসী উপকৃত হবে। সন্দ্বীপ-উড়িরচর ক্রস ড্যাম নির্মাণের মাধ্যমে আমরা যেমন আমাদের লালিত স্বপ্নের বাস্তবায়ন করতে পারি, তেমনি পারি অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে। সন্দ্বীপ-উড়িরচর ক্রস ড্যামের কাজ যদি সরকার শুরু করে, তবে সহজেই সন্দ্বীপ-নোয়াখালী যোগাযোগ তথা বাংলাদেশের মূল ভূখণ্ডের সঙ্গে আমাদের সংযোগ স্থাপন হবে।
মো. ইলিয়াছ আলম, হারামিয়া সন্দ্বীপ৷