ক্রিকেটকে ধ্বংসের যৌথ প্রয়াস!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অনলাইনে প্রথম আলো (prothom-alo.com) নিয়মিত পড়া হয় ২০০টিরও বেশি দেশ থেকে। পড়ার পাশাপাশি পাঠকেরা প্রতিদিন রাজনীতি, অর্থনীতি, সমাজ, খেলাসহ বিভিন্ন বিষয়ে তাঁদের মতামত দেন। তাঁদের এ মতামত চিন্তার খোরাক জোগায় অন্যদের। গত কয়েক দিনে বিভিন্ন বিষয়ে পাঠকদের কিছু মন্তব্য ঈষৎ সংক্ষেপিত আকারে প্রকাশিত হলো।

কেন ব্রাজিল কেন আর্জেন্টিনা: কেন নয়

বিশ্বকাপ ফুটবলে বিভিন্ন দেশকে সমর্থন করা নিয়ে লেখা এই কলামের পক্ষে-বিপক্ষে নানা মন্তব্য করেছেন পাঠকেরা। এ ব্যাপারে কাজী এস আহমেদ লিখেছেন: খেলাপাগল বাঙালি খেলাকে ভালোবেসেই প্রিয় দলের পতাকা ওড়ায়, সেই দেশকে ভালোবেসে নয়। দেশপ্রেম মানুষের অন্তরের গভীরে শক্ত আসনে সমাসীন। যাদের দেশপ্রেম ঠুনকো, তারাই খেলার কারণে অন্য দেশের পতাকা ওড়ালে চেঁচামেচি করে আর আইন দেখায়। কদিন পর বলবে, অন্য দেশের জার্সি পরা যাবে না, জিতলে আনন্দ-উৎসব করা যাবে না। অথচ বিদেশে গাড়িতে অনেকেই নিজের পছন্দমতো অন্য দেশের পতাকা লাগায়, প্রিয় দলের পতাকা সব জায়গায় ওড়ায়, কেউ ওদের দেশপ্রেম নিয়ে সন্দেহ করে না, আইন দেখায় না।
আহসান: বয়স ১০ থেকে ১৬, তাদের নিয়ে কাজ করলে ২০২৬-এ আমরা তার সুফল পেতে পারি৷ তবে সেটা কেবল মোবাইল গেমে, ফুটবল খেলায় নয়। কারণ ফুটবল খেলার জন্য মাঠ দরকার। মাঠ তো এখন ডেভেলপারদের দখলে। খেলার পরে খানা দরকার।


থমকে আছে বিএনপি!

দল গুছিয়ে উপজেলা নির্বাচনের পর আন্দোলনে নামার ঘোষণা দিলেও এখনো দল গোছানো শেষ করতে পারেনি বিএনপি। এ ব্যাপারে নেছার লিখেছেন: দলের জনপ্রিয়তা যেমন স্থায়ী নয়, তেমনি কোনো রাজনৈতিক কর্মসূচিও ছকে বাঁধা হতে পারে না। তা সময়ের সঙ্গে ও অবস্থার প্রেক্ষিতে পরিবর্তনশীল। বিএনপিকে অতীতের ভুল কর্মসূচি থেকে বেরিয়ে এসে জনসম্পৃক্ততা বাড়ানোর জন্য আকর্ষণীয় ও সময়োপযোগী ইতিবাচক কর্মসূচি দিতে হবে। পাশাপাশি নির্বাচন কমিশন ও নির্বাচন-প্রক্রিয়া নিয়েও সরকারের সঙ্গে আলাপ করতে হবে। মনে রাখা উচিত, এ সবকিছুই করতে হবে দেশ ও জনগণের মঙ্গলের দিকে তাকিয়ে। জনগণ সময়মতো তার সঠিক মূল্যায়ন করবেই!
শরীফ: থমকে আছে বিএনপি। যখন বিএনপির সেই কর্মকাণ্ড শুরু হবে, সবাই চমকে উঠবে আবার। আওয়ামী লীগ নিজের লোক মারে রে ভাই; বিএনপি তো চোখ বন্ধ করে পেট্রলবোমা মারে, কার গায়ে পড়ে তার ঠিক নেই। নাইলে গ্রেনেড দিয়ে প্রতিপক্ষ সাফ করে।
মো. মামুন আলম: অন্য কমিটি করে লাভ নেই। যত দিন না ঢাকা মহানগর কমিটিকে নতুনভাবে ঢেলে সাজানো হচ্ছে। আর দলের শীর্ষ চাটুকার নেতাদের দলের শীর্ষ পদগুলো থেকে অচিরেই নামিয়ে সেই জায়গায় নতুন নেতৃত্বের প্রয়োজনীয়তা অপরিসীম হয়ে দাঁড়িয়েছে।


বিরোধীদলীয় নেতার পরিচয় পোক্ত করতে চান রওশন

সম্প্রতি দুজন কূটনীতিক ঢাকায় এলেও বিরোধীদলীয় নেতা রওশন এরশাদের সঙ্গে তাঁদের কোনো সৌজন্য সাক্ষাৎ হয়নি। দশম সংসদ পাঁচ মাস পার করে ফেললেও বিরোধীদলীয় নেতার সঙ্গে ঢাকায় কর্মরত বিদেশি কূটনীতিকদের নিয়মিত বৈঠকও হচ্ছে না। এ অবস্থায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের দ্বারস্থ হয়েছেন রওশন এরশাদ। এ ব্যাপারে পাঠক দেলোয়ার হোসেনের মন্তব্য: আহারে! বেচারিরে দেশ-বিদেশের কেউ পাত্তা দিতেছে না!! এই দুঃখে তাঁর পদত্যাগ করা উচিত।
শশী রহমান: মাছ দিয়ে কি আর শাক ঢাকা যায়? লাঙ্গল তো শেখ হাসিনার একটি মার্কা, তাই ওনার সঙ্গে দেখা করলেই চলে।
আমিনুল: গাছেরও খাবেন আবার তলারটাও কুড়াবেন—তাহলে কেমন করে হবে? আগে সরকার থেকে বেরিয়ে আসুন। সত্যিকারের বিরোধী দলের দায়িত্ব পালন করুন। আমার ধারণা, বিরোধী দল হিসেবে বিএনপির চেয়ে আপনাদেরই ভালো করার সুযোগ আছে।


নির্মম প্রতিশোধ!

সত্তরের দশকে ইয়োহান ক্রুইফদের হাত ধরে জন্ম নিয়েছিল ফুটবলের নান্দনিক এক কৌশলের। সেই হল্যান্ড যেন টিকিটাকার ‘মৃত্যু’ ঘোষণা করল নির্মম প্রতিশোধ নিয়ে। গতবারের জয়ী স্পেনকে রানার্সআপ হল্যান্ড যেভাবে নিষ্ঠুরভাবে ১-৫ ব্যবধানে হারাল, তাকে নির্মম প্রতিশোধ ছাডা আর কী-ই বা বলা যায়।
এ ব্যাপারে পাঠক রেজাউল হাসনাত লিখেছেন: সমান সমান না হলে প্রতিশোধ কীভাবে হয়? যেকোনো ম্যাচের প্রতিশোধ...ম্যাচ দিয়ে হয়...আর বিশ্বকাপের প্রতিশোধ বিশ্বকাপ দিয়েই হতে হবে...গ্রুপ ম্যাচ দিয়ে নয়...।
তানভীর শওকত: গতির ফুটবলের কাছে ‘টিকিটাকা’ ব্যর্থ।


আকসুও জানত!

দ্বিতীয় বিপিএলের আলোচিত ঢাকা গ্ল্যাডিয়েটরস বনাম চিটাগং কিংস এবং ঢাকা গ্ল্যাডিয়েটরস বনাম বরিশাল বার্নার্সের ম্যাচ দুটিতে যে স্পট ফিক্সিং হবে, সেটা আগে থেকেই জানতেন ওই সময় বাংলাদেশে উপস্থিত আকসুর কর্মকর্তারা। পাঠক মো. শাহ আলম লিখেছেন: বাংলাদেশের ক্রিকেটকে ধ্বংস করার জন্য এটা ছিল যৌথ প্রয়াস। আর আশরাফুল নামক নক্ষত্র হলো পরিস্থিতির শিকার। আমরা আশরাফুলের অব্যাহতি চাই। এক ক্রিকেট প্রতিভা এভাবে ঝরে যেতে পারে না।
সালেকিন: ভারতের দেখাদেখি বিপিএল চালু—কাজেই জুয়া ছাড়া হতেই পারে না।

(পাঠকের মন্তব্য বিস্তারিত পড়তে ও আপনার মতামত জানাতে ভিজিট করুন prothom-alo.com)