ক্রিকেটে 'বর্ণবাদ'!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টেস্ট ক্রিকেট নিয়ে তিন দেশের ‘ষড়যন্ত্র’ নিন্দনীয় হস্তক্ষেপ বলেই চিহ্নিত হবে। ক্রিকেট প্রশাসনে ভারত, অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের একচেটিয়া হওয়ার অভিলাষ বর্ণবাদী মনোভাবের সঙ্গেই তুলনীয়। শঙ্কাটা কেবল বাংলাদেশের টেস্ট স্ট্যাটাস নিয়ে নয়, আন্তর্জাতিক ক্রিকেটে বাণিজ্যিক বর্ণবাদ প্রতিষ্ঠিত হওয়া মানে ক্রিকেটের আত্মাকে মেরে ফেলা। এটা হতে দেওয়া যাবে না। লজ্জাকর, বিসিবি এমন আত্মঘাতী অবস্থান নিতে যাচ্ছিল!
বিশ্ব ক্রিকেটের তিন শক্তি নিজেদের চিরস্থায়ীভাবে পরাশক্তি বানাতে বিশ্ব ক্রিকেটকে উপনিবেশের স্তরে আটকে রাখতে চাইছে। তাদের প্রস্তাব গৃহীত হলে আইসিসিতে ‘সংখ্যালঘুর’ একনায়কত্ব কায়েম হবে এবং বাংলাদেশের মতো দেশগুলো ‘দ্বিতীয় শ্রেণীর’ দলে পরিণত হবে। এবং সুস্পষ্টতই বাংলাদেশের টেস্ট ক্রিকেট স্ট্যাটাস বাতিল হয়ে যাবে। তিন মোড়লের এই স্বৈরতান্ত্রিক অভিলাষ কোনোভাবেই গ্রহণীয় হতে পারে না।
বাংলাদেশের টেস্ট ক্রিকেটের স্ট্যাটাস কারও দান-খয়রাতে আসেনি, বাংলাদেশের ক্রিকেটপ্রাণ জনসাধারণের উৎসাহে জাতীয় ক্রিকেট দলের অধ্যবসায়ে তা অর্জিত হয়েছে। ক্রিকেটসহ ক্রীড়ার উৎকর্ষতা অর্জনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্যক্তিগত উদ্যোগ ও উৎসাহও লক্ষণীয়। সাবের হোসেন চৌধুরী বিসিবির দায়িত্বে থাকাকালে টেস্ট স্ট্যাটাস অর্জিত হয়ছিল। অথচ আজ কিনা তিনটি দেশের স্বঘোষিত আভিজাত্যের নীরব সমর্থক বনেছে বিসিবি!
বিশ্ব ক্রিকেটের নিয়ম বদলানোর এই ‘ছেলেখেলা’র বিরুদ্ধে দাঁড়ানোর দায়িত্ব ছিল বিসিবির। অথচ সংবাদ প্রকাশিত হয়েছে যে বিসিবি জেনেশুনেই বিষপানে সম্মতি দিতে যাচ্ছিল। এখন বাংলাদেশের ক্রিকেটপ্রেমী সর্বস্তরের মানুষের প্রতিবাদ তাদের টনকে ঘা দিচ্ছে। এই প্রস্তাব যাতে পাস না হতে পারে, তার জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে সহমর্মী দেশগুলোকে সঙ্গে নিয়ে জোর তৎপরতা চালাতে হবে। বিসিবির ওই বিতর্কিত সিদ্ধান্ত জনসমক্ষে প্রকাশ করতে হবে এবং অসাধু পরিকল্পনার পক্ষাবলম্বনকারীদের ক্ষতিকর সংস্পর্শ থেকে বাংলাদেশের ক্রিকেটকে মুক্ত করতে হবে।
পাশাপাশি তারা চায় আইসিসিসহ ক্রিকেট অঙ্গনের সব কমিটিতে তারাই হবে সর্বেসর্বা। আলোচ্য প্রস্তাবটি পাস হলে ওই তিন দেশ যোগ্যতার পরীক্ষা ও জবাবদিহির ঊর্ধ্বে চলে যাবে। টেস্টে নবাগত দেশগুলোর যোগ্যতা পরীক্ষার কথা বলা হলেও এর পেছনে রয়েছে মূলত বাণিজ্যিক স্বার্থ। মনে রাখতে হবে, ক্রিকেটের ইতিহাসে কোনো দেশের স্ট্যাটাস বাতিল হওয়ার নজির নেই।
১৯৯৬ সাল পর্যন্ত আইসিসিতে ইংল্যান্ডই ছিল একমাত্র দেশ, যার ভেটো দেওয়ার ক্ষমতা ছিল। কিন্তু ক্রিকেটপ্রাণ এশীয় লবির দেশগুলো অনেক সংগ্রাম করে এই বর্ণপ্রথা বাতিল করেছে। অথচ কী পরিহাস, ভারত এখন বিপরীত ভূমিকায়। বাংলাদেশের ক্রিকেট দল স্বল্প সময়ে সাফল্যের বিচারে বিশ্বমানের দল। দেশের স্বার্থকে প্রাধান্য দিয়ে ক্রিকেটে বর্ণবাদের বিরুদ্ধে দুর্বল বিসিবি নেতৃত্ব শক্ত অবস্থান নিতে পারবে, সেই ভরসা কম। এ কারণেই আমরা সরাসরি প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ দাবি করছি। বাংলাদেশের ক্রিকেটের মর্যাদা রক্ষা করতেই হবে।