প্রথম আলোর দুই কিস্তির প্রতিবেদনে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যে চিত্র তুলে ধরা হয়েছে, তাতে সেখানকার উপাচার্য মোটামুটি একজন খুদে একনায়কের ভূমিকায় অবতীর্ণ হয়েছেন। পদাধিকারবলে উপাচার্য সিনেট, সিন্ডিকেট, একাডেমিক কাউন্সিল, ফিন্যান্স কমিটি, পরিকল্পনা ও উন্নয়ন কমিটির সভাপতি পদে থাকার বিষয়টি মানা গেলেও বাকি ১৬টির প্রধান পদ আঁকড়ে থাকা কেবল অযৌক্তিক নয়, অনৈতিকও। আগে এসব কমিটির প্রধান পদে ছিলেন সহ-উপাচার্য ও জ্যেষ্ঠ শিক্ষকেরা। এসব কমিটির মধ্যে বিশ্ববিদ্যালয় অধিভুক্ত বিভিন্ন কলেজ, ইনস্টিটিউট, এমনকি বিদ্যালয়ও রয়েছে। তাঁর বিরুদ্ধে স্বজনপ্রীতি ও দলবাজিরও গুরুতর অভিযোগ রয়েছে, যে কারণে সরকার-সমর্থক শিক্ষকদের একাংশও তাঁর বিরুদ্ধে অবস্থান নিয়েছে।
কৌতূহলের বিষয় হলো, ২৩ হাজার শিক্ষার্থীর এই উচ্চশিক্ষা প্রতিষ্ঠানটির এতগুলো কমিটির পদ যিনি দখল করে আছেন, তাঁর নিয়োগটিও সম্পূর্ণ অস্থায়ী। ১৯৭৩ সালের অধ্যাদেশ অনুযায়ী সিনেট কর্তৃক নির্বাচিত তিনজনের প্যানেল থেকে আচার্য একজনকে উপাচার্য নিয়োগ দেবেন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সর্বশেষ নির্বাচিত উপাচার্য পেয়েছে ১৯৯১ সালে। ১৯৮৬ সালের পর এই বিশ্ববিদ্যালয়ের সিনেট নির্বাচন হয়নি, দুই যুগের গণতান্ত্রিক শাসনামলে ছাত্র সংসদ নির্বাচনেরও মুখ দেখেনি।
এই অবস্থায় অস্থায়ী নিয়োগ পাওয়া উপাচার্য ধরাকে সরা জ্ঞান করবেন, তাতে আশ্চর্য কি? উপাচার্য নির্বাচিত হলে অন্তত সিনেটের কাছে দায়বদ্ধ থাকতেন, এখন নিয়োগদাতা ছাড়া কারও প্রতিই তাঁর দায় নেই। সহকর্মী শিক্ষকদের ওজর–আপত্তিও তিনি আমলে নেওয়ার প্রয়োজন বোধ করেন না। ১৯৭৩ সালের অধ্যাদেশে বিশ্ববিদ্যালয়গুলোয় স্বায়ত্তশাসন দেওয়ার কথা থাকলেও কার্যত সর্বত্র উপাচার্যের শাসনই বহাল রয়েছে।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বিরুদ্ধে যেসব অনিয়ম-দুর্নীতি ও ক্ষমতা অপব্যবহারের অভিযোগ এসেছে, আমরা তার সুষ্ঠু তদন্ত ও প্রতিকার দাবি করছি। একই সঙ্গে ১৯৭৩ সালের অধ্যাদেশ অনুযায়ী নির্বাচিত উপাচার্য, নির্বাচিত সিনেট এবং নির্বাচিত ছাত্র সংসদ পাওয়া যে প্রতিষ্ঠানটির শিক্ষক ও শিক্ষার্থীদের মৌলিক অধিকার, সেই কথাটিও সরকারকে স্মরণ করিয়ে দিচ্ছি।