ক্ষমতাধর মহাপরিচালক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক যে মহাক্ষমতাধর, সে বিষয়ে বিন্দুমাত্র সন্দেহ নেই। আর সেই ক্ষমতাটি সঠিক সময়ে সঠিক জায়গায় প্রয়োগ না করে উল্টো প্রয়োগেই তিনি সিদ্ধহস্ত। মহিষ উন্নয়ন প্রকল্পের অধীনে ল্যাবরেটরি ভবন নির্মাণে ঠিকাদার নিয়োগে অনিয়ম–সম্পর্কিত খবর গত ২৭ জুন প্রথম আলোতে ছাপা হয়। এ ব্যাপারে প্রতিষ্ঠানটির প্রকল্প পরিচালক নূরুন্নাহারের বিরুদ্ধে অভিযোগ ছিল আর্থিকভাবে লাভবান হওয়ার ও পছন্দসই ঠিকাদারকে কাজ দেওয়ার। মহাক্ষমতাধর মহাপরিচালক অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া বা অভিযোগ তদন্ত না করে অভিযোগকারী উপসহকারী প্রকৌশলী মো. কেরামত আলীকে সাময়িক বরখাস্ত করেছেন। কারণ, তিনি নাকি বিএলআরআই (কর্মকর্তা–কর্মচারী) চাকরিবিধি লঙ্ঘন করে প্রতিষ্ঠানটির ভাবমূর্তি ক্ষুণ্ন করেছেন।
প্রতিষ্ঠানের যার বরাতেই প্রতিবেদন প্রকাশিত হোক না কেন, তার সত্যাসত্য কি মহাপরিচালক পরখ করে দেখেছেন? তদন্ত কমিটি করেছেন? সেটি করলে হয়তো কেঁচো খুঁড়তে গিয়ে সাপ বের হতো। তাই অভিযোগকারীর বিরুদ্ধে সেকেলে চাকরি প্রবিধানমালা ভঙ্গের অভিযোগ এনে উপসহকারী প্রকৌশলীকে সাময়িক বরখাস্ত করেছেন, যা সম্পূর্ণ বেআইনি ও অনৈতিক।
প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক আত্মপক্ষ সমর্থনের সুযোগ না দিয়ে কারও বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারেন না। দ্বিতীয়ত, একটি ন্যায়ভিত্তিক সমাজ গঠনের স্বার্থেই যিনি দুর্নীতি ও অনিয়মের তথ্য দেবেন, তাঁর সুরক্ষা ও নিরাপত্তা দেওয়া রাষ্ট্রের কর্তব৵। মহাপরিচালক নিজেও আইন ভঙ্গ করেছেন উপসহকারী প্রকৌশলীকে বক্তব্য প্রত্যাহার বা তাঁর প্রতিবাদ প্রথম আলোয় ছাপানোর শর্ত জুড়ে দিয়ে; যদিও তিনি প্রকাশিত খবর সম্পর্কে নিজে প্রথম আলোতে পাঠাননি। হয়তো প্রতিবাদ জানানোর জন্য যে নৈতিক সাহস থাকা দরকার, সেটা তঁার নেই।
এই অবস্থায় উপসহকারী প্রকৌশলী কেরামত আলীকে যে সাময়িক বরখাস্তের আদেশ দেওয়া হয়েছে, তা অবিলম্বে প্রত্যাহার করতে হবে। পরিচালক নূরুন্নাহারের বিরুদ্ধে আনীত অভিযোগের সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত হতে হবে। আর তদন্তে যদি ঠিকাদার নিয়োগে অনিয়ম ধরা পড়ে, তাহলে কার্যাদেশ বাতিলসহ সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার বিকল্প নেই।