অনলাইনে প্রথম আলো (prothom-alo.com) নিয়মিত পড়া হয় ১৯০টি দেশ থেকে। পড়ার পাশাপাশি পাঠকেরা প্রতিদিন রাজনীতি, অর্থনীতি, সমাজ, খেলাসহ বিভিন্ন বিষয়ে তাঁদের মতামত দেন। তাঁদের এ মতামত চিন্তার খোরাক জোগায় অন্যদের। গত কয়েক দিনে বিভিন্ন বিষয়ে পাঠকদের কিছু মন্তব্য ঈষৎ সংক্ষেপিত আকারে ছাপা হলো।
৪-০: ফল মোটেও অপ্রত্যাশিত নয়
দেশের চারটি নগরের নির্বাচনে বিএনপি-সমর্থিত মেয়র পদপ্রার্থীরা বিপুল ভোটে জয়ী হয়েছেন। এ নিয়ে কলাম লিখেছেন আনিসুল হক। তাঁর লেখার প্রতিক্রিয়ায় শফিক মন্তব্য করেছেন: বাংলাদেশের মানুষের মনোভাব এখনো পরিবর্তিত হয়নি; আগের মতোই রয়ে গেছে। জনগণ এক দলকে ক্ষমতায় আনার কয়েক দিন পরই বুঝতে পারে, আগেরটাই ভালো ছিল। পরেরবার তাই আগের দলকেই ক্ষমতায় ফিরিয়ে আনে। এভাবে ঘুরেফিরে একই কাজ চলে। এ থেকে মুক্তি পেতে সবাইকে এর বাইরে চিন্তা করতে হবে। চলমান খেলা বন্ধ করে নতুন ও যুগোপযোগী কাউকে ক্ষমতায় আনা উচিত।
রাসেল: শেয়ারবাজার ধসে গেছে। লাখ লাখ মানুষ সর্বহারা হয়েছে। ডেসটিনিতে দুর্নীতির অভিযোগ উঠেছে। পুরো দেশের মানুষের মুখে চুনকালি পড়েছে। এসবের সঙ্গে জনগণ দেখেছে, ক্ষমতাসীনেরা কী করে দ্রুত ধনী হয়ে যাচ্ছে। এ দেশে ভোটে জেতার জন্য কাউকে খুশি করতে হয় না। কারণ, একটি দল যদি জনগণকে বেশি অখুশি করে, তবে অন্য দল সহজেই নির্বাচনে জিতে যায়।
মাহফুজা বুলবুল: এ দেশের ভোটাররা কাউকে চিরদিনের জন্য দেশের ক্ষমতা দেন না। তাঁরা সব সময় চান, সরকারি দল যেন মনে রাখে ক্ষমতা চিরদিনের নয় এবং ক্ষমতার উৎস জনগণ, দলের নেতা-কর্মীরা নন।
চার সিটিতেই বিএনপির জয়
সিটি করপোরেশন নির্বাচনে শান্তিপূর্ণ ভোট গ্রহণ, ক্ষমতাসীন দলের মেয়র প্রার্থীদের পরাজয় ও বিরোধী দল-সমর্থিত প্রার্থীদের বিরাট জয়ের খবরে মতামত জানিয়ে মো. সাইফুল ইসলাম লিখেছেন: আশা করি, এবারের নির্বাচিত প্রার্থীরা সেটি অনুধাবন করে জনগণের প্রত্যাশানুসারে কাজ করবেন এবং ক্ষমতাসীনেরা নির্বাচনের মধ্য দিয়ে যে বার্তা পেল, তা খতিয়ে দেখে তারা তাদের ভুলগুলো সংশোধন করবে। নির্বাচিত নতুন মেয়রদের অভিনন্দন জানাই।
লুবাবা রহমান: আওয়ামী সরকার দেশের মানুষের সঙ্গে কারণে-অকারণে বেশি চালাকি করেছিল। নগর নির্বাচনের ফল হলো চালাকির ফল। জনগণ তা হাতেনাতে ফেরত দিল, ভবিষ্যতেও দেবে।
জাতীয় রাজনীতিতে নতুন বার্তা
নগর নির্বাচনের ফল জাতীয় রাজনীতিতে নতুন বার্তা নিয়ে এসেছে। এ সংবাদ বিশ্লেষণে মতামত জানিয়ে মনিরুজ্জামান লিখেছেন: এ ফল দেশের প্রধান দুই দলকে নিয়ে জনগণের হতাশার বহিঃপ্রকাশ। জনগণ নেতাদের কথার ফুলঝুরিতে বিভ্রান্ত হয়ে এক দলকে ভোট দেন, কিন্তু কিছুদিন পর সে আশা ভেঙে যায়, চার-পাঁচ বছর পরে অন্য দলকে ভোট দেন। গত ২০ বছরের রাজনৈতিক অবস্থা এটাই প্রমাণ করে।
জালাল আহমেদ: চট্টগ্রাম, কুমিল্লা ও নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের নির্বাচনে আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থীদের ভরাডুবির পর সরকার সতর্ক হচ্ছে, এমন একটা কথা কেবল শুনেই গেলাম। কিন্তু সরকার দিনের পর দিন জনগণের ভোগান্তি বাড়িয়ে চলেছে। নির্দলীয় সরকারের অধীনে জাতীয় নির্বাচন হলে, আওয়ামী লীগের অবস্থা গত নির্বাচনে বিএনপির যা হয়েছিল, তার চেয়ে খারাপ হবে।
বাংলাদেশের জন্য‘গণবিধ্বংসী অস্ত্র’!
সন্ত্রাসবিরোধী (সংশোধন) আইন সম্প্রতি সংসদে পাস হয়েছে। এর পরিপ্রেক্ষিতে মিজানুর রহমান খান তাঁর বিশ্লেষণী প্রতিবেদনে বিলটির উদ্দেশ্য ও প্রভাব আলোচনা করার চেষ্টা করেছেন। এতে প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন হালিম শাহ: আশির দশকে এরশাদবিরোধী আন্দোলনের সময় আওয়ামী লীগ-বিএনপি দুই দলই বলেছিল, তারা ক্ষমতায় গেলে ‘বিশেষ ক্ষমতা আইন’ বাতিল করবে। দুই দলই দুবার করে ক্ষমতায় ছিল, কিন্তু সে আইন বাতিল করেনি। এখন সরকার যে আইন করছে, সেটি তারই ধারাবাহিকতা।
শুভ্র আহমেদ: সমস্যা হলো, আইনটির অপপ্রয়োগের সম্ভাবনা। এ ছাড়া এই বিলের অনেক বিষয়ে আমি সমর্থন করি। ফেসবুক, স্কাইপ, টুইটার ও ইন্টারনেটের যে যথেচ্ছ ব্যবহার হচ্ছে, সেটি কি আমরা অস্বীকার করতে পারি? সম্প্রতি দেশে যে রক্তারক্তির ঘটনা ঘটে গেল, তার পেছনেও কি এসব মাধ্যমের দায় ছিল না?
মেহেদি হাসান: এখন তো মন্তব্য করতেই ভয় হচ্ছে। কী যে আছে কপালে!
(পাঠকের মন্তব্য বিস্তারিত পড়তে ও আপনার মতামত জানাতে ভিজিট করুন prothom-alo.com)