প্রাচীনকালে মুনি-ঋষিদের ধ্যান ভঙ্গ করলে তাঁদের অগ্নিদৃষ্টিতে ধ্যানভঙ্গকারীর ভস্ম হয়ে যাওয়ার ভয় ছিল। একালে মন্ত্রী-সাংসদদের বিরক্ত করার ফল অনুরূপ হতে পারে বলে দেখা যাচ্ছে! সাবেক গণশিক্ষা প্রতিমন্ত্রী মোতাহার হোসেনের অনিয়ম নিয়ে প্রতিবেদন করায় ২৩টি মামলায় জর্জরিত হচ্ছেন এক সাংবাদিক ও তাঁর আত্মীয়স্বজন। কথায় বলে, বাঘে ছুঁলে আঠারো ঘা। নতুন প্রবাদ হতে পারে, মন্ত্রীকে ছুঁলে ২৩ মামলা।
গত বৃহস্পতিবারের প্রথম আলোর সংবাদ থেকে বিপন্ন সাংবাদিক পরিবারের দুর্ভাগ্যের কথা জানা যায়। লালমনিরহাটের সাংবাদিক আবু সায়েম ২০১০ সালে ‘গণশিক্ষা প্রতিমন্ত্রীর নৈরাজ্য!’ শিরোনামে একটি সাপ্তাহিক পত্রিকায় প্রতিবেদন পাঠান। প্রতিবেদনে তাঁর নাম না থাকলেও মন্ত্রীর লোকজন সাংবাদিকের পরিচয় বের করে এবং সায়েম, তাঁর তিন ভাই, বোন, বোনজামাইসহ মামাদের বিরুদ্ধে একের পর এক মামলা দায়ের করে। সব মামলার দায়িত্বে হাতীবান্ধা থানার উপপরিদর্শক (এসআই) আনিসুর রহমান, যিনি আবার মন্ত্রীকে ধর্মপিতা বলে ভক্তি করেন। মামলা দায়েরকারী এবং সাক্ষীরাও বেশির ভাগ ক্ষেত্রে একই ব্যক্তি। নারী নির্যাতন, চাঁদাবাজি, বীজ ছিনতাইয়ের মতো বানোয়াট ও হাস্যকর সব অভিযোগে মামলা চলছে। মন্ত্রীর (সাবেক) চাপাচাপি সত্ত্বেও ১০টি মামলা এর মধ্যে মিথ্যা বলে আদালতে খারিজ হয়ে গেছে।
ক্ষমতাশালী ব্যক্তিদের দুর্নীতি-অপকর্মের বিরুদ্ধে সাধারণ মানুষের সাধ্য নেই যে প্রতিবাদ করে বা মামলা করে। বাকি ছিল সাংবাদিকতা। সংবাদকর্মীরাই সাহসী অনুসন্ধানের মাধ্যমে ক্ষমতার দৌরাত্ম্যের বিরুদ্ধে গণতন্ত্র এবং ন্যায়ের চর্চা চালিয়ে যান। বলতে কোনো দ্বিধা নেই, সাংবাদিকদের মধ্যেও সুবিধাভোগী ও অসৎ ব্যক্তি রয়েছেন। বেশির ভাগ ক্ষেত্রে সুবিধাবাদীরা নন, ক্ষমতার অগ্নিদৃষ্টির শিকার হন আপসহীন মানুষেরাই। সারা দেশে বিভিন্নভাবে সাংবাদিকদের হয়রানি, নির্যাতন ও নিষ্পেষণ পরিস্থিতির অবনতিরই প্রমাণ।
এক পক্ষ ক্ষমতায় থেকে আরেক পক্ষ ক্ষমতায় এসে সাংবাদিকদের শায়েস্তা করার মনোভাব পুষে রাখে। সাংবাদিকতা, মতপ্রকাশ হলো যেকোনো সমাজের জানালার মতো। এই জানালা বন্ধ করে দিলে ক্ষমতা যেমন বেপরোয়া হয়ে উঠবে, তেমনি দেশের মানুষ হারাবে দৃষ্টি ও কণ্ঠ। সাংবাদিক সমাজকে দলন-পীড়ন বন্ধ করার এ দায়িত্ব সরকারেরই।