বাংলাদেশ একটি বহু ভাষা, বহু জাতি, বহু সংস্কৃতি ও ধর্মে সমৃদ্ধ বৈচিত্র্যপূর্ণ একটি দেশ। সাংবিধানিকভাবে ‘বাংলা ভাষা’ এ দেশের একমাত্র রাষ্ট্রভাষা। তবে এ দেশে বাংলা ভাষাভাষী ছাড়াও আরও জাতিসত্তা রয়েছে, যাদের মাতৃভাষা বাংলা নয়। এ জাতিগোষ্ঠীগুলোর ভাষা সাংবিধানিকভাবে স্বীকৃত না হলেও তারা তাদের নিজস্ব মাতৃভাষাকে চর্চার মাধ্যমে দীর্ঘকাল ধরে সংরক্ষণ করে আসছে।
১৯৯৯ সালের ১৭ নভেম্বর ইউনেসকো ২১ ফেব্রুয়ারিকে ‘আন্তর্জাতিক মাতৃভাষা দিবস’ হিসেবে ঘোষণা দেয়। এ ঘোষণার মধ্য দিয়ে মহান একুশের তাৎপর্য বিশ্বব্যাপী আন্তর্জাতিক স্বীকৃতি পায়। তাই একসময় যে দিবসটি শুধু বাঙালি জাতির শহীদ দিবস হিসেবে পালিত হতো, আজ সেটি আন্তর্জাতিক দিবস হিসেবে সারা বিশ্বে পালিত হয়ে থাকে। এ স্বীকৃতির মাধ্যমে মহান একুশ কেবল আর বাঙালির নয়, সমগ্র বিশ্বের সব মানবজাতির ভাষার প্রতীকে পরিণত হয়েছে।
২০০১ সালে বিশ্বের সব জাতির পক্ষে জাতিসংঘের তৎকালীন মহাসচিব কফি আনানের উপস্থিতিতে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। এ ইনস্টিটিউটের মূল লক্ষ্য হলো, পৃথিবীর বিকাশমান ও বিলুপ্তপ্রায় ভাষাগুলোর মর্যাদা ও অধিকার রক্ষায় গবেষণা করা। দেশ ও বিশ্বের বিলুপ্তপ্রায় ভাষা সংরক্ষণের লক্ষ্যে ইতিমধ্যে ‘আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট আইন, ২০১০’ প্রণীত হয়েছে।
নবম সংসদীয় সরকারের আমলেই চাকমা, মারমা, ত্রিপুরা, গারো, সাদরি ও সাঁওতাল ভাষায় ২০১৪ সাল থেকে প্রাক-প্রাথমিক পর্যায়ে মাতৃভাষায় শিক্ষা কার্যক্রম শুরু করার কথা থাকলেও উল্লিখিত ভাষায় পাঠ্যপুস্তক তৈরি না হওয়ায় এ কার্যক্রম শুরু করা যায়নি। এ প্রকল্পের আওতায় ছয়টি ভাষায় শিক্ষা কার্যক্রম পরিচালিত হওয়ার কথা থাকলেও সাঁওতাল ভাষায় হরফ ব্যবহার নিয়ে বিতর্ক থাকায় সাঁওতালি ভাষায় শিক্ষা কার্যক্রমটি আপাতত স্থগিত রেখে বাকি পাঁচটি ভাষায় পাঠ্যপুস্তক প্রণয়নের কাজ চলছে। এ লক্ষ্যে সরকারিভাবে পাঁচটি লেখক কমিটিও গঠিত হয়েছে।
চাকমা ও মারমা ভাষার নিজস্ব বর্ণমালা আছে, তাই এ ভাষাগুলো সাক্ষর ভাষা। উল্লেখ্য, ২০১২ সালের মে মাসে তরুণ প্রকৌশলী জ্যোতি চাকমার নেতৃত্বে চাকমা বর্ণমালার সবচেয়ে জনপ্রিয় ফন্ট ‘আলাম’ উন্মুক্ত করা হয়, এবং পরবর্তী সময়ে ‘রিবেং ইউনি’ নামে চাকমা ইউনিকোড ফন্ট নির্মাণ করে প্রকৌশলী জ্যোতি চাকমা বর্ণমালাকে বিশ্বের দুয়ারে সহজে পৌঁছে দেওয়ার পথটি প্রশস্ত করেন। ‘রিবেং ইউনি’র উদ্ভাবন শুধু চাকমা ভাষাকে নবরূপ দেয়নি, একই সঙ্গে চাকমা ভাষার গৌরবকে এটি বাঁচিয়ে রাখবে। এটি বাংলাদেশে ইউনিকোডে প্রবেশের দ্বিতীয় লিপি, প্রথমটি বাংলালিপি।
ত্রিপুরা, বম, খুমী, পাংখো ও লুসাই সম্প্রদায় রোমান হরফ ব্যবহার করে। মেনলে ম্রো ১৯৮৫ সালে ম্রোদের হরফ প্রবর্তন করে ১৯৮৬-৮৭ সালে ম্রো ভাষা শিক্ষাকেন্দ্র চালু করেন। উল্লেখ্য, পার্বত্য চট্টগ্রামে বসবাসরত ক্ষুদ্র জাতিসত্তাগুলোর মধ্যে ম্রো সম্প্রদায় সবচেয়ে পিছিয়ে থাকা জনগোষ্ঠী হলেও মাতৃভাষায় তারাই সবচেয়ে বেশি শিক্ষিত। এ ছাড়া চাক সম্প্রদায়ের ক্ষেত্রে দেখা যায়, মমং চাক বার্মিজ বর্ণমালার আদলে চাক বর্ণমালা তৈরি করেছেন, যা এখনো পরিপূর্ণভাবে বিকাশ লাভ করেনি।
অন্যদিকে, সমতলের ক্ষুদ্র জাতিসত্তাগুলোর দিকে তাকালে আমরা দেখি, উত্তরবঙ্গের ওঁরাও সম্প্রদায় কুরুখ ভাষা ও সিরাজগঞ্জ থেকে রাজশাহী অঞ্চলের ওঁরাওরা সাদরি ভাষা ব্যবহার করে। যারা কুরুখভাষী, তারা সাদরি ভাষায় কথা বলতে পারলেও সব সাদরিভাষী কিন্তু কুরুখ ভাষা জানে না। অন্যদিকে, মুন্ডারাও সাদরি ভাষায় কথা বলে। কুরুখ ও সাদরিভাষীরা লেখার মাধ্যম হিসেবে বাংলা হরফ ব্যবহার করে থাকে।
মণিপুরি বিষ্ণুপ্রিয়া ও মৈতৈদের ভাষা ভিন্ন হলেও উভয় দল বাংলা হরফের মাধ্যমে নিজেদের ভাষার লিখিত রূপ দিয়ে থাকে। বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের গারো সম্প্রদায়ের ভাষা সবচেয়ে বৈচিত্র্যে ভরা। তাদের ১৩টি গোত্রের প্রত্যেকের রয়েছে আলাদা আলাদা আঞ্চলিক ভাষা। তবে ‘আচিক’ হচ্ছে তাদের প্রমিত রূপ এবং তারা রোমান হরফ ব্যবহার করে। হাজংরা লেখার মাধ্যম হিসেবে বাংলা ব্যবহার করলেও খাসিয়ারা রোমান হরফ ব্যবহার করে থাকে।
উপরিউক্ত সংক্ষিপ্ত পর্যালোচনা থেকে এটি পরিষ্কার যে এ দেশে বাংলাভাষী ভিন্ন অন্য জাতিসত্তাগুলোর নিজস্ব ভাষা ও কতক ক্ষেত্রে হরফও রয়েছে। কিন্তু এযাবৎ তাদের ভাষা ও হরফ নিয়ে উল্লেখযোগ্য কোনো গবেষণা ও সংরক্ষণের উদ্যোগ সরকারিভাবে নেওয়া হয়নি। তবে আশার বিষয় হলো, আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট প্রতিষ্ঠার পর থেকে বাংলার পাশাপাশি এ দেশের ক্ষুদ্র জাতিসত্তাগুলোর ভাষা বিকাশের জন্যও কাজ শুরু করে দিয়েছে। এ কর্মসূচির অংশ হিসেবে ইতিমধ্যে বৃহত্তর সিলেটের মৌলভীবাজার জেলার ক্ষুদ্র জাতিসত্তাগুলোর ভাষা পরিস্থিতি নিয়ে একটি গবেষণাধর্মী কাজ সম্পন্ন হয়েছে।
এ ছাড়া ক্ষুদ্র জাতিসত্তাগুলোর ভাষা সংরক্ষণ ও বিকাশের লক্ষ্যে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের উদ্যোগে ‘নৃভাষা বৈজ্ঞানিক সমীক্ষা’ শুরু হতে যাচ্ছে এ বছরের মার্চ মাস থেকে; যে কর্মসূচির সঙ্গে যুক্ত থাকবেন বাংলাদেশের ভাষাতাত্ত্বিক ও নৃবিজ্ঞানীরা। এ কর্মসূচির মাধ্যমে এ দেশে বসবাসরত ক্ষুদ্র জাতিসত্তাগুলোর ভাষা, উচ্চারণ, বর্ণমালা, ভাষার বৈশিষ্ট্য, ইতিহাস ও ঐতিহ্য সম্পর্কে মাঠপর্যায় থেকে তথ্য ও উপাত্ত সংগ্রহ করে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে সংরক্ষণের ব্যবস্থা গ্রহণ করা হবে।
অনেকের মতে, আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট দ্বারা পরিচালিত এ সমীক্ষাটি সফলভাবে সম্পন্ন হলে এ দেশের ক্ষুদ্র জাতিসত্তাগুলোর ভাষা অধিকার রক্ষার একটি ক্ষেত্র তৈরি হবে। আজ সেই ক্ষণ এসেছে দীর্ঘদিন ধরে অবহেলিত এ দেশের ক্ষুদ্র জাতিসত্তাগুলোর মাতৃভাষা সংরক্ষণ ও বিশেষ মর্যাদা প্রদানের।
পুলক চাকমা: সহকারী পরিচালক, আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট।
[email protected]