বাংলাদেশকে ক্ষুধামুক্ত করার পথে আমাদের অগ্রগতি উৎসাহব্যঞ্জক। এই পথে গত এক বছরে আমরা ১০ ধাপ এগিয়েছি বলে সাক্ষ্য দিচ্ছে ২০১৩ সালের বৈশ্বিক ক্ষুধাসূচক বা গ্লোবাল হাঙ্গার ইনডেক্স (জিএইচআই)। ইন্টারন্যাশনাল ফুড পলিসি রিসার্চ ইনস্টিটিউট (আইএফপিআরআই), কনসার্ন ওয়ার্ল্ডওয়াইড ও ওয়েলথাংগারহিলফ নামের তিনটি আন্তর্জাতিক প্রতিষ্ঠানের যৌথ উদ্যোগে তৈরি বৈশ্বিক ক্ষুধাসূচক অনুযায়ী বাংলাদেশ এখন বিশ্বের ৫৮তম দেশ, যেখানে ক্ষুধা এখনো বড় জাতীয় সমস্যা।
২০১২ সালের প্রতিবেদনে বৈশ্বিক ক্ষুধাসূচকে বাংলাদেশের অবস্থান ছিল ৬৮তম। এক বছরে ১০ ধাপ অগ্রগতি নিঃসন্দেহে উৎসাহব্যঞ্জক। তবে ওই প্রতিবেদনেরই মন্তব্য হলো, বাংলাদেশের ক্ষুধা-পরিস্থিতি এখনো গুরুতর। প্রতিবেদনটিতে আরও খারাপ দুটি ধাপের একটি হলো অ্যালার্মিং, অন্যটি অর্থাৎ সবচেয়ে খারাপ ধাপটি হলো এক্সট্রিমলি অ্যালার্মিং বা অতিশয় আশঙ্কাজনক। এই চরম অবস্থানে রয়েছে আফ্রিকার হতদরিদ্র দেশ ইরিত্রিয়া।
বাংলাদেশ আশঙ্কাজনক বা অতিশয় আশঙ্কাজনক অবস্থানে না থাকলেও আমাদের অস্বীকার বা উপেক্ষা করার সুযোগ নেই যে এ দেশের ক্ষুধা-পরিস্থিতি গুরুতর। কারণ, যে তিনটি সূচকের ভিত্তিতে বৈশ্বিক ক্ষুধাসূচক প্রতিবেদন তৈরি করা হয়, সেগুলোর প্রতিটি ক্ষেত্রেই বাংলাদেশের পরিস্থিতি এখনো নাজুক রয়ে গেছে। বিষয় তিনটি হলো: পুষ্টিহীনতা, শিশুদের ওজন স্বাভাবিকের চেয়ে কম হওয়া ও শিশুমৃত্যুর হার। পর্যাপ্ত খাদ্যের অভাবই যে আমাদের শিশুদের পুষ্টিহীনতা, স্বল্প ওজন ও অকালমৃত্যুর প্রধান কারণ, তা অনেক আলোচিত বিষয়। খাদ্য-পরিস্থিতির উন্নতি ঘটছে বটে, এ দেশে কেউ এখন আর অনাহারে মারা যায় না বলে সরকারের তরফ থেকে গর্ব করা হয় বটে, কিন্তু ক্ষুধামুক্ত বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়নের জন্য আমাদের আরও অনেক পথ পাড়ি দিতে হবে। সেই পাড়ি দেওয়া ঢিমে-তেতালায় হলে চলবে না, কারণ খাদ্য মানুষের মৌলিকতম অধিকারগুলোর মধ্যে প্রধান। পর্যাপ্ত খাদ্যের অভাবে যত দিন পর্যন্ত একটি শিশুও পুষ্টিহীনতা কিংবা অকালমৃত্যুর শিকার হচ্ছে, তত দিন পর্যন্ত আমাদের খাদ্য-পরিস্থিতির অগ্রগতি নিয়ে স্বস্তি পাওয়ার কিছু নেই।
বাংলাদেশকে ক্ষুধামুক্ত করার প্রক্রিয়া অবশ্যই আরও ত্বরান্বিত করা সম্ভব। সে জন্য প্রয়োজন দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির উচ্চ হারের সঙ্গে সামঞ্জস্যপূর্ণভাবে সম্পদের বণ্টন নিশ্চিত করা। ক্ষুধার্তের অগ্রাধিকারকে দিতে হবে সর্বাধিক গুরুত্ব।