সুবিদিত যে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে তাঁদের দলেরই নেত্রী সেলিনা হায়াৎ আইভীর কাছে শোচনীয় পরাজয়ের পর থেকেই শামীম ওসমান প্রতিশোধ নিতে শুরু করেন। বিনা প্রতিদ্বন্দ্বিতায় সাংসদ নির্বাচিত হওয়ার পর তাঁর প্রতিশোধস্পৃহা আরও বেড়ে গেছে বলেই প্রতীয়মান হয়।
সিটি করপোরেশন যেন লামাপাড়া এলাকায় ময়লা না ফেলে, সে জন্য সম্প্রতি শামীম ওসমান সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যানকে নির্দেশ দিয়েছেন। এখানে আগে থেকেই ময়লা ফেলা হতো। কিন্তু এখন নাকি চলবে না। এদিকে চেয়ারম্যান বলছেন, একজন সিটি মেয়রকে তিনি এ রকম চিঠি দিতে পারেন না। তা ছাড়া লামাপাড়া এলাকাটি তাঁদের ইউনিয়নের আওতাভুক্ত নয়, এটা করপোরেশনেরই জায়গা।
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের দৈনন্দিন ময়লা-আবর্জনা ফেলার স্থান পাওয়া যাচ্ছে না। জেলা প্রশাসকের কাছে খাস জমির বরাদ্দ চেয়েও পাওয়া যায়নি। সেখানে প্রত্যাখ্যাত হয়ে করপোরেশন নগরের বাইরে একটি জমি অধিগ্রহণের অনুমোদনের জন্য রাজউকের কাছে অনাপত্তির আবেদন করে। সেটা যায় মন্ত্রিসভা কমিটিতে। সেখানেই এর ইতি। এরপর নিজস্ব অর্থায়নে ব্যক্তিমালিকানাধীন একখণ্ড জমি কেনার অনুমতি চায় করপোরেশন। কিন্তু স্থানীয় সরকার মন্ত্রণালয় এখনো এ বিষয়ে সম্মতি দেয়নি। এভাবে বর্জ্য ব্যবস্থাপনার জন্য আলাদা স্থান না পেয়ে করপোরেশন আগের জায়গা লামাপাড়াতেই ময়লা ফেলছিল। নাগরিক কমিটির অভিযোগ, সিটি করপোরেশন যেন নারায়ণগঞ্জকে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে না পারে, সে জন্যই শামীম ওসমান কলকাঠি নেড়ে চলেছেন।
সিটি করপোরেশন নামাপাড়ায় ময়লা ফেলতে চায় না, কারণ এর অদূরে আন্তর্জাতিক ক্রিকেট ভেন্যু। কিন্তু বিকল্প জায়গাও তাদের দেওয়া হচ্ছে না। বর্জ্য ব্যবস্থাপনার জন্য এশীয় উন্নয়ন ব্যাংক থেকে করপোরেশন ২৫ কোটি টাকার তহবিল পেয়েছে। নারায়ণগঞ্জের ময়লা ও বর্জ্য থেকে কম্পোস্ট সার ও বায়োগ্যাস প্ল্যান্ট তৈরির ব্যবস্থা হতে পারে ওই প্রকল্পের মাধ্যমে। কিন্তু জায়গা না পাওয়ায় কিছুই করা যাচ্ছে না।
কয়লা না ছাড়ে ময়লা, নারায়ণগঞ্জের চিহ্নিত প্রতাপশালী নেতা যেন এর জ্বলন্ত প্রমাণ! নাগরিকদের ময়লা-আবর্জনার মধ্যেই থাকতে বাধ্য করার এই অপতৎপরতা বন্ধ করা না হলে এর দায় সরকারের ওপরই বর্তাবে। স্থানীয় সরকার মন্ত্রণালয় কি এখনো চোখ বন্ধ করে থাকবে?