গতকাল শনিবার প্রথম আলোয় প্রকাশিত নাটোর সদর উপজেলার চন্দ্রকোলা সর্বজনীন নতুন মন্দিরের সাতটি প্রতিমা ভাঙার খবরটি ছোট। কিন্তু উদ্বেগের মাত্রা বড়। আমরা উদ্বিগ্ন এ কারণে যে প্রতিমা ভাঙচুরের ঘটনা কেবল নাটোরেই সীমাবদ্ধ নেই। এর আগে রংপুর, ময়মনসিংহ, গোপালগঞ্জ, খুলনা, সিরাজগঞ্জ, নেত্রকোনারও বিভিন্ন স্থানে পূজামণ্ডপে হামলা হয়েছে বলে পূজা উদ্যাপন পরিষদের সূত্রে জানানো হয়েছে। এই যে বিভিন্ন স্থানে প্রতিমা ভাঙচুরের ঘটনা ঘটল, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তার বিরুদ্ধে কী ব্যবস্থা নিয়েছে? তারা কজন দুর্বৃত্তকে পাকড়াও করেছে?
হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় অনুষ্ঠান শারদীয় দুর্গোৎসব সামনে রেখে এখন সারা দেশে চলছে প্রস্তুতি। এই সময়ে কোথাও অঘটন ঘটলে হিন্দুধর্মাবলম্বীদের মধ্যে ভয়ভীতি ও নিরাপত্তাহীনতা দেখা দেওয়া অস্বাভাবিক নয়। এ ব্যাপারে সরকার বা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দায়িত্ব আছে। সংবিধান অনুযায়ী প্রত্যেক নাগরিকের ধর্ম পালনের অধিকার আছে। এ ব্যাপারে সরকারের পাশাপাশি সংখ্যাগুরু সম্প্রদায়েরও দায়িত্ব আছে, সংখ্যালঘুরা যাতে নির্বিঘ্নে ধর্মীয় আচারাদি পালন করতে পারে, সেই নিশ্চয়তা তাদের দিতে হবে।
এ প্রসঙ্গে কক্সবাজারের রামুতে বৌদ্ধ সম্প্রদায়ের বাড়িঘর ও উপাসনালয়ে সহিংস তাণ্ডবের ঘটনাটির কথাও উল্লেখ করতে হয়। ঘটনার এক বছর পার হলেও দুর্বৃত্তদের বিচারে সোপর্দ করা যায়নি, এটি রাষ্ট্রের ব্যর্থতা। রামুর ভেঙে যাওয়া উপাসনালয়গুলো নির্মাণ করে সরকার প্রশংসনীয় কাজই করেছে। কিন্তু এত দিনেও হামলাকারীদের কেন তারা ধরতে পারল না?
নাটোরের চন্দ্রকোলাসহ বিভিন্ন স্থানে যেসব প্রতিমা ভাঙচুর করা হয়েছে, সেগুলো অবিলম্বে নির্মাণ করে দেওয়ার পাশাপাশি সব পূজামণ্ডপে অভয় পরিবেশ সৃষ্টির জন্য সরকারের প্রতি জোর দাবি জানাই। একই সঙ্গে দেশের আর কোথাও একটি পূজামণ্ডপেও যাতে হামলা না হয়, সে ব্যাপারে সরকারকে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে। হামলাকারীদের ধরে কঠোর শাস্তি দিতে হবে। অন্যথায় বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ—এই কথা বলে আত্মতৃপ্তির সুযোগ নেই।