খয়ের খাঁরা হিতার্থী নয় পরগাছা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আমাদের মেয়েদের পিঠেই পুলিশের পদাঘাত
আমাদের মেয়েদের পিঠেই পুলিশের পদাঘাত

আমরা সাধারণ নাগরিকেরা এতটা আহাম্মক নই যে আশা করব প্রজাতন্ত্রের সব কর্মকর্তাই সম্পূর্ণ সৎ হবেন। অল্পস্বল্প অসততা ও কিছু দুর্নীতি যে তাঁরা করবেন, সেটাকেই আমরা নিয়তি হিসেবে মেনে নিয়েছি। তবে জনগণ আশা করে, কর্মকর্তারা হবেন দক্ষতাসম্পন্ন, কর্তব্য পালন করবেন পেশাদারির সঙ্গে এবং ক্ষমতাসীন দলের লোকদের একটু বেশি খাতির করলেও মোটের ওপর নিরপেক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করবেন। আমাদের ধারণা, প্রত্যেক সরকারি কর্মকর্তা-কর্মচারী জানেন তাঁদের বেতন-ভাতা সরকারি দলের লোকেরা দেন না। তাঁদের বেতন-ভাতা দেন জনগণ। জনগণ বলতে সরকারি দলকে যাঁরা ভোট দিয়েছেন শুধু তাঁরা নন, সরকারি দলের বিরুদ্ধে যাঁরা তাঁরাও, এমনকি রাস্তাঘাটে যারা শিশিবোতল ও কাগজ কুড়ায়, তারাও এবং চোর-ছ্যাঁচড় পর্যন্ত। সুতরাং যখন দায়িত্ব পালন করবেন তখন তাঁদের স্মরণ রাখা উচিত, জনগণের নুন যখন খাচ্ছেন এবং বউ-ছেলেমেয়েকে খাওয়াচ্ছেন, তখন জনগণের সঙ্গে নিমকহারামি করা অনৈতিক এবং ক্ষমতাসীনদের খয়ের খাঁগিরি করা ঘোরতর অন্যায়।
গত সোমবার চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে উদ্দেশ করে বলেছেন, ‘ধৈর্য ধরুন, ধৈর্য ধরুন। নির্দিষ্ট সময় পর পর নির্বাচন হবে। সে নির্বাচনে জিতলে ক্ষমতায় যাবেন। জনগণ তখন আপনার কথা শুনবে। আমরাও তখন আপনার নির্দেশমতো কাজ করব।’ তিনি পরিষ্কার বলে দিয়েছেন, এই সরকার সব মানুষের সরকার নয়, তাঁর এবং তাঁদের মতো কিছু মানুষের সরকার। আবদুল সাহেবের ভাষায়, ‘আমার সরকার গণতান্ত্রিক সরকার। হাঁটি হাঁটি পা পা করে আমরা গণতন্ত্রের শীর্ষে অবস্থান করছি। পুলিশকে ঢিল মারা, গাড়িতে আগুন দেওয়া গণতন্ত্রের লক্ষণ নয়।’ এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে তিনি সবার প্রতি আহ্বান জানান। [সমকাল, ৯ ডিসেম্বর]
পুলিশ কমিশনার জনাব আবদুল আরও বলেন, ‘অনেক ঝড়ঝাপটা পেরিয়ে এ সরকারের যাত্রা শুরু হয়েছে। একটি নির্বাচনের মাধ্যমেই তারা এসেছে। এই নির্বাচন নিয়ে বিতর্ক থাকতে পারে। সব নির্বাচন নিয়েই বিতর্ক ছিল। ভালো যত কাজ আছে সেখানেও বিতর্ক আছে। দেশ এগিয়ে যাচ্ছে। উন্নতির হাতিকে কিছু দুষ্কৃতকারী পেছনের দিক থেকে টেনে ধরতে চাচ্ছে। তারা উন্নতির এই হাতিকে আটকাতে পারবে না।’ তিনি হুঁশিয়ার করে বলেন, ‘কেউ যদি পুলিশের দিকে ঢিল ছোড়ে, পুলিশের লাঠি তাদের জন্য প্রস্তুত রয়েছে।’
কোনো পুলিশ অফিসারের যে গণতন্ত্র সম্পর্কে এমন প্রগাঢ় ধারণা, সে ধারণা আমাদের ছিল না। গত নির্বাচন, সংসদ, সরকার গঠন, বিরোধী দল সম্পর্কেও তাঁর জ্ঞান অত্যন্ত স্বচ্ছ। তবে একটি বাড়তি কাজ করেছেন তা হলো, নির্বাচন করেননি, সংসদে নেই, সরকারে নেই, রাজপথে নেই, ঘরের মধ্যে বসে আছেন যে বেগম খালেদা জিয়া, তাঁকে না টানলেও পারতেন। তিনি ধৈর্য ধরবেন কি ব্যাকুলতা নিয়ে ছটফট করবেন, সেটা তাঁর ওপরেই ছেড়ে দেওয়া ভালো। নির্দিষ্ট সময়ের পর পর যে নির্বাচন হবে, সে কথা বেগম জিয়া না জানলেও প্রাপ্তবয়স্ক সব ভোটারই জানেন। বিএনপির নেত্রী এটাও নিশ্চয়ই জানেন যে নির্বাচনে না জিতলে ধাক্কাধাক্কি করে সংসদ ভবনে ঢোকা সম্ভব নয় এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের ত্রিসীমানায়ও যেতে পারবেন না। এ সম্পর্কে তাঁর প্রতি পুলিশি নির্দেশ ও উপদেশ বিতরণের প্রয়োজন ছিল না।
কমিশনার মহোদয়ের ভাষা সুললিত ও অলংকারবহুল। তিনি উপমা-উৎপ্রেক্ষা দিয়ে বক্তব্য খোলাসা করেন। বর্তমান সরকারের করা উন্নয়নকে তিনি হাতির সঙ্গে তুলনা করেছেন। সেই হাতির প্রকাণ্ড শরীরের তুলনায় একটি ছোট লেজ আছে। সেই লেজ ধরে যাঁরা টানাটানি করছেন তাঁদের তিনি বলেছেন দুষ্কৃতকারী। তবে তিনি প্রচণ্ড আশাবাদী যে লেজ ধরে টানাটানিতে হাতির দ্রুতবেগে সামনে এগিয়ে যাওয়া আটকাতে পারবে না কেউ।
পুলিশের লাঠি প্রস্তুত থাকার কথা তিনি বলেছেন, কিন্তু পায়েতে প্রস্তুত বুটের কথা তিনি বলেননি। যে বুটের আঘাত আমরা প্রত্যক্ষ করছি প্রায়ই। কমিশনার মহোদয় যেদিন লাঠি নিয়ে তাঁর বাহিনীর প্রস্তুত থাকার কথা ঘোষণা করেছেন, তার আগের দিনই রাজধানীর শাহবাগ মোড়ে হতভাগিনীদের পিঠ বুটের আঘাতে থেঁতলে যায়। তাঁরা বিশ্ববিদ্যালয়ে দ্বিতীয়বার ভর্তি পরীক্ষার সুযোগের দাবিতে বিক্ষোভ করছিলেন। ওই আন্দোলনকারীরা বহুবার আমার সঙ্গে যোগাযোগ করে আমাকে সমর্থন জানানোর অনুরোধ করেছেন। তাঁদের বলেছি, তোমরা উচ্ছৃঙ্খল আচরণ কোরো না, শান্তিপূর্ণভাবে দাবি জানাতে থাকো, যথাযথ কর্তৃপক্ষকে বিচার-বিবেচনা করে সিদ্ধান্ত নিতে দাও। তাঁরা বলেছেন, শহীদ মিনার থেকেও লাঠিপেটা করে তাঁদের তাড়ানো হয়েছে। সেখানে গিয়ে কর্তব্যরত পুলিশ কর্মকর্তাদেরও বিনীত অনুরোধ করেছি, ছেলেমেয়ের গায়ে হাত তুলবেন না। পত্রিকায় ও টিভি চ্যানেলে যে ছবি দেখেছি তাতে ধারণা করি, পদাঘাতে মেয়েটির মেরুদণ্ডে যে আঘাত লেগেছে, তাতে ওর হাড়ে স্থায়ী ক্ষতি হয়েছে। গত কয়েক দিনের মধ্যে বরিশালসহ কোনো কোনো বিশ্ববিদ্যালয়েও ছাত্রীদের বুকে-পিঠে পদাঘাত করতে দেখেছি। এই যে প্রায়ই মেয়েদের লাথি মেরে আহত করা হয়, এ যেন আমাদের মেয়েদের পিঠেই পুলিশের পদাঘাত। পুলিশও কোনো মায়ের পেটেই জন্মেছে। বাংলার মেয়েরা গত কয়েক বছরে যত লাথি খেয়েছে, মানবজাতির ইতিহাসে আর কোথাও কোনো দিন এত পদাঘাতের ঘটনা ঘটেনি।
বেসরকারি টিভি চ্যানেলের টক শোগুলো খুবই শিক্ষণীয়। গণতান্ত্রিক সংস্কৃতি নির্মাণে টক শোর ভূমিকা গণতান্ত্রিক বিশ্বে স্বীকৃত। তাতে অংশগ্রহণকারী দু–একজন যদি দায়িত্বজ্ঞানহীন উক্তি করেন, তাতে কিছু যায়–আসে না। টিভি চ্যানেলগুলোর কর্তৃপক্ষের কাণ্ডজ্ঞান সমাজের কোনো পেশার মানুষের চেয়ে কম নয়। জাতীয় গুরুত্বপূর্ণ বিষয়ে টক শো জনমত গঠনে বিরাট ভূমিকা পালন করছে। যেখানে সংসদ অকার্যকর সেখানে টক শোর ভূমিকা বিরাট। কিন্তু মহাজোটের নেতারা টক শো ও টিভি চ্যানেলের ওপর মহাখাপ্পা। লতিফ সিদ্দিকী টক শোতে অংশগ্রহণকারীদের ‘টকমারানি’ বলে অভিহিত করেছেন। তিনি এখন সে জন্য নয়, অন্যান্য অভিযোগে জেলের মোটা চালের ভাত খাচ্ছেন। কমিশনার আবদুল সাহেব টকমারানির চেয়ে ভালো শব্দ ব্যবহার করেছেন। তাঁর ভাষায়, ‘যারা বিভিন্ন চ্যানেলে টক শোতে অংশগ্রহণ করেন তাঁরা বাকজীবী ও জ্ঞানপাপী। যাঁরা মধ্যরাতে বিভিন্ন চ্যানেলে অহেতুক কথা বলে বেড়ান, তাঁরা জাতিকে বিভ্রান্ত করেন। তাঁরা দুই হাজার টাকার বিনিময়ে কথা বিক্রি করেন।’ তিনি জনগণকে অর্ডার দিয়েছেন, ‘তাঁদের কথা শুনবেন না।’
কমিশনার মহোদয় নাম ধরে বিএনপি-সিপিবি-বাসদ-নাগরিক ঐক্য প্রভৃতির টক শোতে অহেতুক কথার ফেরিঅলা নেতাদের জ্ঞানপাপী বললেই ভালো করতেন। কিন্তু তিরস্কার করেছেন গয়রহ। ডিটেকটিভদের দিয়ে তদন্ত করালেই তিনি জানতে পারবেন টক শোর পঞ্চাশ শতাংশের বেশি বাকজীবী জামায়াত-বিএনপিবিরোধী ও আওয়ামী লীগপন্থী।
কমিশনার আবদুল সাহেব প্রেসিডেন্ট ওবামার চেয়ে বেশি ইসলামি সন্ত্রাসবিরোধী। তিনি ফাঁস করে দিয়েছেন তাঁর গোপন কৌশল। বলেছেন, ‘পুলিশ এখন প্রতিটি মসজিদে ছদ্মবেশে থাকবে।’ বিষয়টি সাধারণ নামাজিদের জন্য গভীর উদ্বেগের। স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এমন নির্দেশ জারির কথা আগে শুনিনি।
বিভিন্ন মহানগরে যাঁরা বিলবোর্ড লাগিয়েছেন, তাঁদের তিনি বলেছেন ‘বিলবোর্ড-সন্ত্রাসী’। সুযোগ্য এই কর্মকর্তা এই ক্ষেত্রে তাঁর অপারগতা প্রকাশ করে বলেছেন, ‘আমরা বিলবোর্ড-সন্ত্রাসীদের সরাতে পারছি না।’ কী করে পারবেন? প্রায় সবগুলো বিলবোর্ড লাগিয়েছেন ‘তাঁর সরকার’-এর নেতারা। হাতির লেজে যারা টান দেবে তাদের কপালে লাথি আছে, বিলবোর্ড-সন্ত্রাসীদের লেজে টান দিয়ে দেখালেই বুঝতে পারি তাঁর কতটা হিম্মত।
জনাব এইচ টি ইমামের গুপ্ততথ্য ফাঁসকারী স্বীকারোক্তিমূলক বক্তব্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারকে যতটা বিব্রত করেছে, নামাজের সময় ‘মসজিদে ছদ্মবেশে’ পুলিশ থাকা এবং টক শোবিষয়ক মন্তব্য প্রভৃতিতে তার চেয়ে বেশি ক্ষতি হলো—এই মুহূর্তে তাঁর বক্তব্য সরকার উপভোগ করলেও। ইমাম সাহেব যে মিছে বলেননি তা প্রমাণ করে দিলেন কমিশনার সাহেব।
তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা আকবর আলি খান বলেছেন, ‘পুলিশ এখন পুরোপুরি রাজনৈতিক নিয়ন্ত্রণে চলে গেছে।’ তাঁর বক্তব্যের ২৪ ঘণ্টার মধ্যে কমিশনার মহোদয় খালেদা জিয়া, ৫ জানুয়ারির নির্বাচন, টক শো, বিলবোর্ড-সন্ত্রাসী, মসজিদের মুসল্লিদের সম্পর্কে যে গুরুত্বপূর্ণ মতামত দিয়েছেন, তাতে আকবর আলি খানের বক্তব্যের যথার্থতা প্রমাণিত হলো। এইচ টি ইমাম এবং আকবর আলি খান উভয়েই নির্ভুল।
পৌনে দুই শ বছর ধরে পুলিশ সম্পর্কে দেশের সাধারণ মানুষের মনোভাব নেতিবাচক। কিন্তু পুলিশ সম্পর্কে আমার ব্যক্তিগত ধারণা ইতিবাচক। অপরাধীদের নিয়ে তাদের কাজ করতে হয়। ঝুঁকিপূর্ণ কাজ। রাত নেই দিন নেই। ঝড়বৃষ্টি বলে কিছু নেই। তাদের উগ্র দিকটিই চোখে পড়ে। তাদের বেতন-ভাতা সুযোগ-সুবিধা পর্যাপ্ত নয়। ফলে স্বভাববশত যেমন অনেকে দুর্নীতি করেন, অনেকে বাধ্য হয়েও করেন। পুলিশ বাহিনীতে যাঁরা সৎ তাঁরা খুবই কষ্টে জীবন যাপন করেন। আমাদের সমাজে কোন পেশায় দুর্নীতি নেই?
পুলিশ বাহিনী সম্পর্কে আমার মোটামুটি ধারণা আছে। গত ৬০ বছরে যাঁরা আইজি ছিলেন যেমন ইম্পেরিয়াল পুলিশ সার্ভিসের কাজী আনওয়ার-উল হক, হাফিজউদ্দিন আহমদ, মহিউদ্দিন আহমদ, আলমগীর কবির প্রমুখের সংস্পর্শে আসার সুযোগ পেয়েছি। বর্তমানকালের সাবেক শীর্ষ পুলিশ কর্মকর্তারা অনেকে খুবই ঘনিষ্ঠ। বর্তমান আইজি হাসান মাহমুদ খন্দকার এবং তাঁর সহকর্মীদের মধ্যে অতিরিক্ত আইজি শহীদুল হক, ঢাকার কমিশনার বেনজীর আহমেদ ও অন্যান্যের সঙ্গে বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে আমি অংশগ্রহণও করি। পথচারীদের রাস্তা পারাপার নিয়ে বর্তমানে মহানগর পুলিশ যে কর্মসূচি পালন করছে তার আমি পূর্ণ সমর্থক। বহু তরুণ পুলিশ কর্মকর্তাকে চিনি, তাঁরা যথেষ্ট জনবান্ধব। স্বাধীনভাবে কাজ করতে দিলে তাঁদের দিয়ে মানুষের উপকার হবে।
সুবিধাবাদী ও চাটুকার সব পেশাতেই আছে। যখন যে সরকার থাকে সব সরকারকেই তাঁরা বলেন, ‘আমার সরকার’। বেগম জিয়ার অফিসে সেদিন রাতের বেলা যাঁরা দল বেঁধে গিয়েছিলেন, শুধু তাঁদের কৈফিয়ত তলব করলে হবে না, অন্য যেকোনো সুবিধাবাদীকেই প্রশ্রয় না দেওয়া বাঞ্ছনীয়।
সৈয়দ আবুল মকসুদ: গবেষক, প্রাবন্ধিক ও কলাম লেখক৷