খাদ্য বিভাগে মহা দুর্নীতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাদুর খেলায় রুমালকে পাখি বা বিড়াল বানানোর যে ভেলকি দেখানো হয়, সেই ভেলকিটাই আরও বড় করে দেখিয়েছেন কতিপয় খাদ্য কর্মকর্তা। পাঁচটি জেলার খাদ্যগুদামের ৭৬০ টন চাল তাঁদের জাদুবলে তুষ, মাটি, বালু ও কয়লায় পরিণত হয়েছে। যাঁরা এটা করেছেন, তাঁদের হাটে-বাজারে ভেলকি দেখানোর খেলায় নিয়োজিত করাই ভালো অথবা শ্রীঘরে।
বাগেরহাটের মোল্লাহাট উপজেলা, কুমিল্লার নাঙ্গলকোট, রাঙামাটির লংগদু ও দিনাজপুরের ভবানীপুরে সরকারি খাদ্যগুদাম থেকে মজুত চাল হাওয়া হয়ে গেছে। মেহেরপুরের গাংনী উপজেলা এবং কুষ্টিয়ার দৌলতপুর ও চুয়াডাঙ্গার ঘটনায় কৌশলের কোনো বালাই নেই—এসব জায়গায় সোজাসুজি বোরো সংগ্রহ অভিযানের নামে ব্যাংক থেকে টাকা তুলে লোপাট করে দেওয়া হয়েছে। খাদ্য বিভাগে একসঙ্গে এত বড় মাত্রায় দুর্নীতি ও অনিয়ম সম্প্রতি আর ঘটেনি বলে প্রথম আলোর গত সোমবারের প্রতিবেদনে জানিয়েছেন এক খাদ্য কর্মকর্তা। উধাও হওয়া খাদ্যের অর্থমূল্য প্রায় চার কোটি টাকা।
সারা দেশের খাদ্যগুদামে খাদ্য বিভাগের অধীনে ধান-চাল ইত্যাদি মজুত রাখা হয়। প্রায়ই এসব মজুতের হিসাবে শুভংকরের ফাঁকি ধরা পড়ে। মাঝেমধ্যে ধানের ওজনে চাল কিংবা চালের ওজন কমে যাওয়া ছাড়াও পোকায় খাওয়া, ইঁদুরে কাটা কিংবা পানিতে ভিজে পচে যাওয়ার কথা বলে একধরনের ‘নিয়মতান্ত্রিক’ অনিয়ম করা হয়। কিন্তু সরাসরি চালের বস্তায় তুষ বা মাটি ভরার জোচ্চুরি তো বেপরোয়া কাজ! সরকারি হিসাবে খাদ্য বিভাগে মোট মজুতের পরিমাণ ১১ লাখ ৬২ হাজার টন বলা হলেও আদতে কত আছে, তা নিরূপণ করা আসলেই দুঃসাধ্য। সরকারি সংস্থাগুলোর এক হাত আরেক হাতের যোগসাজশে সত্য গোপন করলে আর ঠেকায় কে?
একেকটি খাদ্যগুদামের তদারকিতে নিয়োজিত থাকেন ৮ থেকে ১০ জন কর্মকর্তা-কর্মচারী। অনিয়ম হলে তাঁদের সবারই স্বেচ্ছায় বা বাধ্য হয়ে জড়িত থাকার কথা। অথচ খাদ্য বিভাগ থেকে কোথাও শুধু ভারপ্রাপ্ত কর্মকর্তাকে অভিযুক্ত বা কোথাও শুধু দারোয়ানকে বরখাস্ত করা হয়েছে। ব্যবস্থা নেওয়ার নামে এত বড় দুর্নীতির সত্য উদ্ঘাটন এবং দোষী ব্যক্তিদের শাস্তি নিশ্চিত করার গাফিলতিও শাস্তিযোগ্য অপরাধ। জনগণের টাকায় কেনা ৭৬০ টন সরকারি চালের হিসাব সরকারকেই বের করতে হবে।