খাবারে ভেজাল, অতঃপর...
চলতি পবিত্র রমজান মাসে ভ্রাম্যমাণ আদালত ঢাকা ও ঢাকার বাইরে পচা, বাসি, রাসায়নিক দ্রব্যমিশ্রিত ও নিম্নমানের খাবার বিক্রির দায়ে বেশ কয়েকটি হোটেল, রেস্তোরাঁ ও ফাস্টফুডের দোকানকে বিভিন্ন অঙ্কের অর্থ জরিমানা করেছেন। কোথাও কোথাও রেস্তোরাঁ বা দোকানমালিক বা ব্যবস্থাপককে কারাদণ্ড দেওয়া হয়েছে। সংবাদপত্রসহ বিভিন্ন গণমাধ্যমে সেসব খবর প্রকাশিত ও প্রচারিত হয়েছে। আমরা অনেকেই হয়তো এসব খবর পড়ে স্বস্তি পেয়েছি। ভেবেছি, বেশ হয়েছে। ব্যাটাদের উচিত শিক্ষা হয়েছে। আর করবি এমন কাজ?
ভ্রাম্যমাণ আদালত কোনো রেস্তোরাঁকে হয়তো এক লাখ টাকা জরিমানা করেছেন। কোনো খাবারের দোকানকে ৬০ হাজার টাকা বা ৪০ হাজার টাকা জরিমানা করেছেন। কোনো দোকানমালিককে বা হোটেলের ব্যবস্থাপককে এক মাসের বা দুই মাসের বিনা শ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। আমরা অনেকেই হয়তো ভেবেছি, এসব শাস্তি পাওয়ার পর এসব হোটেল, রেস্তোরাঁ বা খাবারের দোকানগুলো ফের এমন কাজ আর করবে না বা তাদের দেখে অন্য কোনো হোটেল, রেস্তোরাঁ বা খাবারের দোকানের ব্যবসায়ীরা খাবারে ভেজাল মেশাবেন না বা পচা, বাসি খাবার বিক্রি করবেন না। কিন্তু আমাদের ভাবনা যে ভুল, তার প্রমাণ আমরা ইতিমধ্যে পেয়েছি।
সম্প্রতি ভ্রাম্যমাণ আদালতগুলোর গত এক বছরের একটি পরিসংখ্যান দেওয়া হয়েছে প্রশাসনিক পর্যায়ে অনুষ্ঠিত এক কর্মশালায়। মন্ত্রিপরিষদ বিভাগ ও ঢাকা বিভাগ কমিশনারের কার্যালয়ের যৌথ আয়োজনে অনুষ্ঠিত এ কর্মশালায় বলা হয়েছে, গত এক বছরে ৫৭ হাজার ১৫৭টি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এতে ১ লাখ ৩৬ হাজার ৯২৭টি মামলার সুরাহা করা হয়। তার মাধ্যমে কারাদণ্ড হয়েছে ১ লাখ ৪৭ হাজার ৭৫৪ জনের এবং জরিমানা আদায় হয়েছে ৩৭ কোটি ৩৭ লাখ ৮৮ হাজার ২৪৬ টাকা। এই হিসাবের মাধ্যমে বোঝা গেল, কী হারে খাবারে ভেজাল মেশানোসহ পচা, বাসি ও নিম্নমানের খাবার বিক্রি হচ্ছে। আর আমরা অহরহ সেসব খাবার খেয়ে চলেছি।
কিন্তু আমরা কি জানি, এর ফলে কী ক্ষতি হচ্ছে আমাদের? পচা, বাসি ও নিম্নমানের খাবার খেয়ে আমরা ডায়রিয়া, আমাশয়সহ নানা রোগে আক্রান্ত হচ্ছি। নিয়মিত বাসি খাবার খেলে ক্যানসারে আক্রান্ত হওয়ার আশঙ্কা থাকে। আমাদের দেশের অসাধু ব্যবসায়ীরা বেশি মুনাফার আশায় দুধ, ফল, মাছ, মাংস, এমনকি শাকসবজিতেও ফরমালিন, হাইড্রোজেন পার-অক্সাইড, কার্বাইডসহ বিভিন্ন ধরনের ক্ষতিকর রাসায়নিক দ্রব্য ব্যবহার করে থাকেন। আমরা এসব ক্ষতিকর রাসায়নিক দ্রব্যমিশ্রিত খাবার খেয়ে পেটের পীড়া, হাঁচি, কাশি, শ্বাসকষ্ট, বদহজম, আলসার, চর্মরোগসহ বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছি। এসব রাসায়নিক পদার্থ যকৃৎ, কিডনি, হৃৎপিণ্ড, মস্তিষ্ক—সবকিছুকে ধ্বংস করে দেয়। ফরমালিনযুক্ত খাদ্য গ্রহণ করার ফলে পাকস্থলী, ফুসফুস ও শ্বাসনালিতে ক্যানসার হতে পারে। অর্থাৎ, ধীরে ধীরে মৃত্যুর দিকে এগিয়ে চলেছি। এক অর্থে এসব অসাধু ব্যবসায়ী মানুষ খুন করছেন।
কয়েক দিন আগে আরেকটি খবরে দেখলাম, কুষ্টিয়ায় তরমুজ খেয়ে দুটি শিশু মারা গেছে। এ ছাড়া আরও ২০ জন হাসপাতালে ভর্তি হয়েছে। পরে তদন্তে জানা যায়, তরমুজ পাকা দেখানোর জন্য তাতে রং মেশানো হয়েছিল। ওই রঙের বিষক্রিয়ায় ওই দুটি শিশুর মৃত্যু হয়েছে।
২০১৩ সালে জাতীয় সংসদে ‘নিরাপদ খাদ্য আইন, ২০১৩’ বিল পাস হয়। বিলে খাদ্যে ভেজাল মেশানোর জন্য সর্বোচ্চ পাঁচ বছরের কারাদণ্ড ও ১০ লাখ টাকা জরিমানার বিধান রাখা হয়। এ-ই যদি হয় শাস্তির বহর, তাহলে খাদ্যে ভেজাল মেশানো কোনো দিনই বন্ধ হবে না। এ জন্য নতুন করে আইন প্রণয়ন করতে হবে। ওই আইনে কঠোরতম শাস্তির বিধান রাখতে হবে। তবেই কাজ হতে পারে।
রোকেয়া রহমান: সাংবাদিক