খাল উদ্ধারে ইউপি চেয়ারম্যান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ফখরুল আলমকে ধন্যবাদ দিতেই হয়। কেননা, দখল-দূষণে হারিয়ে যেতে বসা একটি খাল উদ্ধারে যে উদ্যোগ তিনি নিয়েছেন, তা সত্যিই প্রশংসা পাওয়ার দাবি রাখে।

বৃহস্পতিবার প্রথম আলোয় প্রকাশিত খবর অনুযায়ী, তেঁতুলঝোড়া ইউনিয়নের প্রায় চার কিলোমিটার দীর্ঘ জয়নাবাড়ি খালটি দখল করে শতাধিক ভবন ও আধা পাকা স্থাপনা তৈরি করা হয়েছিল। ৩০ বছর ধরে দখলের এ প্রক্রিয়া চলে। এতে খালটির অস্তিত্ব প্রায় বিলীন হয়ে যাচ্ছিল। অথচ খালটিতে একসময় নৌকা চলাচল করত। খাল ভরাট হয়ে যাওয়ায় জাদুরচর, মোল্লাপাড়া, জয়নাবাড়ি, হেমায়েতপুর, ব্যাপারীপাড়া, নন্দখালী, ভরালি, নিমেরটেক, সুগন্ধা হাউজিংসহ আশপাশের এলাকার কয়েক হাজার মানুষকে ব্যাপক দুর্ভোগ পোহাতে হয়েছে। সামান্য বৃষ্টি হলেই ওই সব এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হতো।

ইউপি নির্বাচনের আগে ফখরুল আলম ভোটারদের এই খাল উদ্ধারের প্রতিশ্রুতি দিয়েছিলেন। প্রতিশ্রুতি পূরণে তিনি প্রথমে খালের জমিতে অবৈধভাবে নির্মিত শতাধিক ভবন ও আধা পাকা স্থাপনা চিহ্নিত করার কাজটি করেন। বল প্রয়োগ ছাড়া অবৈধ স্থাপনা অপসারণে মালিকদের নিয়ে বৈঠক করেন তিনি। খাল ভরাটের ক্ষতিকর প্রভাব সম্পর্কে বুঝিয়ে তাঁদের স্থাপনা অপসারণে রাজি করান। অনেক মালিক নিজেরাই স্থাপনা সরিয়ে নিয়েছেন। আবার পরিষদ থেকেও অনেক স্থাপনা উচ্ছেদ করা হয়। এখন চলছে খাল খননের কাজ।

আমাদের দেশের বাস্তবতা হলো খাল, নদী বা জমি যখন অবৈধ দখলদারদের কবলে পড়ে, তখন তা উদ্ধার করা অসম্ভব হয়ে দাঁড়ায়। কিন্তু এই অসম্ভব কাজটি সম্ভব করেছেন ফখরুল আলম। জনগণকে দেওয়া প্রতিশ্রুতি পূরণের জন্য তাঁকে আমরা সাধুবাদ জানাই। তাঁর এ কাজ অন্য ইউপি চেয়ারম্যানরা অনুসরণ করতে পারেন। এ দেশের বহু নদী, খাল-বিল অবৈধ দখল ও দূষণের কবলে পড়ে হারিয়ে গেছে বা হারিয়ে যাওয়ার পথে। এ কারণে বিপর্যয়ের মুখে পড়ছে পরিবেশ ও জীববৈচিত্র্য। অথচ এসব উদ্ধারে কারও পক্ষ থেকে তেমন কোনো তৎপরতা দেখা যায় না।

প্রতিটি জেলায় নদী রক্ষা কমিটি নামে একটি কমিটি রয়েছে, যার সভাপতি হলেন জেলা প্রশাসক। নদী ভরাট ও অবৈধ দখলের বিরুদ্ধে তাঁদের কাজ করার কথা। কিন্তু তাঁরা সবাই যে কাজটি ঠিকমতো করছেন না, তা তো বোঝাই যাচ্ছে। সরকারের উচিত এসব কমিটিকে জবাবদিহির আওতায় আনা। তাহলে পরিস্থিতির কিছুটা উন্নতি হতে পারে। এ ছাড়া নদ-নদী ও খাল-বিল পুনরুদ্ধারে সরকারি নীতিনির্ধারকেরা যদি স্থানীয় পর্যায়ের কর্মকর্তা ও জনপ্রতিনিধিদের সর্বাত্মক সহযোগিতা করেন, তাহলে কাজটি সহজেই সমাধা করা সম্ভব।