শ্যাম্পু, লোশন, পাউডার, ক্রিম, তেল ইত্যাদি প্রসাধনী ব্যবহারের পর এগুলোর খালি কনটেইনার আমরা ফেলে দিই নতুবা কাগজওয়ালার কাছে নামমাত্র মূল্যে বিক্রি করে দিই। কিন্তু নিজের অজান্তেই আমরা আবার প্রতারণাকে স্বাগত জানাচ্ছি। কেননা, এসব খালি কনটেইনার সংগ্রহ করে একশ্রেণীর অসাধু ব্যবসায়ী নকল ও ভেজাল প্রসাধনী ঢুকিয়ে পুনরায় তা বাজারজাত করছে অন্যান্য আসল পণ্যের সঙ্গে।
প্রতারক দল এতটাই নিখুঁতভাবে এগুলো মোড়কজাত করছে যে আসল ও নকলের পার্থক্য খুঁজে বের করা খুব মুশকিল। ফলস্বরূপ আমরা সাধারণ ক্রেতারা অধিক দামে মানহীন ভেজাল পণ্য কিনে প্রতারিত হচ্ছি।
তা ছাড়া এসব ভেজাল পণ্য ব্যবহারে চুলপড়া, ত্বকের ক্যানসারসহ নানা রকম রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকিও রয়েছে। তাই আসুন আমরা নিজেরা একটু সচেতন হই। ব্যবহারের পর প্রসাধনীর খালি কনটেইনারগুলো ফেলে দেওয়ার সময় সেগুলো পুনরায় ব্যবহারের অনুপযোগী করে ফেলে দিই অথবা এগুলো বিক্রি করা থেকে বিরত থাকি।
এই সামান্য সচেতনতাটুকুই আমাদের হয়তো প্রতারিত হওয়ার হাত থেকে বাঁচাতে পারে। সে সঙ্গে জনস্বাস্থ্যের প্রতি হুমকিস্বরূপ এই বিষয়গুলোকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বিএসটিআই, ভ্রাম্যমাণ আদালতসহ সরকারের সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোরও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া দরকার।
সাবিনা পারভীন
গোড়ান, ঢাকা।