খালেদা জিয়া নজরদারিতে?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিরোধীদলীয় নেতা ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার বাসা ও তাঁর কার্যালয়ের সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েনের প্রায় ১৫ ঘণ্টা পর তা প্রত্যাহার করা হয়েছে। এটা ভালো সংবাদ। তবে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় পুলিশ এখনো প্রায় অবরুদ্ধ করে রেখেছে। কেন অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছিল, সে প্রশ্ন থেকেই যাচ্ছে। বাড়তি পুলিশ মোতায়েন অন্তত দুটি কারণে উদ্বেগজনক। প্রথমত, এ ধরনের পদক্ষেপ শেষ পর্যন্ত গণতন্ত্রের জন্য বিপদ ডেকে আনতে পারে। দ্বিতীয়ত, এর পরিণামে দেশে আরও অশান্তির উপলক্ষ দেখা দিতে পারে। সরকার নিশ্চয়ই তা চায় না।
পুলিশ ও গোয়েন্দা কর্মকর্তাদের অতিরিক্ত তৎপরতা চালিয়ে খালেদা জিয়ার বাসা বা কার্যালয়ে কাউকে প্রবেশ করতে না দেওয়ার উদ্যোগের পেছনে বিশ্বাসযোগ্য কারণ সরকার দেখাতে পারেনি। সাধারণভাবে নিরাপত্তার কথা বলা হচ্ছে। ঝুঁকি থাকলে সরকার প্রকাশ্যে তা বলে না কেন? কারও বুঝতে অসুবিধা হওয়ার কথা নয় যে এক ভীতিকর অবস্থা সৃষ্টি করে বিরোধী দলের নেতা-কর্মীদের নিষ্ক্রিয় করার উদ্দেশ্যে এ রকম পুলিশি ব্যবস্থা নেওয়া হচ্ছে। গণতন্ত্রে এ ধরনের পদক্ষেপ সম্পূর্ণ অগ্রহণযোগ্য।
সরকার অদূরদর্শিতার পরিচয় দিচ্ছে। যখন প্রধানমন্ত্রী বারবার সংলাপের কথা বলছেন, তখন ঢালাও গ্রেপ্তার, নেতাদের বাড়ি বাড়ি তল্লাশি, নেতাদের পেছনে পুলিশ লেলিয়ে দেওয়া স্ববিরোধী কাজ। যেখানে শান্তি নিশ্চিত করা সরকারের প্রধান দায়িত্ব, সেখানে পুলিশি তৎপরতা বাড়িয়ে বিরোধী দলের ক্ষোভের আগুনে কেরোসিন ঢালাটা মোটেও বুদ্ধিমানের কাজ নয়।
বিএনপির নেতৃত্বে ১৮-দলীয় জোট একটানা চার দিন হরতাল ডেকে ও সহিংসতা ছড়িয়ে যেভাবে রাজনৈতিক অবিমৃশ্যকারিতার পরিচয় দিয়ে চলেছে, তার সমালোচনা এই সম্পাদকীয় কলামে বারবার লেখা হচ্ছে। কিন্তু এর বিপরীতে সরকারের পদক্ষেপও সমভাবে নিন্দনীয়। সরকার গণতন্ত্রের কথা বলবে, সংসদের অধিবেশন চলবে, আর সংসদের বিরোধীদলীয় নেতার বাড়ি পুলিশ ঘেরাও করে রাখবে—এটা কোন ধরনের গণতন্ত্র?
দেশে আইন আছে, বিচার আছে, বিচার বিভাগের স্বাধীনতা আছে বলে সরকার হরহামেশা দাবি করে চলেছে। তাহলে পুলিশি ব্যবস্থার এত বাড়াবাড়ি কেন? গতকাল খালেদা জিয়ার বাসার সামনে থেকে অতিরিক্ত পুলিশ তুলে নেওয়া হলেও ভবিষ্যতে যে ফের মোতায়েন করা হবে না, তার নিশ্চয়তা কী?
এভাবে আরও হরতাল ডাকার নিত্যনতুন উপলক্ষ তৈরি করে বিরোধী দলের হাতে দেওয়া হচ্ছে। তা ছাড়া বিরোধী দলের নেতার বাসা ও কার্যালয়ে রাজনৈতিক নেতা-কর্মীদের আসা-যাওয়ায় বাধা দেওয়ার খারাপ দৃষ্টান্ত স্থাপন করা হচ্ছে।
অবিলম্বে বিরোধীদলীয় নেতার কার্যালয় ও নয়াপল্টনের কার্যালয় থেকে প্রয়োজনের অতিরিক্ত পুলিশি তৎপরতা বন্ধ করা হোক। পুলিশের কাজ হবে জনগণের নিরাপত্তা দেওয়া, বিরোধী দলের নেতা-কর্মীদের বাধা দেওয়া বা ধরপাকড় করা নয়। এই মুহূর্তে সরকারের প্রধান দায়িত্ব বিরোধী দলের সঙ্গে ন্যূনতম একটি আস্থার পরিবেশ সৃষ্টির জন্য কাজ করা। কিন্তু এটা দুঃখজনক যে সরকার উল্টো পথে হাঁটছে।