খালেদা জিয়ার আহ্বান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘একতরফা’ নির্বাচন ঠেকাতে বিরোধী দল এত দিন যে অবরোধ কর্মসূচি চালাচ্ছিল, তাতে আর যা-ই হোক, জনসম্পৃক্ততা ছিল না। বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া গত মঙ্গলবার সংবাদ সম্মেলনে আন্দোলনের নতুন যে কর্মসূচির ঘোষণা দিয়েছেন, তাতে হরতাল বা অবরোধ নেই। আমরা বিরোধী দলের এই বোধোদয়কে স্বাগত জানাই।
এটা সত্যি যে, প্রধান বিরোধী দলকে বাইরে রেখে যে নির্বাচন আগামী ৫ জানুয়ারি হতে যাচ্ছে, তা একধরনের আনুষ্ঠানিকতা ছাড়া কিছুই নয়। গণতান্ত্রিক ব্যবস্থায় নির্বাচন হতে হয় অংশগ্রহণমূলক, প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এবং তাতে জনগণের প্রার্থী বাছাইয়ের অবাধ সুযোগ থাকে। এই নির্বাচনে সে ধরনের কিছুই নেই।
খালেদা জিয়া এই নির্বাচনের উদ্যোগকে প্রধানমন্ত্রীর জেদের প্রকাশ অভিহিত করে তা বাতিলের দাবি করেছেন। তিনি বলেছেন, সংকটের সমাধান এখনো সম্ভব, সময় শেষ হয়ে যায়নি। বিএনপি আলোচনায় বসতে রাজি আছে। তাঁর এই বক্তব্য ইতিবাচক।
আমরা শুরু থেকেই বলে আসছি, যেকোনো রাজনৈতিক সমস্যার সমাধানের পথ হচ্ছে আলাপ-আলোচনা এবং এ ক্ষেত্রে দুই পক্ষেরই ছাড় দেওয়ার মানসিকতা থাকতে হবে। কিন্তু বাস্তবে সরকার বা বিরোধী দল কেউই তাদের অনড় এবং একগুঁয়ে অবস্থান থেকে সরে আসেনি।
নির্বাচনের তফসিল ঘোষণার পর থেকে নির্বাচন ঠেকাতে প্রধান বিরোধী দল বিএনপি যে আন্দোলনের কৌশল নিয়েছিল, তাতে দল হিসেবে যেমন তারা মাঠে নামতে পারেনি, তেমনি জনগণকেও সম্পৃক্ত করতে ব্যর্থ হয়েছে। হরতাল-অবরোধের নামে সাম্প্রতিক কালে যা হয়েছে, তা নাশকতা ও দুর্বৃত্তপনা ছাড়া কিছুই নয়। যানবাহনে আগুন দিয়ে মানুষ পুড়িয়ে মারার মতো নৃশংসতাও ঘটানো হয়েছে আন্দোলনের নামে। আমরা বারবার বলেছি যে রাজনৈতিক আন্দোলন হচ্ছে জনগণকে সঙ্গে নিয়ে আন্দোলন। সেটা করতে প্রধান বিরোধী দলটি সফল হয়েছে, তা বলা যাবে না। এ ছাড়া এই দলের সহযোগী জামায়াতে ইসলামী যে ভিন্ন রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে মাঠে নেমেছে, তা-ও বুঝতে অসুবিধা হয় না।
আগামী ৫ জানুয়ারির নির্বাচন ঠেকাতে খালেদা জিয়া নতুন যে কর্মসূচির ঘোষণা দিয়েছেন, তা হচ্ছে ‘গণতন্ত্রের অভিযাত্রা’। তিনি ২৯ ডিসেম্বর সারা দেশের মানুষকে ঢাকায় আসার আহ্বান জানিয়েছেন। হরতাল বা অবরোধের মতো কর্মসূচির চেয়ে এ ধরনের কর্মসূচিতে জনসম্পৃক্ততা থাকে। কিন্তু যেকোনো কর্মসূচিকে শান্তিপূর্ণ রাখার দায়ও কর্মসূচি আহ্বানকারী দল বা জোটের ওপর পড়ে। গণতান্ত্রিক অধিকার হিসেবে সরকারের দমন-পীড়নের বিরুদ্ধে বা ‘একতরফা’ নির্বাচন ঠেকাতে আন্দোলন করার সুযোগ থাকলেও বিশৃঙ্খলা সৃষ্টির কোনো সুযোগ নেই। ২৯ ডিসেম্বর ঢাকায় শান্তিপূর্ণ সমাবেশ হোক। কিন্তু এই কর্মসূচিকে কেন্দ্র করে দুই পক্ষের মুখোমুখি অবস্থান কোনোভাবেই কাম্য নয়। আর নির্বাচন বা যেকোনো রাজনৈতিক সমস্যার সমাধান খুঁজতে হবে আলোচনা ও সমঝোতার পথে। রাজপথে মুখোমুখি অবস্থান রাজনৈতিক সংঘাতকেই বাড়াবে না, জনজীবনের নিরাপত্তাও মারাত্মক হুমকির মুখে পড়বে। উভয় পক্ষের কাছে সংযত ও সহিষ্ণু আচরণই প্রত্যাশিত।