খুনের আসামির পক্ষে ওকালতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আরও উদ্বেগের বিষয়হলো, মামলার অন্যতম আসামি মতিঝিল থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহিদুল ইসলামকে রক্ষা করার জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদনপত্র পাঠিয়েছেন আওয়ামী লীগেরই ২২ জন নেতা। ওই আবেদনপত্রে বলা হয়েছে, ‘কোনো ব্যবস্থা নেওয়ার আগে যেন নিরপেক্ষ তদন্ত করা হয়’। নিরপেক্ষ তদন্ত বলতে তাঁরা কী বোঝাতে চাইছেন? তাহলে কি আমরা ধরে নেব, এই সরকারের আমলে আওয়ামী লীগের আবেদন ছাড়া কোনো মামলার নিরপেক্ষ তদন্ত হয় না?

অভিযোগ আছে, জাহিদুল ইসলামসহ যুবলীগের কয়েকজন নেতার নির্দেশে মিল্কিকে খুন করা হয়। এখন আবার সেই মিল্কি হত্যার এক আসামিকে রক্ষায় আওয়ামী লীগের নেতারা তদবির শুরু করেছেন। নিহত মিল্কির প্রতি তাঁদের দায়িত্ববোধই বটে! আবেদনপত্রে জাহিদুলকে একজন সৎ, যোগ্য ও পরিশ্রমী নেতা হিসেবে অভিহিত করা হয়েছে। কিন্তু জাহিদুলের সেই সততা, যোগ্যতা ও পরিশ্রম যদি খুনের কাজে ব্যবহার করা হয়ে থাকে, তাহলেও কি তাঁকে রেহাই দিতে হবে?

আসামি দোষী, না নির্দোষ, সেটি প্রমাণ করার দায়িত্ব আদালতের। এ ক্ষেত্রে আবেদনকারী আওয়ামী লীগের নেতা-কর্মী কিংবা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কিছু করণীয় নেই। হত্যার বিচার চাইলে আইনকে নিজস্ব গতিতে চলতে দিতে হবে। আমরা মিল্কি হত্যার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত চাই। এর সঙ্গে জড়িত সবাইকে গ্রেপ্তার করা হোক।