খুলনা মেডিকেল হাসপাতালের বার্ন ইউনিট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে গত বছরের ২৪ ডিসেম্বর বার্ন ইউনিটটি চালু হওয়ার পর আশা করা গিয়েছিল যে সেই অঞ্চলের পোড়া-দগ্ধ রোগীদের চিকিসাসেবা পাওয়া সহজ হবে এবং তাদের আর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে যেতে হবে না। দুর্ভাগ্যের বিষয় হলো, বার্ন ইউনিটটি চালু হলেও রোগীদের চিকিৎসার জন্য যেসব সরঞ্জাম ও লোকবল প্রয়োজন, তা নেই।
খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে বার্ন ইউনিটে শয্যা আছে ১৫টি। যদিও প্রতিদিন চিকিৎসাপ্রার্থীদের সংখ্যা গড়ে ৩০ জন। অন্য রোগীদের নির্ধারিত শয্যার বাইরে চিকিৎসা করা গেলেও পোড়া রোগীদের ক্ষেত্রে সেটি সম্ভব নয়। ফলে তাদের ঢাকায় নিয়ে যেতে হয়। একজন পোড়া রোগীকে হাসপাতালে নিয়ে এসে শয্যার অভাবে ফিরিয়ে নেওয়া এবং টানাহেঁচড়া করার কারণে তাঁর অবস্থা আরও সংকটাপন্ন হওয়ার আশঙ্কা থাকে। প্রয়োজনীয় শয্যার ব্যবস্থা করার মাধ্যমেই এর প্রতিকার সম্ভব।
কিন্তু খুলনা মেডিকেল কলেজ হাসপাতালটিতে কেবল শয্যাস্বল্পতাই একমাত্র সমস্যা নয়, এখানে জনবলের যেমন অভাব রয়েছে, তেমনি অভাব আছে চিকিৎসার প্রয়োজনীয় সরঞ্জামের। মাত্র তিনজন চিকিৎসক ও সাতজন নার্স দিয়ে ১৫ শয্যার বার্ন ইউনিট পরিচালনা করা কেবল কঠিন নয়, অসম্ভবও। ইউনিটের দুজন চিকিৎসক প্রেষণে গ্রামে চলে যাওয়ায় সমস্যা আরও বেড়েছে। রোগীর ঘা পরিচর্যার জন্য পাঁচটি সরঞ্জাম থাকার কথা থাকলেও আছে মাত্র একটি। ইউনিটের নিজস্ব অস্ত্রোপচারের জন্য ঘর বরাদ্দ থাকলেও প্রয়োজনীয় যন্ত্রপাতি নেই। ফলে অন্য ওয়ার্ডের অস্ত্রোপচারের সুযোগের অপেক্ষায় থাকতে হয় রোগীদের।
এভাবে বার্ন ইউনিটের চিকিৎসা চলতে পারে না। স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম দায়িত্ব নেওয়ার পর স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিভিন্ন সমস্যা সমাধান এবং রোগীদের উন্নত মানের চিকিৎসাসেবা দেওয়ার কথা বলে আসছেন। কিন্তু একটি বার্ন ইউনিটের প্রয়োজনীয় চিকিৎসক, স্বাস্থ্যকর্মী ও সরঞ্জাম না থাকলে কীভাবে উন্নত বা অবনত চিকিৎসাসেবা দেওয়া সম্ভব? খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটের সমস্যা সমাধানে আমরা স্বাস্থ্যমন্ত্রীর হস্তক্ষেপ দাবি করছি।