ব্যাংকিং ব্যবস্থায় খেলাপি ঋণের উপস্থিতি অস্বীকার করা যায় না। কিন্তু এই খেলাপি ঋণ পুনঃ তফসিলীকরণ যখন নিয়মিত ঘটনায় পরিণত হয়, তখন ব্যাংকিং ব্যবসা মারাত্মক ঝুঁকিতে পড়ে। ২০১১ সালে বাংলাদেশ ব্যাংক ঋণ পরিশোধের বিষয়টি আন্তর্জাতিক মানে উন্নীত করার উদ্দেশ্যে ঋণ পুনঃ তফসিলের ক্ষেত্রে কিছু বিধিনিষেধ জারি করে। ফলে খেলাপি ঋণের পরিমাণ কমে যায়। কিন্তু গত বছরের রাজনৈতিক অস্থিরতা ও সহিংসতার কারণে ব্যবসা-বাণিজ্যে মন্দা নেমে আসে। বিশেষ করে রপ্তানিমুখী ব্যবসা বড় ধরনের ঝুঁকিতে পড়ে।
এই পরিস্থিতিতে সরকার খেলাপি ঋণ পুনঃ তফসিল বা নিয়মিত করার সিদ্ধান্ত নেয়। এ সিদ্ধান্ত তাঁদের ক্ষেত্রেই প্রযোজ্য হবে, যাঁরা ক্ষতিগ্রস্ত হয়েছেন। প্রথম আলোর খবর অনুযায়ী, ক্ষতিগ্রস্ত হননি, এমন ব্যবসায়ীরাও এর সুযোগ নিচ্ছেন। এর ফলে ব্যাংকগুলো ঝুঁকিতে পড়তে পারে। ঋণ পুনঃ তফসিল করার ফলে কিস্তি পরিশোধের মেয়াদ শেষ হলেও ব্যাংক অর্থ পাচ্ছে না। ফলে তার পুঁজি কমে যাবে। অন্যদিকে, আমানতকারীদের মুনাফা পরিশোধ করতে হবে।
বাংলাদেশ ব্যাংক থেকে বলা হয়েছে, তৃতীয়, চতুর্থ বা পঞ্চম দফায় পুনঃ তফসিলের যেসব প্রস্তাব আসছে, সেগুলোর অনুমোদন তারা দিচ্ছে না। কেবল প্রথম ও দ্বিতীয় দফার পুনঃ তফসিলীকরণেই তারা অনুমোদন দেবে এবং তা ১২ মাসের জন্য। ব্যবসায়ীরা সবাইকে ঋণ নিয়মিত করার সুবিধা দাবি করলেও কেন্দ্রীয় ব্যাংক রাজি হয়নি এবং ব্যাংক-গ্রাহক সম্পর্কের ভিত্তিতে বিষয়টি নিষ্পত্তি করার কথা বলেছে। এ ক্ষেত্রে সমস্যাটি হলো ক্ষতি নিরূপণ। কেন্দ্রীয় ব্যাংক কিংবা অন্য কোনো সরকারি সংস্থার কাছে এ ব্যাপারে বিশদ তথ্য নেই। এ সুযোগে যাঁরা ক্ষতিগ্রস্ত হয়েছেন এবং যাঁরা হননি, উভয়েই সুবিধা নেওয়ার জন্য নানা ফন্দিফিকির করছেন। প্রথম আলোর তথ্য অনুযায়ী, কয়েকটি রাষ্ট্রায়ত্ত ও বেসরকারি ব্যাংক ইতিমধ্যে বেশ কয়েকজন ব্যবসায়ীকে এ সুবিধা দিয়েছেও।
বাংলাদেশের ব্যবসা-বাণিজ্যে অদ্ভুত একটি রীতি চালু হয়ে গেছে। যাঁরা ব্যবসায়ী, তাঁরাই আবার ব্যাংকার। আবার এই দুই পক্ষ মিলে রাজনীতিতে বেশ সক্রিয়। ফলে ব্যবসায়িক নীতি ও পরিকল্পনায় রাজনৈতিক স্বার্থই বেশি অগ্রাধিকার পায়। সাধারণ মানুষের স্বার্থ উপেক্ষিতই থেকে যায়।
আমরা রাজনৈতিক পরিস্থিতির নাম করে ঢালাও ঋণ পুনঃ তফসিলীকরণের বিরোধিতা করি। এই সুবিধা তাঁদেরই দিতে হবে, যাঁরা প্রকৃতই ক্ষতিগ্রস্ত হয়েছেন। এ ব্যাপারে ঋণপ্রদানকারী ব্যাংকগুলোকেও আরও সজাগ হতে হবে।
বাংলাদেশে খেলাপি ঋণের যে সংস্কৃতি চলছে, তা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। খেলাপি ঋণ পুনঃ তফসিলীকরণের উদ্দেশ্য ব্যবসা-বাণিজ্যের ক্ষতি পুষিয়ে নেওয়া। কিন্তু একটি খাতের ক্ষতি পুষিয়ে নিতে অন্য খাতকে ক্ষতিগ্রস্ত করা কিংবা লাভের গুড় পিঁপড়ায় খাওয়ার পথ এখনই বন্ধ করতে হবে। এ ব্যাপারে বাণিজ্যিক ব্যাংকগুলো কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনা পুরোপুরি মেনে চলবে আশা করি।