দেশের ব্যাংকগুলোয় খেলাপি ঋণ তিন মাসের ব্যবধানে প্রায় আট হাজার কোটি টাকা বেড়েছে৷ অর্থনীতির গতি যখন নিম্নমুখী, প্রবৃদ্ধি যখন এক দশকের গড়হার ৬ শতাংশের নিচে নেমে যাওয়ার উপক্রম, তখন প্রথম আলোসহ একাধিক পত্রিকার প্রতিবেদনে এই তথ্য প্রকাশিত পাওয়া আর যা-ই হোক, কোনো ইতিবাচক বার্তা বহন করে না৷
প্রতিবেদন থেকে আরও জানা যায় যে গত বছরে রাজনৈতিক অস্থিতিশীলতা ও সহিংসতার ফলে অর্থনৈতিক কর্মকাণ্ড মারাত্মকভাবে ব্যাহত হয়, ব্যবসা-বাণিজ্য ক্ষতিগ্রস্ত হয়৷ আর তাই ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের খেলাপি ঋণ পুনঃ তফসিলের সুযোগ দেওয়া হয়েছিল৷ তবে এই সুযোগ নিতে গিয়ে অনেক ক্ষেত্রে বিধিমোতাবেক সঞ্চিতি না রাখায় তা আবার শ্রেণীকৃত বা খেলাপি হয়৷ আবার বাংলাদেশ ব্যাংকের পরিদর্শক দল সরেজমিনে গিয়ে কিছু ঋণ হিসাবে ঠিকমতো নিয়মনীতি অনুসরণ না করায় সেগুলোও শ্রেণীকরণ করে দেয়৷ আর তাই গত বছরের ডিসেম্বর শেষে যেখানে ৪০ হাজার ৫৮৩ কোটি টাকা মোট খেলাপি ছিল, এ বছরের মার্চ শেষে তা ৪৮ হাজার ১৭২ কোটি টাকায় উন্নীত হয়৷
পর্যালোচনা করলে দেখা যায়, খেলাপি ঋণ পরিস্থিতির অবনতির জন্য প্রধানত দায়ী বাংলাদেশ ব্যাংক৷ কেন্দ্রীয় ব্যাংক হিসেবে সঠিকভাবে তদারক করতে না পারা আর বিভিন্ন ক্ষেত্রে ছাড় একদিকে ইচ্ছাকৃত খেলাপিদের যেমন উৎসাহ জুগিয়েছে, অন্যদিকে ব্যাংকগুলোকে কঠোরভাবে নিয়মনীতি অনুসরণে শৈথিল্য প্রদর্শনের সুযোগ তৈরি করেছে৷ বলা দরকার যে ঋণ শ্রেণীকরণ তথা খেলাপি ঋণের মানদণ্ড আন্তর্জাতিক পর্যায়ে উন্নীত করার জন্য দেড় বছর আগে বাংলাদেশ ব্যাংক যখন পদক্ষেপ নেয়, তখনই স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন মহল এর বিরোধিতা করে৷ বাংলাদেশ ব্যাংক এরপর শ্রেণীকরণের বিধিমালা কিছুটা শিথিল করে৷
প্রশ্ন হলো, যদি যথাযথভাবে প্রয়োগ করতেই না পারা যায়, তাহলে কঠোর মানদণ্ড নির্ধারণ ও পরে চাপের মুখে আবার তা শিথিল করা কি সুশাসনের নিদর্শন বহন করে? আবার রাজনৈতিক প্রতিকূল পরিস্থিতির কারণে যৌক্তিকভাবেই ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের খেলাপি ঋণ পুনঃ তফসিল করতে দেওয়া হয়েছিল৷ এই সুযোগের যে অপব্যবহার হয়েছে, অনেক বড় বড় ব্যবসাপ্রতিষ্ঠান যে ক্ষতির দোহাই দিয়ে ঋণ পুনঃ তফসিল করিয়ে নিয়েছে, সেদিকে কেন্দ্রীয় ব্যাংক যথাযথভাবে নজর দিতে ব্যর্থ হয়েছে৷
ব্যাংক ও আর্থিক খাতের অভিভাবক হিসেবে কেন্দ্রীয় ব্যাংক এ ক্ষেত্রে যথাযথ ভূমিকা রাখতে যে ব্যর্থ হয়েছে, এটা অপ্রিয় হলেও সত্যি৷ শেয়ারবাজারে বিপর্যয় দিয়ে আর্থিক খাতের দীর্ঘমেয়াদি বিশৃঙ্খলার যে সূচনা, তা একপর্যায়ে সোনালী ব্যাংকে হল-মার্কের মতো বিরাট কেলেঙ্কারি ঘটায়, যা গোটা ব্যাংক খাতকে নড়বড়ে করে দেয়৷ খেলাপি ঋণের বর্তমান পরিস্থিতিকে এই সার্বিক প্রেক্ষাপটে বিচার করতে হবে৷ বাংলাদেশ ব্যাংক হয়তো খেলাপি ঋণের হার এই তিন মাসে ৮ দশমিক ৯৩ শতাংশ থেকে কমে ৭ দশমিক ৯৮ শতাংশ হওয়ার মধ্যে সন্তুষ্টি খুঁজে পেতে পারে৷ তাতে অবনতিশীল পরিস্থিতির উন্নতি আশা করা যায় না৷