ভারতের গণমাধ্যমে বাংলাদেশের নির্বাচন: দ্য টাইমস অব ইন্ডিয়া
গণতন্ত্র শক্তিশালী করতে বাংলাদেশের রাজনৈতিক দলগুলোকে ক্ষুদ্র স্বার্থের ঊর্ধ্বে উঠতে হবে

বিরোধী দলগুলোর পক্ষ থেকে নির্বাচন বর্জনের আহ্বানের মুখে বাংলাদেশে অনুষ্ঠিত দশম জাতীয় সংসদ নির্বাচনে ভোটারদের উপস্থিতি তুলনামূলকভাবে কম হবে বলেই ধারণা করা গিয়েছিল। নিরাপত্তা বাহিনীগুলোর ব্যাপক উপস্থিতি সত্ত্বেও নির্বাচনের দিন ব্যাপক সহিংসতা হয়েছে, কমপক্ষে ২০ ব্যক্তির মৃত্যু ঘটেছে এবং বিরোধীদলীয় কর্মীদের আক্রমণের শিকার হয়েছে অনেক ভোটকেন্দ্র। চূড়ান্ত ফলাফল প্রকাশের আগে জানা যাচ্ছে, ক্ষমতাসীন আওয়ামী লীগ সংসদের তিন-চতুর্থাংশ আসনে জয়ী হয়ে সংখ্যাগরিষ্ঠতা পেতে যাচ্ছে। কিন্তু মোট ৩০০ আসনের মধ্যে ১৫৩টিতেই প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়ে গেছেন—এই সত্য এ নির্বাচনের ফলাফলের গুণমানকে প্রশ্নবিদ্ধ করছে।
এ কথা সত্ত্বেও এ নির্বাচনের বৈধতা নিয়ে প্রশ্ন তোলার অবকাশ নেই বললেই চলে। বিএনপির নেতৃত্বাধীন বিরোধী দলগুলো দূরে থাকা সত্ত্বেও নির্বাচন অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশের সংবিধানের বিধানাবলির অনুসরণে। বিরোধী দলগুলো তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দাবি করেছিল, তাদের নির্বাচন বর্জনের প্রধান কারণই ছিল সেটা; কিন্তু তাতেও এ নির্বাচনের সাংবিধানিক বৈধতা কোনোভাবে ক্ষুণ্ন হয় না। বাংলাদেশ সুপ্রিম কোর্টের এক আদেশবলে ২০১১ সালে সংবিধানে একটি সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বাতিল করা হয়েছে। তবুও সর্বজনীন অংশগ্রহণের ভিত্তিতে নির্বাচন অনুষ্ঠানের স্বার্থে আওয়ামী লীগের পক্ষ থেকে নির্বাচন তত্ত্বাবধানের জন্য একটি সর্বদলীয় সরকার গঠনের প্রস্তাব দেওয়া হয়েছিল, কিন্তু সে প্রস্তাব বিরোধী দলগুলো কর্তৃক প্রত্যাখ্যাত হয়েছিল।
এই রাজনৈতিক জটিলতার কেন্দ্রে রয়েছে পারস্পরিক আস্থাহীনতা ও সহিংসতার সংস্কৃতি, যা বাংলাদেশি সমাজের নির্ণায়ক বৈশিষ্ট্য হয়ে উঠেছে। স্বাধীনতার ৪২ বছর পরও বাংলাদেশ তার সহিংস অতীতের বিষয়গুলোর মীমাংসা করতে পারেনি। এর ফলে দেশটির গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো দুর্বল হয়েছে; দুই প্রধান রাজনৈতিক দল নিজ নিজ সংকীর্ণ স্বার্থের ঊর্ধ্বে প্রায় উঠতেই পারে না। পরিহাসের বিষয়, বিএনপির নেতৃত্বাধীন বিরোধী জোট এ নির্বাচনে অংশগ্রহণের মধ্য দিয়ে এর ওজন বাড়ালে, তারা সম্ভবত বিজয়ীর বেশে বেরিয়ে আসত। গত দুই বছরে তারা তো কয়েকটি নির্বাচনে ব্যাপক বিজয় অর্জন করেছে। কিন্তু নির্বাচনে অংশ না নিয়ে তারা তত্ত্বাবধায়ক সরকারের ইস্যুতে সর্বোচ্চ দাবি আদায়ের অবস্থানে থেকেছে এবং হরতাল ও রাস্তাঘাটের সহিংসতার মধ্য দিয়ে রাজনীতি পরিচালনা করেছে।
এ ধরনের রাজনৈতিক সহিংসতা এক দ্রুত অগ্রসরমান বাংলাদেশের লক্ষ্যের সঙ্গে সংগতিপূর্ণ নয়। অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নের স্বার্থে রাজনৈতিক বৈরিতার ওপর স্থান দেওয়া উচিত সাংবিধানিকতাকে। এ জন্য আওয়ামী লীগ ও বিএনপির অবশ্যই সংলাপ-আলোচনা করা উচিত। প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রস্তাব দিয়েছিলেন, বিএনপি সহিংসতা পরিহার করে নির্বাচনে অংশগ্রহণ করলে তিনি দশম সংসদ ভেঙে দিয়ে নতুন করে নির্বাচন দেবেন। যেহেতু বাংলাদেশের সঙ্গে ভারতের যথেষ্ট স্বার্থ জড়িত রয়েছে, তাই এ বিষয়ে ভারত দুই পক্ষের মধ্যে সৎ ও আন্তরিক মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করতে পারে এবং শেখ হাসিনার প্রস্তাবটি গ্রহণে বিএনপিকে সম্মত করানোর প্রয়াস নিতে পারে। এর মধ্য দিয়ে বাংলাদেশে রাজনৈতিক স্থিতিশীলতার ভিত্তি গড়ে উঠবে এবং ভারত-বাংলাদেশ সম্পর্ক স্থায়ীভাবে উপকৃত হবে।
দ্য টাইমস অব ইন্ডিয়া, ৭ জানুয়ারি ২০১৪