গত শনিবার এশিয়াটিক সোসাইটির সাধারণ সভায় উত্থাপিত এক নিবন্ধে রাষ্ট্রবিজ্ঞানী অধ্যাপক রওনক জাহান বাংলাদেশের রাজনীতির গতি-প্রকৃতি ব্যাখ্যা করতে গিয়ে যেসব মন্তব্য করেছেন, তার সঙ্গে দ্বিমত করার সুযোগ খুবই কম। ‘বাংলাদেশের রাজনৈতিক দল ও গণতন্ত্রায়ণের চ্যালেঞ্জ’ শীর্ষক নিবন্ধে তিনি রাজনীতিতে পরিবারতন্ত্র জেঁকে বসা, দলে গণতন্ত্রচর্চার অভাব ও উত্তরাধিকারের প্রভাব বৃদ্ধিকে গণতন্ত্রায়ণের প্রধান সমস্যা হিসেবে চিহ্নিত করেছেন। একই সঙ্গে তিনি ক্ষমতাসীন দলটির সরকারের সঙ্গে একাকার হয়ে যাওয়াকেও গণতন্ত্রের বিপদ হিসেবে দেখছেন।
অধ্যাপক রওনক জাহান যথার্থই বলেছেন, রাজনৈতিক দলগুলোর নিয়মিত কাউন্সিল এবং কাউন্সিলরদের সরাসরি ভোটে নেতৃত্ব নির্বাচিত হওয়া উচিত। কিন্তু বাস্তবে কোনো দলই গঠনতন্ত্র মোতাবেক কাউন্সিল করে না। যদিও কখনো কাউন্সিল করতে বাধ্য হয়, নেতা নির্বাচনের সব দায়িত্ব দলীয় প্রধানের ওপর ন্যস্ত করা হয়। সম্প্রতি জাতীয় পার্টির মহাসচিব পদে রদবদলের ঘটনা প্রমাণ করে যে যোগ্যতা নয়, দলীয় প্রধানের মর্জির ওপরই তাঁদের থাকা না-থাকা নির্ভর করে।
আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টির কথা উল্লেখ করে রওনক জাহান দলগুলোর পরিচালন-প্রক্রিয়ায় যে পরিবর্তনের তাগিদ দিয়েছেন, তার প্রয়োজনীয়তাও অস্বীকার করা যাবে না। কিন্তু বিড়ালের গলায় ঘণ্টা বাঁধবে কে? নতুন রাজনৈতিক নেতৃত্ব তৈরির জন্য অধ্যাপক রওনক জাহান ছাত্র সংসদগুলোর নির্বাচনের ওপর গুরুত্ব দিয়েছেন। প্রধানমন্ত্রীসহ বর্তমান মন্ত্রিসভার উল্লেখযোগ্যসংখ্যক সদস্য ছাত্রজীবনে নির্বাচিত ছাত্র সংসদের নেতা হওয়া সত্ত্বেও জাতি গঠনের জন্য অতি গুরুত্বপূর্ণ এই বিষয়টিকে উপেক্ষা করে চলেছেন। সামরিক শাসনামলে ছাত্র সংসদগুলোর নির্বাচন হলেও গত দুই দশকে কোনো সরকারের এমুখো না হওয়া দুঃখজনক।
রওনক জাহান রাজনৈতিক দলগুলো আদর্শের জায়গা থেকে অনেকটা সরে গেছে বলে যে মন্তব্য করেছেন, তার প্রমাণ দেশবাসী হাতেনাতে পাচ্ছে। ক্ষমতাসীন দলটি গণতন্ত্র প্রতিষ্ঠায় স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন করলেও এখন তার সঙ্গে গাঁটছড়া বাঁধতে দ্বিধা করছে না। আবার সরকারবিরোধী আন্দোলনে বিএনপি স্বাধীনতাবিরোধী শক্তিকে পাশে রাখাকেই শ্রেয় মনে করছে। ২০০৮ সালের সংসদে নারী সাংসদদের অর্ধেকের বেশি উত্তরাধিকারের সূত্রে নির্বাচিত হওয়া কিংবা বর্তমান সংসদে ১৭৫ জন ব্যবসায়ীর উপস্থিতি দলগুলোর দেউলিয়াত্বেরই বহিঃপ্রকাশ।
তবে রওনক জাহান তাঁর নিবন্ধে রাজনীতিতে গুণগত পরিবর্তন আনতে কিছু পরামর্শ দিয়েছেন; যার মধ্যে রয়েছে দলগুলোর ভেতরে গণতন্ত্রচর্চা, প্রার্থী মনোনয়নে তৃণমূলের ভূমিকা জোরদার এবং ছাত্র সংসদগুলোর নির্বাচন করা। যাঁরা রাজনীতিতে পরিবর্তন চান, তাঁদের রাজনীতিতে আসার ওপরও গুরুত্ব দিয়েছেন তিনি।
রাজনৈতিক নেতৃত্ব—তা হোক ক্ষমতাসীন বা ক্ষমতাপ্রত্যাশী, অধ্যাপক রওনক জাহানের সুপরামর্শগুলো তাঁরা হূদয়াঙ্গম করলে রাজনৈতিক সংস্কৃতিতে ইতিবাচক প্রভাব পড়বে আশা করি।