
উদ্দীনীয় শাসনামলে রাজনৈতিক সংস্কার কথাটিতে বাংলার আকাশ-বাতাস মুখরিত হয়। রাষ্ট্রবিজ্ঞানের পণ্ডিতেরা শুধু নন, নাগরিক সমাজের নেতারা নন, উপসম্পাদকীয় লেখকেরাও শুধু নন, বড় বড় দলের নেতারাও সভা-সমাবেশ থেকে টেবিল চাপড়ে চাইছিলেন রাজনীতিতে ‘সংস্কার’। সংস্কার শব্দটি তখন এতই প্রচলিত হয় যে দুধের দাঁত একটিও পড়েনি এমন শিশুরা পর্যন্ত ওই শব্দটির সঙ্গে পরিচিত হয়। ওই শিশুরা যেমন শব্দটির মানে জানত না, আলোচনা সভায় যাঁরা সংস্কার চাইতেন তাঁদের কাছেও শব্দটিতে কী বোঝায় তা পরিষ্কার ছিল না। তাঁরা সংস্কার চাইছিলেন, কিন্তু সংস্কারের রকমটা কী হবে তার ব্যাখ্যা তাঁরা দেননি। অনেকের কথায় মনে হতো, অগণতান্ত্রিক শক্তির সঙ্গে হাত মিলিয়ে একটা জগাখিচুড়ি মার্কা রাজনীতিকে বাংলাদেশে প্রতিষ্ঠা করতে পারলেই রাজনৈতিক সংস্কার হয়ে গেল। তাঁরা ওই বিবেচনা থেকে তাঁদের নিজ নিজ দলের দীর্ঘদিনের জনপ্রিয় নেতাদেরও বিয়োগ করতে দ্বিধা বোধ করেননি। সংস্কার বলতে তখন অনেকেই বুঝতেন যেকোনো কায়দায় ক্ষমতার স্বাদ উপভোগ করা। অনেক বড় দলের নেতাই সম্ভাব্য রাষ্ট্রপতি মইন উ আহমেদের মন্ত্রিসভায় যোগদানের জন্য দুই পায়ে খাড়া ছিলেন। মন্ত্রী হয়ে প্রথম দিন অফিসে নতুন স্যুট পরে যাবেন, সে স্যুটের অর্ডারও দেওয়া হয়েছিল দরজির দোকানে। কিন্তু তাঁদের স্বাদ পূরণ হয়নি। জনগণ চাইছিল গণতান্ত্রিক শাসন, কোনো গোঁজামিলের প্রশাসন নয়।
নির্বাচিত সরকারের/সরকারগুলোর অপশাসনে অতিষ্ঠ হয়ে যাঁরা রাজনৈতিক সংস্কার চাইছিলেন, তাঁরা সদিচ্ছা থেকেই চাইছিলেন এবং কোনো ভুল করেননি। কিন্তু তাঁরা ভুল করছিলেন এইটুকু যে কয়েক দিস্তা কাগজ ও কলম নিয়ে বসে একটা রূপরেখা খাড়া করলেই কোনো ব্যবস্থার সংস্কার করা যায় না। সংস্কার এক দীর্ঘ প্রক্রিয়ার বিষয়। এবং সময়সাপেক্ষ। সংস্কার নিয়ে বিভিন্ন নাগরিক সংগঠনের পক্ষ থেকে যখন আলোচনা চলে—প্রকাশ্যে ও অপ্রকাশ্যে—তখন ওই প্রক্রিয়ায় আমিও যুক্ত ছিলাম। আমি আমার মতামত দেওয়ার সময় বলতাম: পাকিস্তানি আমল থেকে বর্তমান পর্যন্ত আমাদের যে রাজনৈতিক ধারাটি চলে এসেছে তার পুনর্গঠন দরকার। পাকিস্তানি ধারার রাজনীতিতে ছিল রাজনীতিবিদ এবং সামরিক-বেসামরিক আমলা ও বড় ব্যবসায়ীদের সিন্ডিকেটের মাধ্যমে এক ককটেল গণতন্ত্র। সাধারণ মানুষকে ব্যবহার করে ক্ষমতা দখল করে ক্ষমতার অপব্যবহারের গণতন্ত্র। ওই ধরনের রাজনীতিতে বিদেশি দান-অনুদান-ঋণ নিয়ে স্কুল-কলেজ-মাদ্রাসা, ব্রিজ-কালভার্ট তৈরি করা গেলেও জনগণের কোনো কল্যাণ হয় না। দলীয় ক্যাডারদের অনাচার ও মন্ত্রী-আমলাদের দুর্নীতি সীমা ছাড়ায়। ওই ধরনের গণতন্ত্রে নির্বাচনের মাধ্যমে ক্ষমতার পালাবদল ঘটলেও জনগণের ভাগ্যের কোনো পালাবদল বা পরিবর্তন ঘটে না। সীমাহীন রক্তপাতের ভেতর দিয়ে দেশ যখন স্বাধীন হয়েছে, তারপর গণতন্ত্রের জন্যও যখন মানুষ অকাতরে জীবন দিয়েছে, তখন সামগ্রিক রাজনৈতিক সংস্কৃতির পুনর্গঠন প্রয়োজন।
পশ্চিমের ও উত্তরের যেসব দেশে গণতান্ত্রিক ব্যবস্থা সুপ্রতিষ্ঠিত হয়েছে তা হয়েছে দীর্ঘ রাজনৈতিক প্রক্রিয়ার ভেতর দিয়ে—রাতারাতি কোনো ফরমান জারি করে নয়। অসংখ্য সৃষ্টিশীল ও চিন্তাশীল লেখক গণতান্ত্রিক সংস্কৃতি প্রতিষ্ঠার জন্য লেখালেখি করেছেন এবং বক্তব্য দিয়ে জনমত গঠন করেছেন। ওই সব দেশে একটি সৃষ্টিশীল রাজনৈতিক দর্শন—ক্রিয়েটিভ পলিটিক্যাল ফিলোজফি—গড়ে ওঠে। একই সঙ্গে মানুষের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার জন্য গণ-আন্দোলন ও রক্তক্ষয়ী গৃহযুদ্ধ পর্যন্ত হয়েছে। গির্জার ও রাজার আধিপত্য খর্ব করতে এবং মানুষের অধিকার প্রতিষ্ঠা করতে চিন্তাবিদেরা ও বিপ্লববাদীরা সমান্তরালভাবে কাজ করে গেছেন। তাতে ফরাসিদের ছাড়া অন্য কোনো দেশে বিপ্লব না হলেও বিপ্লবের ভয়ে গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছে।
বিচিত্র মানুষের চিন্তা ও কর্মকাণ্ডের ভেতর দিয়ে পশ্চিমের দেশগুলোতে তৈরি হয়েছে রাজনৈতিক ও সামাজিক তত্ত্ব। গণতন্ত্র বিকাশে শুধু যে রাজনৈতিক দার্শনিকেরা লেখালেখি বা তত্ত্ব রচনা করেছেন তা নয়। কবি, কথাশিল্পী, নাট্যকার প্রমুখ তাঁদের সৃষ্টিশীল রচনাকে গণতান্ত্রিক মূল্যবোধ ও মানবাধিকার প্রচারের বাহন করেছেন। যাঁদের রাজনৈতিক ও সামাজিক দার্শনিক তত্ত্ব এখন বিশ্বব্যাপী কলেজ-বিশ্ববিদ্যালয়ে পাঠ্য, শিক্ষার্থীরা রাত জেগে মুখস্থ করেন, তাঁদের অনেকেই মূলত সৃষ্টিশীল লেখক-দার্শনিক হয়েছেন দায়ে পড়ে। ভলতেয়ার প্রধানত কবি, রুশো ঔপন্যাসিক, দিদেরো একজন বড় বিজ্ঞানী, হোলবাখ একজন তত্ত্ববিদ বা মেটাফিজিশিয়ান—অথচ তাঁদের খ্যাতি আজ রাষ্ট্রবিজ্ঞানের তাত্ত্বিক হিসেবে। গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য সমাজবিজ্ঞানী মন্তেস্কু লিখেছেন ব্যঙ্গরচনা বা স্যাটায়ার। তাঁরা গণতন্ত্রের তত্ত্ব তৈরি করেছেন, তা প্রয়োগের দায়িত্ব নিয়েছেন গণতান্ত্রিক দলের রাজনীতিবিদেরা। শুধু রাজনীতিকদের পক্ষে সম্ভব ছিল না সুষ্ঠু গণতান্ত্রিক সংস্কৃতি নির্মাণ করা। রাষ্ট্র পরিচালনার আর্ট বা কলাকৌশল রাজনীতিকদেরই জানা—তাত্ত্বিকদের নয়। তাত্ত্বিকেরা শুধু ব্যবস্থার প্রেসক্রিপশন দিতে পারেন।
গণতন্ত্রের একটি হলো তত্ত্বীয় দিক, আর একটি হলো প্রয়োগের দিক। কোনো তত্ত্ব প্রয়োগ করতে চাইলে তা চর্চার ভেতর দিয়ে করতে হয়। কোনো পদ্ধতির প্রয়োগ তখনই সুষ্ঠু হয় যখন তার প্রয়োগকারীরা যথেষ্ট প্রশিক্ষিত হন। প্রয়োগকর্তাদের ভালো প্রশিক্ষণ না থাকার ফলেই নষ্ট ও অদক্ষ লোকের অন্যায় আধিপত্যের বিস্তার ঘটে। নির্বাচনের মাধ্যমে জনগণের কাছ থেকে পাওয়া ক্ষমতা গঠনমূলক কাজে ব্যবহূত না হয়ে তার অপব্যবহার ঘটে। সমাজের স্তরে স্তরে তার বিকৃত প্রকাশ ঘটে। অপ্রশিক্ষিত নেতৃত্বে গণতান্ত্রিক ব্যবস্থার বিকৃতিতে সমাজে নৈরাজ্যের সৃষ্টি হয়, যা বাংলাদেশে গত দুই দশক যাবৎ চলছে।
গণতান্ত্রিক শাসন হলো দলীয় শাসন। সুযোগ্য নেতৃত্বে দলীয় কর্মী বাহিনী যদি প্রশিক্ষিত না হয়, শাসনব্যবস্থা যদি দক্ষ লোকদের দ্বারা পরিচালিত না হয়, তা হলে গোটা সমাজে বিশৃঙ্খলা দেখা দেয়। সন্ত্রাসের রাজত্ব কায়েম হয়। দুর্নীতি মাত্রা ছাড়িয়ে যায়। সমাজে এই নৈরাজ্যকর অবস্থার সৃষ্টি হয় যুক্তিহীনতা থেকে। যে সমাজে যুক্তির মূল্য নেই, সেখানে উন্নত সংস্কৃতি সৃষ্টি হতে পারে না। যে গণতান্ত্রিক ব্যবস্থায় বৈজ্ঞানিক চিন্তার মূল্য নেই, সে সমাজে শুধু ধর্মান্ধতা নয়, নৈরাজ্য থাকবেই। যুক্তির মূল্য না থাকার ফলেই রাষ্ট্রের মূল দলিল বা সংবিধানের বিধানগুলো মূল্যহীন হয়ে পড়ে। রাষ্ট্রের গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলো অকার্যকর হয়ে যায়, তাদের গুরুত্ব হারিয়ে যায়। সরকার অন্ধ এক দানবের মতো আচরণ করে নাগরিকদের সঙ্গে। সে সমাজে বিচারের আগেই অভিযুক্ত শাস্তি ভোগ করে।
গণতন্ত্রকে সুদৃঢ় করতে যে প্রতিষ্ঠানগুলোকে দায়িত্ব দেওয়া হয়েছে তার সবগুলোই আজ সম্পূর্ণভাবে ভেঙে পড়েছে, হয়তো আক্ষরিক অর্থে নয়, কিন্তু কার্যত। বিচার বিভাগ, নির্বাচন কমিশন, দুর্নীতি দমন কমিশন, সরকারি কর্মকমিশন, পুলিশ বিভাগ প্রভৃতি আইনের শাসন, ন্যায়বিচার ও নাগরিকদের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার ক্ষেত্রে নিরপেক্ষ ভূমিকা পালন করার কথা। প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীনে থেকেও নির্বাচন কমিশন আগে যতটা স্বাধীনভাবে কাজ করতে পেরেছে, এখন তারা নিজেরাই চাইছে তাদের ক্ষমতা খর্ব করতে। আগামী নির্বাচনের আগে নির্বাচন কমিশন যেসব বিধিবিধান করছে, তাতে নির্বাচন কমিশনারদের সম্পর্কে মানুষের মধ্যে গভীর সন্দেহের সৃষ্টি হয়েছে। সেই সন্দেহ দূর করার সময় আর তাদের হাতে নেই।
গণতান্ত্রিক ধারাবাহিকতা রক্ষা করতে হলে নির্বাচনের মাধ্যমে ক্ষমতা হস্তান্তরের বিকল্প কোনো ব্যবস্থা নেই। বাংলাদেশে যে রাজনৈতিক সংস্কৃতি গড়ে উঠেছে, তাতে সমাজের সব স্তরের অল্প কিছু মানুষ ব্যাপক সুবিধা পান। ফলে তাঁরা এই ব্যবস্থাকে টিকিয়ে রাখতে গোপনে ও প্রকাশ্যে কাজ করেন। শুধু শাসক দলের ক্যাডাররা নয়, আমলাতন্ত্র এই অপগণতান্ত্রিক রাজনীতি থেকে যে সুবিধা পাচ্ছে তাতে এখানে রাজনৈতিক সংস্কার অসম্ভব হয়ে পড়েছে। লর্ড কর্নওয়ালিশ থেকে লর্ড মাউন্টব্যাটেন পর্যন্ত দেড় শ বছরে ব্রিটিশ সরকার গোটা ভারতবর্ষে যত কর্মকর্তার পদোন্নতি দিয়েছিল, মহাজোট সরকার তার সাড়ে চার বছরে তার চেয়ে অনেক বেশি কর্মকর্তাকে পদোন্নতি দিয়ে বসিয়ে বসিয়ে বেতন দিচ্ছে। পদ নেই, পদোন্নতি আছে। আগে প্রয়োজনে সাধারণ মানুষ সরকারি কর্মকর্তাদের ঘুষ দিত, এখন সরকার আমলাদের ঘুষ দিচ্ছে। নির্বাচনের আগে সরকার হাতেম তাইয়ের মতো সরকারি কর্মকর্তাদের দুই হাতে সুবিধা বিলাচ্ছে। এই কর্মকর্তারা কেন সুষ্ঠু গণতন্ত্রের জন্য কাজ করবেন?
বড় বড় রাজনৈতিক দলের শীর্ষ নেতার সঙ্গে অন্যান্য নেতার সম্পর্ক প্রভু-ভৃত্যের। সহকর্মী হলে তাঁরা দ্বিমত পোষণ করতে পারতেন। টেলিভিশনের পর্দায় নেতাদের চাটুকারিতা যদি আগের দিনের জমিদারদের নায়েব-সেরেস্তাদার-গোমস্তারা দেখতেন, তা হলে লজ্জায় দাঁতে জিব কাটতেন। বর্তমান অবস্থায় বড় বড় দলের প্রধান নেতা আক্ষরিক অর্থেই চিফ এক্সিকিউটিভ অফিসার—সিইও। দলের ভেতরে যেখানে গণতান্ত্রিক সংস্কৃতি নেই, সেখানে ওই সব দল রাষ্ট্রে গণতন্ত্র প্রতিষ্ঠা করবে কীভাবে?
গণতন্ত্রের বিপর্যয়ের জন্য সব দোষ বড় দুই দলকে দেওয়াও যাবে না। বাংলাদেশে নিবন্ধিত রাজনৈতিক দলের সংখ্যা অনেক। ছোট দলগুলোর নেতাদের ভূমিকা কী? কেন তাঁরা দল গঠন করেন বা রাজনীতি করেন? যদি জাতীয় রাজনীতিতে কোনো ভূমিকাই না রাখবেন তা হলে কেন দল গঠন করেন? ভারতে ছোট ছোট আঞ্চলিক দল গণতন্ত্র প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। ছোট দলগুলোর দুটি ধারা। এক পক্ষ সুবিধাবাদী ও সুযোগসন্ধানী। তারা বড় দলগুলো থেকে উচ্ছিষ্ট ভোগ করে। তদবির-টদবির করে, চাঁদা তুলে, বিদেশি শক্তি থেকে কিছু দান-খয়রাত পেয়ে জীবিকা নির্বাহ করে। আর তাকে তাকে থাকে যদি অনির্বাচিত অগণতান্ত্রিক প্রশাসন আসে কোনো অচলাবস্থাকে কেন্দ্র করে, তাহলে সেখান থেকে সুবিধা নেবে। ছোট দলগুলোর আর এক গোত্র আছে, যারা ফুটপাতে দাঁড়িয়ে সাম্রাজ্যবাদকে কষে গালাগাল দেয় এবং বিপ্লবের চেয়ে কম কিছু তারা গ্রহণ করতে নারাজ।
এসবের বাইরে অগণিত ধর্মীয় সংগঠন ভরে গেছে বাংলাদেশ। তাদের সবচেয়ে বড়টির নাম জামায়াতে ইসলামী। কিন্তু গ্রহকে কেন্দ্র করে যেমন উপগ্রহ, তেমনি জামায়াতকে কেন্দ্র করে ছোট ইসলামি উপগ্রহ যে কত আছে তা আমাদের ধারণার বাইরে। ধর্মীয় সংগঠনগুলো গণতন্ত্রের শত্রু। এই মধ্যপ্রাচ্য ও মধ্যযুগপন্থীরা সবচেয়ে অকুণ্ঠ আনুকূল্য পায় বিএনপি থেকে। অনেকগুলো ‘মুক্তিযুদ্ধের সপক্ষ’ মৌলবাদী গোষ্ঠী আওয়ামী লীগের অন্তরঙ্গ বন্ধু। মহাজোট থেকে সুবিধা নিয়ে তারা ক্রমাগত মোটাতাজা হচ্ছে।
বর্তমান যুগে কোনো দেশের গণতন্ত্রের দুরবস্থার জন্য শুধু তার রাজনীতিকদের দায়ী করা যায় না। একধরনের নষ্ট পুঁজিবাদী ধারা ১৯৭৬ থেকে ’৯০ সালের মধ্যে বাংলাদেশে প্রবর্তিত হয়েছে। তাতে অর্থনৈতিক উন্নতি ঘটেছে। এনজিওগুলোর তৎপরতায় গ্রামীণ দারিদ্র্য কমেছে। বর্তমানে যে অর্থনৈতিক ধারা তার ভিত্তি তৈরি হয় জিয়াউর রহমানের সময় এবং বিকশিত হয় জেনারেল এরশাদের শাসনামলে। তারই ধারাবাহিকতা ধরে রেখেছে বিএনপি ও আওয়ামী লীগ সরকার ১৯৯১ থেকে আজ পর্যন্ত। সমাজতন্ত্রের নামে ভুল পদক্ষেপ ১৯৭২-৭৫ সময়ে দেশের অর্থনৈতিক বিপর্যয় ঘটায়। বাংলাদেশের উঠতি ব্যবসায়ী শ্রেণী জিয়ার আমল থেকে ব্যাপক সুযোগ-সুবিধা পেয়ে ধন্য হওয়ায় গণতান্ত্রিক শাসনের প্রতি তাদের শ্রদ্ধা ও সমর্থন নেই। তারা শিল্প-কারখানায় ট্রেড ইউনিয়ন সহ্য করে না। শ্রমিকদের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার আন্দোলন দমনে সরকারকে অগণতান্ত্রিক নিষ্ঠুর ব্যবস্থা নিতে প্ররোচিত করে। তারা হরতালের বিরুদ্ধে মহা ক্ষিপ্ত। ব্যবসায়ীরা আমলাতান্ত্রিক শাসন থেকে বেশি সুবিধা পান বলে গণতন্ত্র প্রতিষ্ঠায় ভূমিকা রাখেন না। হরতালের চেয়ে কলকারখানায় ধর্মঘট বেশি অর্থনৈতিক ক্ষতি করে। আমাদের তৈরি পোশাকশিল্পের নেতাদের জানা উচিত, হরতাল না হলে আজও আমরা ব্রিটিশের পায়ের নিচের থাকতাম। পাকিস্তান হতো না। বাংলাদেশ হতো না। উর্দু হতো রাষ্ট্রভাষা। বাঙালি সংস্কৃতি শেষ হয়ে যেত। সুতরাং হরতালকে বেশি গালাগাল যাঁরা করেন, তাঁরা খাঁটি গণতন্ত্রের পক্ষের নন।
যে ধরনের গণতন্ত্র বাংলাদেশে চালু রয়েছে, সেখানে সাধারণ মানুষকে ব্যবহার করে ক্ষমতায় গিয়ে ক্ষমতার অপব্যবহার হয়। এ ব্যবস্থায় যুক্তি নয় প্রাধান্য পায় গোঁয়ার্তুমি, সত্য নয় মিথ্যা। এ ব্যবস্থায় উন্নয়ন হয়, কিন্তু সুশাসনের লেশমাত্র থাকে না। এ ব্যবস্থায় প্রধানমন্ত্রীকে সামনে রেখে কোনো অদৃশ্য শক্তি রাষ্ট্র পরিচালনা করে। সেই অদৃশ্য শক্তির সিন্ডিকেটের সদস্যদের মধ্যে রয়েছেন বেসামরিক-সামরিক আমলা, ব্যবসায়ী নেতৃবৃন্দ, মিডিয়ার কেউ কেউ, সরকারের পক্ষপুটে আশ্রিত বিদ্বান ও বিশিষ্টজন এবং বৈদেশিক শক্তির চর। এই অবস্থা থেকে বেরিয়ে এসে গণতান্ত্রিক সুশাসন প্রতিষ্ঠা করতে হলে অল্পস্বল্প সংস্কারে কাজ হবে না—প্রয়োজন শাসনব্যবস্থা ও রাষ্ট্রব্যবস্থার পুনর্গঠন।
সৈয়দ আবুল মকসুুদ: গবেষক, প্রাবন্ধিক ও কলাম লেখক।