বাজেট হওয়া উচিত গণবান্ধব। এক বাক্যে তা সবাই আশা করেন। তবু দারিদ্র্য নিরসনে ভূমিকাটা অনেক কম থাকে প্রতিবারই। শিক্ষকেরা ভাবেন, এবার বুঝি বেতন বাড়বে। কিন্তু নানা অজুহাত সেটাও স্থগিত হয়ে ঝুলতে থাকে ‘একদিন হবে’ সেই আশায়। সরকারি চাকরির সঙ্গে বেসরকারি চাকরির বেতনের একটা বিরাট ব্যবধান থেকেই যাচ্ছে। বেসরকারি চাকরিতে কিছুটা লাগামহীন বেতন আর সরকারি চাকরির টানাটানির সম্মানীতে প্রাণ যায় অবস্থা হয় বাজারে গেলে। বাজেটে প্রয়োজন পে-স্কেল দেওয়ার পাশাপাশি এ দিকটা বিবেচনায় আনা।
বেকার সমস্যা বাড়ছে। শিক্ষার হারের সঙ্গে শিক্ষার মান বাড়ছে না। প্রয়োজন কারিগরি শিক্ষার ওপর জোর দেওয়া। এদিকে সৃজনশীল কাজের প্রতি ঝেঁাক বাড়ছে। প্রয়োজন এই খাতে আরও সুনজর দেওয়া। টিভি-চ্যানেলের খবরের মাধ্যমে জানা যায়, কালোটাকা সাদা করার সুযোগ এবার থাকছে না। যদি এই সিদ্ধান্তে অটল থাকা যায়, তবে সেটা শুভফল বয়ে আনবে দুর্নীতি প্রতিরোধে।
সাভার ট্র্যাজেডির পর শ্রমিকদের জন্য মজুরি বোর্ড গঠনসহ নানা পদক্ষেপ নিলেও জীবনের নিরাপত্তাসহ নানা চাহিদা পূরণে ঘাটতি রয়ে গেছে। প্রয়োজন শিল্পের দিকে মনোযোগ দেওয়ার পাশাপাশি এ দিকটার প্রতি সুনজর দেওয়া।
বিলাসী পণ্যের ওপর কর বাড়িয়ে নিত্যপ্রয়োজনীয় পণ্যের কর কমানো প্রয়োজন। তাতে সাধারণ মানুষের ভোগান্তি কমবে। বর্তমান বাজার অস্থিতিশীল। নিত্যপ্রয়োজনীয় সব দ্রব্যের দাম বাড়ছে। যাতায়াত ভাড়াও বাড়ছে একই হারে। সরকারি চাকুরেদের বেতন বৃদ্ধিটা খুবই প্রয়োজন। বাজেট এমনভাবে হওয়া উচিত, যাতে দেশের প্রতিটি খাতে সার্বিক উন্নয়নের পাশাপাশি সাধারণ মানুষের মৌলিক চাহিদাগুলো পূরণ হয়।
সঞ্জয় কুমার ভৌমিক
বসুন্ধরা আ/এ, শ্রীমঙ্গল।