গণমাধ্যম কার্যালয় যখন টার্গেট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যেকোনো রাজনৈতিক কর্মসূচিতে পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে গণমাধ্যমকর্মীরা আক্রমণের শিকার হয়ে থাকেন। ফলে বাংলাদেশে গণমাধ্যমকর্মীরা বরাবরই নিরাপত্তাহীনতায় ভোগেন। কিন্তু বিরোধী দলের ৬০ ঘণ্টা হরতালের আগের রাতে দুটি টেলিভিশন চ্যানেল ও একটি পত্রিকা অফিসের সামনে যে সন্ত্রাসী হামলা চালানো হয়েছে, তা অত্যন্ত উদ্বেগজনক।
পত্রিকার খবর অনুযায়ী শনিবার সন্ধ্যা সাড়ে ছয়টায় সন্ত্রাসীরা একাত্তর টেলিভিশন চ্যানেলের প্রধান ফটকের সামনে ককটেল বিস্ফোরণ ঘটায় এবং প্রতিষ্ঠানটির সিনিয়র নিউজরুম সম্পাদক জাকারিয়া বিপ্লব ও ক্যামেরা পারসন আলমগীর হোসেন আহত হন। জাকারিয়া বিপ্লবের আঘাত গুরুতর হওয়ায় প্রধানমন্ত্রীর নির্দেশে তাঁকে সিএমএইচে পাঠানো হয়েছে। অন্যদিকে সন্ধ্যা সোয়া সাতটায় সন্ত্রাসীরা মৌচাক এলাকায় ভোরের কাগজ-দেশ টিভি কার্যালয় লক্ষ্য করে দুটি ককটেল নিক্ষেপ করে। সৌভাগ্যক্রমে ককটেল দুটি বিস্ফোরিত হয়নি।
এই হামলা কেবল সংশ্লিষ্ট পত্রিকা, টেলিভিশন চ্যানেল কিংবা তাদের কর্মীদের ওপর নয়। এটি স্বাধীন গণমাধ্যমের কণ্ঠরোধের অপপ্রয়াস। কোনো গণমাধ্যমের খবর কারও বিপক্ষে যেতে পারে কিংবা তাদের ব্যাখ্যা-বিশ্লেষণ কারও পছন্দ না হতে পারে। তাই বলে গণমাধ্যমপ্রতিষ্ঠান এবং তার কর্মীদের ওপর সন্ত্রাসী কায়দায় হামলা চালানো হবে? যারা ৬০ ঘণ্টার হরতাল ডেকেছে, তাদের কোনো কর্মী এই কাণ্ড ঘটিয়েছেন কি না, তা-ও খতিয়ে দেখা দরকার। কেননা, হরতালকে কেন্দ্র করে কেবল গণমাধ্যমপ্রতিষ্ঠান নয়, বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনায়ও হামলা চালানো হয়েছে।
এর আগে গণমাধ্যম কার্যালয় এবং গণমাধ্যমকর্মীদের ওপর বহুবার হামলার ঘটনা ঘটলেও বিচার হয়নি। এমনকি সরকার অপরাধীদের চিহ্নিতও করতেও ব্যর্থ হয়েছে। এই বিচারহীনতাই যে অপরাধীদের বেপরোয়া করে তুলেছে, তা বলার অপেক্ষা রাখে না। এ অবস্থায় গত শনিবার সন্ধ্যায় গণমাধ্যম কার্যালয়ে হামলাকারীদের খুঁজে বের করে কঠোর শাস্তির দাবি জানাই।
রাজনৈতিক কর্মসূচির নামে কিংবা ব্যক্তিগত স্বার্থসিদ্ধির জন্য হোক, গণমাধ্যমের ওপর যারা এ ধরনের জঘন্য ঘটনা ঘটিয়েছে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হোক। অপরাধী যে দলেরই বা দলের বাইরের হোক, তাদের ছাড় দেওয়া যাবে না।