গণযন্ত্রণার গণপরিবহন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নামে গণপরিবহন, কিন্তু আসলে তা গণদুর্ভোগের আরেক নাম। অন্য অনেক দুর্ভোগের মতো এই দুর্ভোগেরও জন্ম রাজনীতির গর্ভে। রাজধানীর গণপরিবহন ব্যবসার প্রায় পুরোটাই যেখানে রাজনীতিকদের নিয়ন্ত্রণে, সেখানে গণবান্ধব পরিবহনের আশা দুরাশা মাত্র।
গতকালের প্রথম আলোর প্রতিবেদনের বরাতে জানা যাচ্ছে, রাজধানীর পরিবহন খাতে চলছে সরকারপন্থী রাজনীতিকদের একচেটিয়া রাজত্ব। হাজার হাজার কোটি টাকা ব্যয়ে উড়ালসড়ক নির্মিত হলেও যানজটের দুর্ভোগ কিছুমাত্র না কমার এটাও এক কারণ। অথচ প্রয়োজন ছিল ঢাকার বেসরকারি পরিবহনব্যবস্থাকে ঢেলে সাজানো এবং এই ব্যবসাকে নিয়ন্ত্রণ করা। কিন্তু বাস্তবতা হয়েছে এমন, কোন রুটে কোন বাস চলবে, রুটে গাড়ি চালানোর অনুমতি কারা পাবে—সবকিছুই ঠিক করে দিচ্ছেন প্রভাবশালী এই পরিবহনমালিকেরা।
দলীয়কৃত পরিবহন প্রশাসনে দলের পরিচয়ই মুখ্য। ফলে, অন্যদের জন্য সেই পথ কঠিন। তাঁদের বরং রুট পারমিট পেতে দিতে হয় অনেক ঘুষ। আর বেশির ভাগ মালিক একই দলের হওয়ায় তাঁরা অনায়াসেই পরিবহন ব্যবসার ধারা নিয়ন্ত্রণ করতে পারেন, পারেন বাস চলাচলের পথ ও ভাড়া নির্ধারণের একচেটিয়া ক্ষমতা। তাঁদের দাপটের সবচেয়ে বড় নজির হলো ২০০৮ সালে অনুমোদিত স্ট্র্যাটেজিক ট্রান্সপোর্ট প্ল্যান—এসটিপি বাস্তবায়নের চেষ্টা ঠেকিয়ে রাখা। গণপরিবহনে শৃঙ্খলা নেই, ভাড়ার মাত্রা অস্বাভাবিক বেশি, যাত্রী অধিকার বলে কোনো কিছুর দেখা এসব পরিবহনে মিলবে না।
অথচ রাজধানীতে যাতায়াত করা দিনে দিনে দুর্বিষহ হয়ে উঠেছে। যানজটের অন্যতম কারণও বাস চলাচলে যাত্রীবান্ধব পরিকল্পনার অভাব। যেখানে দরকার ছিল বেশি যাত্রী বহনে সক্ষম মেট্রোরেলের মতো ব্যবস্থা, সেখানে বাসমালিকদের চাপে তেমন কোনো উদ্যোগ নেওয়াই যাচ্ছে না। অন্যদিকে, বিভিন্ন কোম্পানির যানবাহনের অসুস্থ প্রতিযোগিতা সড়কগুলোকে করে তুলেছে অনিরাপদ ও ঝুঁকিপূর্ণ।
ঢাকার পরিবহনব্যবস্থাকে রাজনীতিকদের একচেটিয়া কর্তৃত্ব থেকে বের করে গণমুখী করা দরকার। ফি বছর এই খাতে অনেক অর্থ ব্যয় করেও ঢাকার পরিবহনব্যবস্থা সহনীয় না হওয়ার পেছনে যে অপশক্তি আছে, তাদের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার বিকল্প নেই।