কিছুদিন আগে দেশের সব মহাসড়কে দুর্ঘটনাপ্রবণ এলাকা চিহ্নিত করা হয়৷ সে অনুযায়ী মহাসড়কের পাশে সাইনবোর্ড লাগানো হয়৷ কিন্তু সে সাইনবোর্ড কে দেখে৷ চালকেরা রাস্তায় গাড়ি চালাচ্ছেন আগের মতোই৷
দেশের দুর্ঘটনাপ্রবণ এলাকাগুলোর মধ্যে একটি হলো সিরাজগঞ্জ জেলার হাটিকুমরুল থেকে বগুড়া জেলার বনানী পর্যন্ত৷ মহাসড়কের এই এলাকায় গত পাঁচ বছরে অন্তত ১০০টি ছোট-বড় দুর্ঘটনা ঘটেছে৷ তাতে নিহত হয়েছে অন্তত দুই শতাধিক মানুষ৷ আর আহত হয়েছে পাঁচ শতাধিক৷ এই এলাকার অন্যতম মরণফাঁদ ঘোগা ব্রিজ৷ তিন দিনের চাঁদের মতো বাঁকা রাস্তার মাঝে অবস্থিত এই ঘোগা ব্রিজ৷ এখানে রাতের বেলায় চালকেরা নাকি দু-তিনটি রাস্তা দেখেন৷ আর তাতেই ঘটে যায় বড় ধরনের দুর্ঘটনা৷ মহাসড়কের এই এলাকায় পথচারী পারাপারে এবং অনেক দুর্ঘটনায় শত শত লোক নিহত ও আহত হওয়ার জন্য এলাকাবাসীর আন্দোলনের ফলে কর্তৃপক্ষ বিভিন্ন স্থানে গতিরোধক নির্মাণ করেছিলে৷ আর তাতে দুর্ঘটনা প্রায় শূন্যের কোঠায় নেমে এসেছিল৷ কিন্তু কিছুদিন আগে কেউ কিছু বুঝে না উঠতেই প্রায় সব কটি গতিরোধক তুলে ফেলা হয়েছে৷ কার নির্দেশে এবং কেনই-বা গতিরোধকগুলো তুলে ফেলা হলো, সেই প্রশ্নের উত্তর কেউ জানে না৷ এ অবস্থায় এলাকার স্কুল-কলেজের ছাত্রছাত্রী, অফিস-আদালতের লোকজন এবং সর্বস্তরের পথচারীকে জীবনের ঝুঁকি নিয়ে রাস্তা পারাপার হতে হচ্ছে৷
এসব স্থানে জরুরি ভিত্তিতে গতিরোধক নির্মাণ করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি৷
মো. আমিনুল ইসলাম
চান্দাইকোনা, সিরাজগঞ্জ৷