ঢাকা বিশ্ববিদ্যালয়ের লেদার ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে কাঁচা চামড়া প্রক্রিয়াজাত করে তা থেকে চামড়াজাত পণ্য উৎপাদনের প্রতিটি ধাপের কাজ সম্পন্ন করার উপযোগী যন্ত্রপাতি আছে। কিন্তু দীর্ঘদিন ধরে অব্যবহূত থাকায় মোট ২৬টি ভারী গবেষণাযন্ত্রের ২৩টিই বিকল হয়ে গেছে। প্রথম আলোর প্রতিবেদক সরেজমিনে দেখতে পেয়েছেন, ইনস্টিটিউটের প্রতিটি ল্যাবরেটরি যন্ত্রপাতির ওপর ধুলো জমেছে, মাকড়সা জাল বুনতে শুরু করেছে।
এই হতাশাব্যঞ্জক পরিস্থিতির সৃষ্টি হয়েছে শিক্ষার্থীদের ব্যবহারিক ক্লাসগুলো না হওয়ায়। শিক্ষার্থীদের পাশাপাশি শিক্ষকদেরও এখানে গবেষণা করার সুযোগ আছে, কিন্তু তাঁরাও গবেষণা করেন না। ফলে বহুমূল্যের এসব যন্ত্রপাতি অব্যবহূত থেকে নষ্ট হয়ে যাচ্ছে। শিক্ষার্থীদের ব্যবহারিক ক্লাসগুলো হয় না মূলত গবেষণা সহকারীর অভাবে, যাঁরা শিক্ষার্থীদের হাতেকলমে সহযোগিতা করতেন। একসময় এ প্রতিষ্ঠানে অন্তত ৩০ জন গবেষণা সহকারী ছিলেন; তাঁরা বিশেষ প্রশিক্ষণও পেয়েছিলেন। কিন্তু তাঁরা বিদেশে চলে যাওয়ার পর গবেষণা সহকারীর এই শূন্যতা সৃষ্টি হয়। এ ক্ষেত্রে অবশ্যই উচিত ছিল শূন্য পদগুলোতে নতুন করে গবেষণা সহকারী নিয়োগ করা। কিন্তু সেটা কেন করা হয়নি, তা বোধগম্য নয়। এখানে শিক্ষকস্বল্পতা রয়েছে, তবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন বিভাগের শিক্ষকদের খণ্ডকালীন দায়িত্ব দিয়ে সেই অভাব পূরণ করা হচ্ছে। কিন্তু এভাবে এমন একটি প্রায়োগিক বিষয়ের পূর্ণ শিক্ষা ও গবেষণাকাজ সম্পন্ন করা সম্ভব নয়।
লক্ষণীয় বিষয় হলো, অধিকাংশ গবেষণাযন্ত্র বিকল থাকা সত্ত্বেও ইনস্টিটিউটের ভারপ্রাপ্ত পরিচালক চলতি শিক্ষাবর্ষে গবেষণাগারে ব্যবহার্য রাসায়নিকসহ অন্যান্য আনুষঙ্গিক দ্রব্য কেনার জন্য দুই কোটি ৪৬ লাখ ৭৫ হাজার টাকার চাহিদাপত্র দিয়েছেন। কিন্তু সবকিছুর আগে প্রয়োজন গবেষণা সহকারী নিয়োগ করা। তা না হলে যন্ত্রপাতি মেরামত করার পরে সেগুলো আবারও বিকল হবে অব্যবহূত থাকার কারণে। আর যন্ত্রপাতি ব্যবহূত না হলে রাসায়নিক ও অন্যান্য আনুষঙ্গিক দ্রব্যের ব্যবহারই বা কীভাবে হবে, কারা তা করবেন?
প্রায় সাড়ে ছয় শ শিক্ষার্থীর এই ইনস্টিটিউটের তাত্ত্বিক ও ব্যবহারিক শিক্ষা সুচারুভাবে সম্পন্ন করার স্বার্থে অবিলম্বে প্রয়োজনীয় সংখ্যক গবেষণা সহকারী নিয়োগ দেওয়া হোক।