নির্বাচন সামনে রেখে দেশের রাজনৈতিক পরিস্থিতি দিন দিন খারাপের দিকেই যাচ্ছে। নতুন করে শুরু হওয়া ৭২ ঘণ্টার অবরোধ কর্মসূচি চলছে। অন্যদিকে গাড়ি পোড়ানোর ঘটনায় হত্যা এবং বিস্ফোরক দ্রব্য আইনে আটক হয়েছেন বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বিএনপির অন্য শীর্ষস্থানীয় নেতাদের বিরুদ্ধেও মামলা হয়েছে। ফলে আলাপ-আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের কোনো ইঙ্গিত তো নেই-ই, বরং পরিস্থিতি যে ভয়াবহ সংঘাতের দিকে যাচ্ছে, সেটা পরিষ্কার।
নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র দাখিলের শেষ সময় আগামীকাল ২ ডিসেম্বর। এর আগে সমস্যার সমাধান বা সমাধানের অন্তত প্রক্রিয়া শুরু করার যে প্রত্যাশা নানা মহল থেকে করা হয়েছিল, সেটাও আর বাস্তবসম্মত নয়। সমঝোতার কোনো প্রক্রিয়া শুরু হলে বা বিএনপি নির্বাচনে এলে নতুন তফসিল ঘোষণার কথা নির্বাচন কমিশন থেকে বলা হয়েছিল। সে রকম কিছু না হওয়ায় এক গভীর অনিশ্চিত পরিস্থিতিতে পড়েছে পুরো দেশ।
সরকার ও বিরোধী দল কোনো আলোচনা ও সমঝোতার পথে না গিয়ে গোঁয়ার্তুমি ও একগুঁয়ে অবস্থান নেওয়ায় দেশ আজ এ পর্যায়ে গিয়ে পৌঁছেছে। দুই পক্ষকেই এর দায় নিতে হবে। শুধু অবাধ, নিরপেক্ষ বা গ্রহণযোগ্য নির্বাচন নিয়ে অনিশ্চয়তা নয়, আন্দোলনের নামে বর্বরতা ও নৃশংসতা সব মাত্রা ছাড়িয়ে গেছে। পুড়িয়ে মারা হচ্ছে নিরীহ মানুষকে। দেশজুড়ে এখন এক ভীতিকর পরিস্থিতি বিরাজ করছে। সমঝোতা ও আলোচনার মাধ্যমে সমস্যার সমাধানের কোনো উদ্যোগ বা লক্ষণ এখনো পরিষ্কার না হওয়ায় সামনের দিনগুলোতে আরও সংঘাত ও সহিংসতার আশঙ্কায় চরম আতঙ্কের মধ্যে রয়েছে দেশবাসী।
দেশের এ পরিস্থিতিতে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায় থেকে গভীর উদ্বেগ প্রকাশের পাশাপাশি নানা উদ্যোগও অব্যাহত রয়েছে। জাতিসংঘ মহাসচিব বান কি মুন গত বুধবার চিঠি পাঠিয়েছেন প্রধানমন্ত্রী ও বিরোধীদলীয় নেতার কাছে। আলাপ-আলোচনার মাধ্যমে সমস্যার সমাধানের আহ্বান জানিয়েছেন আবারও। আমরাও মনে করি, এ ভয়াবহ সংঘাত-সহিংসতা ও অনিশ্চয়তার দশা থেকে দেশকে মুক্তি দিতে আলাপ-আলোচনার পথ বেছে নেওয়ার বিকল্প নেই।
সময় দ্রুতই ফুরিয়ে যাচ্ছে, ফলে সমঝোতার উদ্যোগ নিতে হবে এখনই। সমঝোতা হলে নির্বাচন কমিশনের আশ্বাস অনুযায়ী আবার নতুন করে তফসিল ঘোষণা করতে হবে। তবে সমঝোতার ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো দুই পক্ষেরই ছাড় দেওয়ার মানসিকতা। ছাড় দেওয়া মানে পরাজয় স্বীকার করে নেওয়া নয়। ছাড় দেওয়া হলো সমঝোতার মাধ্যমে একটি শান্তিপূর্ণ সিদ্ধান্তে আসা। জাতির এই ক্রান্তিকালে সরকার বা বিরোধী দল—উভয়ের কাছ থেকে দায়িত্বশীল আচরণই প্রত্যাশিত। মনে রাখতে হবে, তাদের উভয়ের কিংবা যেকোনো এক পক্ষের হঠকারিতা দেশ ও গণতন্ত্রের জন্য মহাবিপর্যয় ডেকে আনতে পারে। চারদিকে সেই আলামতই পাওয়া যাচ্ছে।