গলাচিপায় লঞ্চডুবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গতকাল রোববার নৌ নিরাপত্তা সপ্তাহের শুরুর দিনেই পটুয়াখালীর গলাচিপায় লঞ্চডুবিতে অন্তত ১২ জনের মৃত্যুর দুঃসংবাদ পত্রপত্রিকায় শিরোনাম হয়েছে। জানা গেছে, লঞ্চটির নকশা, কারিগরি ও কাঠামোগত নির্মাণে ত্রুটি ছিল। আর তা ছাড়া, এই কালবৈশাখীর মৌসুমে ঝড়ের আশঙ্কা বিবেচনায় রাখা উচিত ছিল। লঞ্চমালিক ও তাঁর কোম্পানি এসব ব্যাপারে সচেতন থাকলে হয়তো এত যাত্রীকে ডুবে মরতে হতো না। এই মর্মান্তিক লঞ্চডুবির জন্য মালিকপক্ষই মূলত দায়ী।
এই লঞ্চ গত ২৭ জানুয়ারি অপর একটি লঞ্চের ধাক্কায় ডুবে গিয়েছিল। একই মালিকের অপর একটি লঞ্চও দুবার ডুবেছে। বারবার লঞ্চডুবি নিছক দুর্ঘটনা হতে পারে না। তাই মালিক ও কোম্পানি কর্তৃপক্ষের অবহেলা পরিমাপের জন্য ভালো অনুসন্ধান দরকার। আমাদের দেশের একশ্রেণীর লঞ্চমালিকের ব্যবসার একমাত্র উদ্দেশ্য যেভাবে হোক অতিমুনাফা হাতানো। যাত্রীদের জীবন-মরণ তাঁদের কাছে কোনো ব্যাপার নয়। তা না হলে ১৯৮৩-৮৫ সালের বাতিল হয়ে যাওয়া নকশায় তৈরি লঞ্চ কীভাবে নদীতে নামানো হয়?
নৌপরিবহন কর্তৃপক্ষের অবহেলাও এ ধরনের লঞ্চডুবির জন্য অনেকাংশে দায়ী। তাদের নজরদারি কোথায়? লঞ্চটির ছাদে অতিরিক্ত যাত্রী ছিল। নিয়মবহির্ভূতভাবে হ্যাচ ঢাকনা খোলা রাখায় খোলে পানি ঢুকে পড়ে এবং লঞ্চটি দ্রুত ডুবে যায়। লঞ্চ চলাচলে নৌপরিবহন কর্তৃপক্ষের নিয়ন্ত্রণ না থাকায় লঞ্চমালিকেরা বেপরোয়া হয়ে উঠছেন। ফলে নিরীহ যাত্রীদের অসহায়ভাবে মরতে হচ্ছে।
নৌ নিরাপত্তা সপ্তাহ উপলক্ষে হয়তো অনেক ঢাকঢোল পেটানো হবে। কিন্তু মালিকদের লঞ্চ পরিবহনের নিয়মকানুন, লঞ্চ নির্মাণে অনুমোদিত নকশা ও নির্মাণ কৌশল মেনে চলতে বাধ্য করার ব্যবস্থা করতে না পারলে যাত্রীদের জীবনের নিরাপত্তা নিশ্চিত করা যাবে না। নৌপরিবহন কর্তৃপক্ষের নজরদারি শক্তিশালী করাই হতে হবে অন্যতম প্রধান দায়িত্ব।
যাঁরা নিয়ম ভেঙে লঞ্চ বানাবেন, যাত্রী পরিবহনের নিয়মকানুন মানবেন না, তাঁদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করতে হবে। নভেম্বর মাস পর্যন্ত ঝড়-বৃষ্টি-দুর্যোগ লেগেই থাকবে। এই সময় নৌপথ নিরাপদ রাখার বিশেষ উদ্যোগ দরকার।