গাড়িবিলাস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সরকারের সাধারণ কাজের চেয়ে প্রকল্পের কাজ অনেক লোভনীয়। প্রকল্পের টাকা বহুভাবেই খরচ করা যায়, এমনকি নষ্টও করা যায়। বেশির ভাগ ক্ষেত্রে সংবাদ প্রকাশিত হওয়ার পরও কারও শাস্তি হওয়ার নজির কম। গত বুধবারের প্রথম আলোয় প্রকাশিত হয়েছে প্রকল্পের নামে সচিব পর্যায়ের কর্মকর্তাদের গাড়িবিলাসের খবর। ঘূর্ণিঝড় সিডরে ক্ষতিগ্রস্ত উপকূলের ১৩টি জেলায় টিকাদান কর্মসূচির জন্য কেনা আটটি গাড়ি ব্যবহূত হচ্ছে সম্পূর্ণ অন্য উদ্দেশ্যে।
টাকা দিয়েছে জার্মান সংস্থা, গাড়ি কিনেছে স্বাস্থ্য অধিদপ্তর, ব্যবহারের কথা উপকূলীয় এলাকায়, গাড়ি চলছে ঢাকায়; ব্যবহার করছেন সরকারের উচ্চপদস্থ কর্মকর্তারা। প্রকল্পের জন্য আড়াই কোটি টাকা করে মোট আটটি গাড়ি কেনা হয়েছে। এগুলোর সাতটি অপাত্রে দান করা হলেও অষ্টমটির কোনো হদিস নেই। গাড়িবিলাসী সরকারের চার কর্মকর্তার কেউই বিষয়টির মধ্যে অনিয়ম খুঁজে পাচ্ছেন না! গাড়িগুলো যাঁরা নিয়েছেন বা পেয়েছেন, তাঁদের প্রত্যেকেই সরকারিভাবে আগেই গাড়ি পেয়েছেন। রুশ সাহিত্যিক লিও টলস্টয়ের নীতিশিক্ষামূলক গল্পের প্রশ্নের মতো তাঁদের কাছে জানতে চাওয়া উচিত যে একজন আমলার কয়টি গাড়ি লাগা উচিত?
প্রথম আলোর প্রতিবেদকের কাছে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক সিফায়েত উল্লাহ বলতে দ্বিধা করেননি, ‘টিকার গাড়ি স্বাস্থ্যে ব্যবহার করায় কোনো ক্ষতি নাই।’ তাঁর ক্ষতি না হতে পারে, কিন্তু যাদের জন্য প্রকল্প, তাদের নিশ্চয়ই ক্ষতি হয়েছে। গাড়িগুলো কেনা হয়েছে উপকূলের ক্ষতিগ্রস্ত এলাকায় টিকাদান কর্মসূচি তদারকের কাজে। অর্থাৎ দামি গাড়িগুলো ওই কর্মসূচি বাস্তবায়নে সেই অঞ্চলে ব্যবহারের কথা থাকলেও একটি গাড়িও ঢাকার বাইরে গেছে বলে প্রমাণ নেই। এগুলোর চারটি ব্যবহার করেন স্বাস্থ্য অধিদপ্তরের চার শীর্ষ কর্মকর্তা। দেড় মাস আগে কেনা হলেও এখনো কেন এগুলোকে যথাস্থানে পাঠানো হয়নি তা জানতে চাইলে প্রাথমিক স্বাস্থ্যসেবার পরিচালক বলেন, ‘ভবিষ্যতে ব্যবহার করা হবে।’ এত দিন কেন করা হয়নি?
তিনটি গাড়ি দেওয়া হয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে। শেষ গাড়িটি স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রীকে দিতে চাইলেও তিনি তা নেননি বলে জানা গেছে। সেই গাড়িটি নিখোঁজ! এহেন ‘মগের মুল্লুকে’ সবই সম্ভব। গাড়িবণ্টনের ধরন দেখলে বোঝা যায়, প্রকল্পের স্বার্থে নয়, ভাগ-বাঁটোয়ারার আদলেই এগুলো বিতরিত হয়েছে।
প্রকল্পের নামে এ রকম নয়ছয়ে কেবল দুর্নীতিই হয় না, উন্নয়ন-সহযোগীদের কাছে দেশের ভাবমূর্তিও নষ্ট হয়। এতে করে তাদের সহযোগিতার উৎসাহ কমে আসে। পরিণামে ক্ষতিগ্রস্ত হয় জনগণের স্বার্থ। সরকারের সব প্রকল্পের খরচের নীতিমালা নিয়েই তাই প্রশ্ন ওঠে। প্রশ্ন ওঠে এসব অনিয়মকে দুর্নীতি হিসেবে দেখতে না-চাওয়া বিষয়েও। শুধু প্রকল্পে কেন, সাধারণভাবে সরকারি গাড়ি কেনা, ব্যবহার ও বণ্টনের মধ্যে সমস্যা আছে।
এ ধরনের সব প্রকল্পে যেমন সুষ্ঠু তদারকি চাই, তেমনি চাই সরকারের সব পর্যায়ে ব্যয় ও বরাদ্দের বিষয়টি কঠিন নিয়মের মধ্যে পরিচালিত হোক। এভাবে আর চলতে পারে না।