গুজবে কান দেবেন না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিছক গুজবের ওপর ভর করে গত রোববার সাভারে যে তুলকালাম কাণ্ড ঘটেছে, তা কেবল অনাকাঙ্ক্ষিত নয়, উদ্বেগজনকও। এ ধরনের গুজব যাঁরা ছড়ান, তাঁরা যে কারও হিতাকাঙ্ক্ষী নন, তা শ্রমিক-কর্মী সবাইকে বুঝতে হবে, সংযত থাকতে হবে। সাভারের উলাইল এলাকায় আল-মুসলিম গ্রুপের কারখানা ও ফায়ার সার্ভিস স্টেশনটি পাশাপাশি অবস্থিত।
ঘটনার দিন আল-মুসলিম গ্রুপের শ্রমিক বহনকারী একটি বাসের ধাক্কায় ফায়ার স্টেশনের সাইনবোর্ড পড়ে যায় এবং এরই জের ধরে ফায়ার সার্ভিস কর্মী এবং পরিবহনশ্রমিকদের মধ্যে প্রথমে কথা-কাটাকাটি, পরে আটক রাখা ও মারধরের ঘটনা ঘটে। একপর্যায়ে বাসের কর্মীরা গুজব ছড়িয়ে দেন যে ফায়ার সার্ভিসের লোকেরা দুজন শ্রমিককে ধরে নিয়ে গেছেন। এ গুজব শুনে কারখানার কয়েক হাজার শ্রমিক ফায়ার সার্ভিস স্টেশনে হামলা চালান এবং তাঁরা তিনটি অগ্নিনির্বাপণ যান, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একটি জিপ ও স্থানীয় একজন সাংবাদিকের ব্যক্তিগত গাড়িটি ভাঙচুর করেন। তাঁদের হামলায় স্টেশন কর্মকর্তা-কর্মচারীদের দপ্তর ও ব্যারাক ভাঙচুরের পাশাপাশি বেশ কয়েকজন কর্মী আহত হন।
পরে শ্রমিকদের নিবৃত্ত করতে পুলিশ এলে উভয় পক্ষের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়। এ সময় বিক্ষুব্ধ কর্মীরা অন্তত ৫০টি যানবাহন ভাঙচুর করেন। আমরা অনেক ঘটনায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অভিযুক্ত করি। কিন্তু এখানে তারা জননিরাপত্তা রক্ষা করতে এসে আক্রান্ত হয়। তাদের এই কর্তব্যবোধ প্রশংসনীয়।
উলাইল এলাকার ফায়ার সার্ভিস স্টেশনটি স্থাপন করা হয়েছে সেখানে অবস্থিত কারখানা এবং শ্রমিকদের নিরাপত্তা রক্ষায়। তাই প্রতিষ্ঠানটি কিংবা এর কর্মকর্তা-কর্মচারীদের শত্রু ভাবা সমীচীন নয়। ফায়ার সার্ভিসের কোনো কর্মী শ্রমিকদের সঙ্গে অন্যায় আচরণ করলে তাঁর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া যেত। কিন্তু গুজব ছড়িয়ে শত শত শ্রমিককে খেপিয়ে দেওয়া ফৌজদারি অপরাধ। কারখানার দায়িত্বশীল কর্মকর্তাদের উচিত ছিল পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার আগেই হস্তক্ষেপ করা। তাতে সংঘর্ষ ও সম্পদহানি এড়ানো যেত।
ভবিষ্যতে এর পুনরাবৃত্তি রোধ করতেই ঘটনার সুষ্ঠু তদন্ত হওয়া এবং দায়ী ব্যক্তিদের চিহ্নিত করা জরুরি।