গুড মর্নিং 'প্রথম আলো'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আমি প্রথম আলোর একজন উন্মাদ পাঠক (দারুণ ভক্ত)। প্রথমত, সকাল হলেই আমি হকারের জন্য প্রতীক্ষা করি না, নিজেই বাইসাইকেল চালিয়ে হাজির হই ‘ইত্যাদি’তে (পত্রিকার দোকান)। প্রথম আলো হাতে নিয়ে তবেই শান্তি। দ্বিতীয়ত, অনলাইনে পত্রিকা পড়ে আমি মজা পাই না। কারণ, সেখানে প্রথম আলোর গায়ের (কাগজের) গন্ধ আমি পাই না। যেমনটা পাই প্রথম আলোকে নিজের হাতে নিয়ে একান্ত নিজের মতো করে পড়তে ও ভাবতে।
এ কথা নিঃসন্দেহে বলা যায়, প্রথম আলো একমাত্র পত্রিকা, যে পত্রিকা সাধারণ মানুষের হূদয়ে স্থায়ী আসন করে নিয়েছে তার নানামুখী স্বেচ্ছামূলক ও কল্যাণমূলক বিভিন্ন পদক্ষেপের মধ্য দিয়ে। তাই পত্রিকাটি শুধু সংবাদ পরিবেশন কিংবা বিনোদনের জন্য কাজ করে না। উদারচিত্তে কাজ করে যায় অসহায় মানুষগুলোর পাশে দাঁড়িয়ে। সাভার ট্র্যাজেডিতে নিহত কিংবা আহত হওয়া সব শ্রমিকের স্বজন ও অসুস্থ শ্রমিকদের পাশে দাঁড়ানোর জন্য ‘মেরিল-প্রথম আলো সাভার সহায়তা তহবিল’ গঠন করা হয় প্রথম আলোর উদ্যোগে, যার মাধ্যমে অনেক শ্রমিকই ফিরে পান সুস্থ জীবনের স্বাদ।
নানা সময়ে প্রথম আলো কর্তৃক আয়োজিত বিভিন্ন ‘গোলটেবিল’ বৈঠকে নানা তথ্য-উপাত্ত জনগণের সামনে তুলে ধরা হয়। মতামত নেওয়া হয় সুধীজনদের কাছ থেকে। এই বিশ্লেষণধর্মী আলোচনায় বিষয়গুলো আরও সজীব হয়ে ওঠে।
৪ নভেম্বর প্রথম আলোর জন্মদিন। ধীরে ধীরে বয়স বাড়ছে, বৃদ্ধি পাচ্ছে বিস্তৃতি। প্রথম আলোতে ‘দূর পরবাসে’ একটি বিভাগ রয়েছে, যার মাধ্যমে প্রবাসীরা তাঁদের হূদয়ের কথাগুলো (যা শুধু মাতৃভূমি বাংলাদেশকে ঘিরে) অবলীলায় প্রকাশ করে যান, যা পড়ে মাঝেমধ্যে চোখে পানি আসে।
শুভ জন্মদিন প্রথম আলো। ভালোবাসি প্রথম আলো। ভালোবাসি তার সাহসী ভূমিকা, নির্ভীক পথচলা, উজাড় করে নিজেকে বিলিয়ে দেওয়ার মনোভাব মানুষের মধ্যে। সেই সঙ্গে শ্রদ্ধা জানাই প্রথম আলো পত্রিকার সব সাংবাদিক ভাইকে, যাঁদের অক্লান্ত পরিশ্রম আর সততায় প্রথম আলো এগিয়ে যাবে আরও অনেক দূর। আরও সমৃদ্ধ হবে পাঠকদের ভালোবাসায়।
সঞ্জয় কুমার ভৌমিক
বসুন্ধরা আবাসিক এলাকা, শ্রীমঙ্গল।