অপহরণের ৩৫ ঘণ্টা পর তৈরি পোশাক কারখানার কর্মকর্তা আবু বকর সিদ্দিকের ফিরে আসা নিঃসন্দেহে আনন্দের ঘটনা। কিন্তু আইন ও সালিশ কেন্দ্রের তথ্য অনুযায়ী, গত চার বছরে আরও যে ২৬৮ জন অপহূত হয়েছেন, তাঁদের অধিকাংশ ফিরে আসেননি। কারও কারও লাশ উদ্ধার হলেও বাকিরা কোথায় আছেন, কীভাবে আছেন, আদৌ বেঁচে আছেন কি না, সে সম্পর্কে কিছুই জানাতে পারেননি সংশ্লিষ্ট সংস্থা ও বাহিনীর সদস্যরা।
সরকার তথা রাষ্ট্রীয় সংস্থা ও বাহিনীগুলোরই দায়িত্ব নাগরিকদের জানমালের নিরাপত্তা দেওয়া। তারা সেই দায়িত্ব যথাযথভাবে পালন করেনি বলেই এত বিপুলসংখ্যক মানুষ অপহরণ ও গুমের শিকার হয়েছেন। আরও উদ্বেগের বিষয় হলো, বেশ কিছু ক্ষেত্রে খোদ রাষ্ট্রীয় সংস্থা ও বাহিনীগুলোর সদস্যদের বিরুদ্ধেই অপহরণ ও গুমের অভিযোগ উঠেছে।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে বলার চেষ্টা করা হয়েছে, তাদের তৎপরতা, গণমাধ্যমসহ বিভিন্ন মহলের চাপের কারণেই অপহরণকারীরা আবু বকর সিদ্দিককে ছেড়ে দিতে বাধ্য হয়েছে। এ বক্তব্য যদি সত্য হয়ে থাকে, সব অপহরণ ও গুমের ঘটনায় তাদের তৎপর হতে দেখি না কেন? দুই বছর আগে অপহূত হয়েছেন বিএনপির নেতা ইলিয়াস আলী, তারও আগে অপহূত হন চৌধুরী আলমসহ অনেকে। এ ব্যাপারে সরকার কোনো তদন্ত কিংবা অপহূতদের উদ্ধারের চেষ্টা করেছে কি না, সে বিষয়ে দেশবাসীকে কিছু জানানো হয়নি।
আইন ও সালিশ কেন্দ্রের তথ্য অনুযায়ী, গত চার বছরে কেবল বিরোধী দলের নেতা-কর্মী, ব্যবসায়ী বা অন্য পেশাজীবীরাই অপহূত হননি, অপহূত হয়েছেন সরকারি দলের নেতা-কর্মীরাও। অনেক ক্ষেত্রে সরকার অপহরণ বা গুমের ঘটনা স্বীকারই করতে চায় না। এই অস্বীকারের সংস্কৃতি জনজীবনকে যেমন মারাত্মক হুমকির মধ্যে ঠেলে দিয়েছে, তেমনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিও মানুষ প্রায় আস্থা হারিয়ে ফেলছে।
আবু বকর সিদ্দিক মুক্ত হলেও কারা তাঁকে অপহরণ করেছিল, কেন করেছিল, কীভাবে তিনি ছাড়া পেলেন—সেসব ঘটনা এখনো রহস্যাবৃত। এই অপহরণের ঘটনায় যে যানবাহনটি ব্যবহার করা হয়েছিল, সেটি উদ্ধার হয়েছে, তাঁর অপহরণ ও মুক্ত করার জায়গা সম্পর্কে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী স্পষ্ট ধারণা পেয়েছে। এসব সূত্রের ভিত্তিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রথম ও প্রধান দায়িত্ব অপহরণকারী এবং তাদের নেপথ্যের হোতাদের খুঁজে বের করে বিচারে সোপর্দ করা। সেটি করতে তারা ব্যর্থ হলে জনগণ যে তাদের দিকেই সন্দেহের তিরটি ছুড়ে মারবে, সন্দেহ নেই।
কেবল আবু বকর সিদ্দিকের ঘটনা নয়, আমরা গত চার বছরে সংঘটিত প্রতিটি অপহরণ ও গুমের ঘটনার সুষ্ঠু এবং নিরপেক্ষ তদন্ত প্রতিবেদন জনগণের সামনে প্রকাশের জোর দাবি জানাই।