গুম-খুন পেছনে ফেলে ওরা এগিয়ে যাচ্ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তার বয়স হবে প্রায় ৫০। গায়ের জামা ময়লা। আমাদের পেছনে লেগে আছে। বলছে, তার চিকিৎসার জন্য টাকা দরকার। মাত্র ১০-২০ টাকা হলেই চলবে। আমরা একটু অবাক হলাম। এই সামান্য টাকায় আবার চিকিৎসা হয় নাকি? সে বলল, আসলে তার চা-বিস্কুট খাওয়া দরকার! তার পেছনে একজন মধ্যবয়সী মহিলাও ছিল। সেও সাহায্য চায়।
এ দুজনই আমাদের গ্রামের। কুমিল্লার মুরাদনগর উপজেলার কোড়েরপাড় গ্রাম। উপজেলা কেন্দ্র থেকে ১০-১২ মাইল ভেতরে। যে দুজনের কথা বললাম, তাদের ২০-২৫ বছর ধরে দেখছি। আগে ভিক্ষা করত। গ্রামের বেশ কিছু গরিব নারী-পুরুষ সকালে আশপাশের গ্রামে, হাটে-বাজারে দল বেঁধে ভিক্ষা করতে যেত। কিন্তু এখন গ্রামে আর কোনো ভিক্ষুক নেই। ওরা দুজন এসেছে আসলে পরিচিত মুখ দেখে। জানে, চাইলে কিছু পাওয়া যাবে, তাই। আসলে এখন তাদের অন্তত ভিক্ষা করে খেতে হয় না। অবশ্যই গরিব। কিন্তু গ্রামে মোটামুটি কিছু কাজটাজ করে খেয়েপরে চলতে পারে। গরিবি হালে চলাও কিন্তু বছর দশেক আগে কঠিন ছিল। আজ অবস্থা ফিরেছে।
দেশে দারিদ্র্যের হার কমছে বলে যেসব খবর বেরোয়,
বলা হয় নির্ধারিত সময়ের আগেই সহস্রাব্দ লক্ষ্যমাত্রা অর্জিত হয়েছে, এর একটি ভিত্তি আছে। আজকাল গ্রামে গেলেই টের পাওয়া যায়।
বছর বিশেক আগে, যেখানে আমাদের সারা গ্রামে মাত্র তিন-চারটি পরিবারের টিনের চালাঘর ছিল, বাকি সব ছিল ছনের ঘর, এখন সেখানে প্রায় সবার বাসায়ই টিনের ঘর। টেলিভিশন। মোবাইল ফোন হাতে হাতে। স্বল্পবৃষ্টির এ বছরেও ধান ভালো হয়েছে। বেকার লোক প্রায় নেই। মাঠে কাজ করার লোক পাওয়া যায় না। মজুরি দিনে অন্তত ৩০০ টাকা। ফসলের মৌসুমে আরও বেশি। কৃষিশ্রমিকের অভাবে এখন অনেক গৃহস্থ পরিবারের সদস্যই কাজ করতে নেমে যান।
তিনটি কারণে এই অভাবনীয় পরিবর্তন সম্ভব হয়েছে। প্রথমত গ্রামের অনেক পরিবারের সদস্য মধ্যপ্রাচ্য এবং অন্য কিছু দেশে কাজ করেন। তঁারা প্রথমে গ্রামে তঁাদের পরিবারকে টাকা পাঠান। দ্বিতীয়ত গ্রামে বিদ্যুৎ এসেছে। সেচযন্ত্র বসে গেছে। আগে যেখানে মাত্র দুই ফসল হতো, এখন সেখানে তিন ফসল তো বটেই, তার ওপর আছে মাছ, হঁাস-মুরগির খামার। তৃতীয়ত, যাতায়াত-যোগাযোগের উন্নতি হয়েছে। অনেকে জেলা বা বিভাগীয় শহরে কাজ করতে যান। গ্রামের মানুষ তঁাদের উৎপাদিত পণ্য সহজে বাজারজাত করতে পারেন। এভাবে গ্রামের অনেকের অবস্থা ঘুরে গেছে।
গত শনিবার আমরা কয়েকজন গ্রামে গিয়েছিলাম আসলে কোড়েরপাড় আদর্শ ডিগ্রি কলেজে অনার্স কোর্সের শুভ উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে যোগ দিতে। এখন এটি বিশ্ববিদ্যালয় কলেজ। আমাদের সঙ্গে ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, হাইকোর্টের আইনজীবী, লেখক, গবেষকসহ বেশ কয়েকজন। তঁারা সবাই আমাদের গ্রামেরই সন্তান। প্রায় দুই দশক আগে প্রতিষ্ঠার সময় গ্রামের অনেকে কলেজের জন্য জমি দিয়েছিলেন। তঁাদের মধ্যে আমাদের পরিবারেরও কিছু অবদান ছিল।
কিন্তু কলেজের জন্য সবচেয়ে বড় অবদান রেখেছিলেন মুরাদনগর থানার বর্তমান সাংসদ ইউসুফ আবদুল্লাহ্ হারুন। কলেজভবন নির্মাণসহ সব কাজই তিনি করে চলেছেন। অনুষ্ঠানে তঁার একটা কথা বেশ তাৎপর্যপূর্ণ। তিনি বললেন, কেউ কলেজ দিলে নিজের নামে কলেজের নাম দেন। কিন্তু তিনি গ্রামের নামকে প্রাধান্য দিয়েছেন। কারণ, তাহলে গ্রামের মানুষের একাত্মবোধ (ওনারশিপ) সৃষ্টি হবে, যা একটি শিক্ষাপ্রতিষ্ঠানকে গড়ে তোলার জন্য খুব দরকার। এ রকম উদার চিন্তাভাবনার মানুষ আজকাল সমাজে কমে যাচ্ছে। তার পরও মুরাদনগরের সাংসদের মতো যে কয়জন নিজের খেয়ে বনের মোষ তাড়িয়ে চলেছেন, তঁারাই ভরসা।
সাবেক সাংসদ অধ্যক্ষ জোবেদা খাতুনও ছিলেন অনুষ্ঠানে। তিনি এই সময়ের জন্য খুব দরকারি একটা কথা বললেন। স্থানীয় রাজনৈতিক নেতাদের অন্তর্দ্বন্দ্ব থেকে বেরিয়ে এসে এলাকা ও কলেজের উন্নয়নে এক হয়ে কাজ করার আহ্বান জানিয়ে তিনি বলেন, উন্নয়নের পূর্বশর্ত হলো বিশৃঙ্খলা ও হানাহানিমুক্ত রাজনৈতিক পরিস্থিতি।
আজ যখন ক্ষমতাসীন আওয়ামী লীগের অন্তর্দ্বন্দ্বে নারায়ণগঞ্জে অপহরণ, গুম ও খুনের রাজনীতি চলছে, যখন সাত খুনের বিষবাষ্পে সারা দেশে তোলপাড় চলছে, তখন কুমিল্লার মুরাদনগরের এক প্রান্তে, এক নিভৃত গ্রামে সাবেক সাংসদের কথাটি বেশ তাৎপর্যপূর্ণ।
এই মুরাদনগরেও কিছুদিন আগে পর্যন্ত সহিংসতা চলেছে। আওয়ামী লীগের দুই নেতা, বর্তমান সাংসদ ইউসুফ আবদুল্লাহ্ হারুন ও কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সাবেক উপজেলা চেয়ারম্যান জাহাঙ্গীর আলম সরকারের মধ্যে অনেক দ্বন্দ্ব–সংঘাত ছিল। বিএনপিদলীয় সাবেক সাংসদ কাজী শাহ্ মোফাজ্জল হোসাইন কায়কোবাদের সঙ্গেও আওয়ামী লীগদলীয় নেতা-কর্মীদের মারামারি-কাটাকাটি ছিল। অনেক সহিংসতা চলেছে কয়েক বছর ধরেই। কিছু খুনখারাবিও হয়েছে। মামলা–মোকদ্দমা হয়েছে। এখন সাবেক সাংসদ কায়কোবাদ বিদেশে। মামলার জন্য দেশে আসতে পারছেন না।
বিগত নির্বাচনে এখানে আওয়ামী লীগের প্রার্থী ছিলেন না। সেখানে মহাজোট সমর্থন দিয়েছিল জাতীয় পার্টির প্রার্থীকে। আওয়ামী লীগের দুজন নেতা স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে প্রতিযোগিতা করেন। তঁাদের একজন বর্তমান সাংসদ। তিনি আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সাবেক অর্থ ও পরিকল্পনা সম্পাদক। তঁার প্রতিদ্বন্দ্বী ছিলেন স্বয়ং জাহাঙ্গীর আলম সরকারের ছেলে, কুমিল্লা উত্তর জেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক আহসানুল আলম। প্রথমে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে মনোনয়ন চেয়েছিলেন জাহাঙ্গীর আলম। কিন্তু আওয়ামী লীগ আসনটি জাতীয় পার্টিকে ছেড়ে দেওয়ায় তিনি মনোনয়নপত্র প্রত্যাহার করে নেন। সে ক্ষেত্রে তঁার ছেলে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিযোগিতা করেন।
এই অবস্থায় বিগত নির্বাচনে আওয়ামী লীগ বনাম আওয়ামী লীগ—একটা সন্ত্রস্ত পরিবেশ তৈরি হয়েছিল। কিন্তু শেষ পর্যন্ত কোনো রকম সন্ত্রাস-সংঘর্ষ ছাড়াই নির্বাচন হয়ে যায়। নির্বাচিত সাংসদ ইউসুফ আবদুল্লাহ্ হারুন আওয়ামী লীগের হলেও স্বতন্ত্র হিসেবেই আছেন।
মজার ব্যাপার হলো, অনেকের আশঙ্কা ভুল প্রমাণিত করে কলেজের অনুষ্ঠান মঞ্চে সাংসদের পাশে আসন গ্রহণ করেন তঁার রাজনৈতিক প্রতিপক্ষ হিসেবে পরিচিত জাহাঙ্গীর আলম সরকার। তিনি সভায় শুধু রাজনৈতিক ঐক্য ও সংঘাতমুক্ত রাজনীতির কথাই বলেননি, ঘোষণা দিয়েছেন বিশ্ববিদ্যালয় কলেজের জন্য একটি ছাত্রী হোস্টেল ভবন নির্মাণ করে দেওয়ার। এলাকায় দীর্ঘদিনের দুই রাজনৈতিক প্রতিপক্ষের মধ্যে এ রকম সম্প্রীতির পরিবেশ দুই দিন আগেও কল্পনা করা যেত না।
বিশেষভাবে শিক্ষার কথা বলতে হয়। কয়েক দিন আগে জাতীয় শিশু দিবস উপলক্ষে আয়োজিত বিতর্ক প্রতিযোগিতায় উপজেলার প্রতিটি স্কুল থেকে দুজন করে প্রতিযোগীকে আমন্ত্রণ জানানো হয়েছিল। অংশগ্রহণকারী ১২৮ জনের মধ্যে ১১৪ জনই ছিল মেয়ে। মুরাদনগরে শিক্ষা ক্ষেত্রে মেয়েদের এগিয়ে আসার লক্ষণ পুরো বাংলাদেশের জন্য এক আশার চিত্র তুলে ধরছে।
নারায়ণগঞ্জে ও অন্য কয়েকটি এলাকায় যখন অপহরণ,
গুম-খুনের রাজত্ব চলছে, তখন কুমিল্লার মুরাদনগরের মানুষ ও স্থানীয় নেতৃত্ব রাজনৈতিক হানাহানি পেছনে ফেলে শিক্ষা ও উন্নয়নের পথে এগিয়ে চলেছে। এর চেয়ে আশার কথা আর কী হতে পারে?

আব্দুল কাইয়ুম: সাংবাদিক৷
[email protected]