গুমবিষয়ক সম্মেলন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলিক অধিকার সুরক্ষা কমিটির এই আয়োজনকে সরকারের উচিত হবে জেগে ওঠার একটি বিশেষ আহ্বান হিসেবে গ্রহণ করা। এটা খুবই লক্ষণীয় ছিল যে বিচারবহির্ভূত হত্যাকাণ্ড যেখানে ‘ক্রসফায়ার’ বা বন্দুকযুদ্ধ হিসেবে একটি বিবরণ সরকারিভাবে মিলত, সেটা আকস্মিকভাবে হ্রাস পাওয়ার পরই গুম বেড়ে গেল এবং তখন থেকে গুমের বিষয়ে আইন প্রয়োগকারী বাহিনীগুলোর অস্বীকার করার নীতি অব্যাহত থাকল। অধিকাংশ ঘটনায় তদন্ত হচ্ছে না, কোনো ক্ষেত্রে হলেও তার প্রতিবেদন প্রকাশ পাচ্ছে না। সন্দেহভাজনদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা গ্রহণে সরকারি ঔদাসীন্য কোনো লুকোছাপার বিষয় নয়। এই সন্দেহ জোরালো ভিত্তি পাচ্ছে যে গুম কি তাহলে সরকারের কাছে একটি নীতি হিসেবে স্বীকৃতি পেয়েছে? এর সদুত্তর সরকারকেই দিতে হবে। কোনো গণতান্ত্রিক সরকার তার আচরণ সম্পর্কে জনমনে কী ছাপ পড়ল, তা উপেক্ষা করতে পারে না। বিচারবহির্ভূত হত্যাকাণ্ড ও গুমবিষয়ক সব তদন্ত রিপোর্ট অবিলম্বে প্রকাশ করা উচিত।

এ দেশে গুমের মতো মানবতাবিরোধী অপরাধের বিচার না হলে আন্তর্জাতিক ফৌজদারি আদালতের শরণাপন্ন হতে নাগরিক কমিটি শনিবার অঙ্গীকার ব্যক্ত করেছে। আমরা মনে করি, গুমের বিচারে প্রচলিত আইন যথেষ্ট নয়। তাই গুমবিরোধী আন্তর্জাতিক সনদের আলোকে সংসদকে প্রয়োজনীয় আইনও পাস করতে হবে।

দীর্ঘদিন পরে সফল, কার্যকর ও সময়োপযোগী একটি নাগরিক উদ্যোগ গ্রহণ করায় আমরা উদ্যোক্তাদের ধন্যবাদ জানাই আর গভীর সমবেদনার সঙ্গে স্বজনহারা পরিবারের সদস্যদের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করি।