গ্যাস ও বিদ্যুতের দাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এ সরকারের শাসনামলে গ্যাস ও বিদ্যুতের দাম অনেকবার বাড়ানো হয়েছে। যে হারে গ্যাস ও বিদ্যুতের দাম বাড়ানো হয়েছে, তার ভারসাম্য আনতে মানুষ এখনো হিমশিম খাচ্ছে। চরম মূল্যস্ফীতির কারণে আয় ও ব্যয়ের হিসাবনিকাশ করতে গিয়ে দেখা যায় আয়ের চেয়ে ব্যয়ভার এখন খুব বেশি। সাধারণত চাকরিজীবী ও খেটে খাওয়া লোকজনদের পারিশ্রমিক হাতে আসার সঙ্গে সঙ্গে হাত খালি হয়ে যায়। তারপর শুরু হয় ধার-দেনা করে জীবনযাপন। সরকার যদি মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ না করে গ্যাস ও বিদ্যুতের দাম বাড়ানোর জন্য পরিকল্পনা হাতে নেয় এবং সে অনুযায়ী যদি তা বাড়ানো হয়, তাহলে জনমনে চরম অসন্তোষ বিরাজ করবে।
তবে দাম না বাড়িয়ে এসব খাতের সব ধরনের অনিয়ম ও দুর্নীতি রোধ করে এসব সেক্টরের সচলতা বাড়ানো যায়। গ্যাস ও বিদ্যুতের দাম বাড়ানো হলে সব পণ্যের মূল্যও নিশ্চিত হু হু করে বেড়ে যাবে। এ সরকারের আগের পাঁচ বছরের শাসনামলে দ্রব্যমূল্য বৃদ্ধির মাত্রা খুব বেশি ছিল আর তা বেশি হওয়ার কারণ হলো গ্যাস ও বিদ্যুতের মূল্য বারবার বৃদ্ধি।
পণ্যের মূল্যবৃদ্ধির ফলে মানুষের আয় ও ব্যয়ের কোনো ভারসাম্য ছিল না এবং তা এখনো নেই। তার কারণ, বাজার চলছে কতিপয় সিন্ডিকেট ব্যবসায়ীর নিয়ন্ত্রণে। সেই সঙ্গে এসব সেক্টরের সব ধরনের অনিয়ম আর দুর্নীতি রোধ করে এর উৎপাদন এবং উন্নয়ন করে ভারসাম্য আনা খুব প্রয়োজন। এসব সেক্টরের অনিয়ম, অব্যবস্থাপনা আর দুর্নীতির খেসারত সাধারণ মানুষের ওপর চাপিয়ে দেওয়া হয়। মানুষ নিরুপায় হয়ে বা বাধ্য হয়ে সে দায় গ্রহণ করে। তাই সরকারের প্রতি অনুরোধ, মানুষের আর্থিক দিক বিবেচনা করে গ্যাস ও বিদ্যুতের দাম আর বাড়াবেন না।
মনসুর আহমেদ, ডেমরা, ঢাকা।