গ্যাস ডাকাতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পেট্রোবাংলার চেয়ারম্যান নিজেই স্বীকার করেছেন যে গ্যাসের প্রায় ২০০ কিলোমিটার বিতরণ লাইন ও প্রায় তিন লাখ সংযোগ অবৈধ ও অননুমোদিত হিসেবে চিহ্নিত করা হয়েছে। ঢাকা থেকে কুমিল্লা গিয়ে আবার ফিরে এলে যতটা পথ পার হতে হয়, অবৈধ গ্যাসের লাইন ঠিক ততটা দীর্ঘ! এর ওপর লাখ লাখ অবৈধ সংযোগ। তাহলে প্রশ্ন, পেট্রোবাংলা কী করছে? গ্যাস ডাকাতির হিসাব বের করাই কি তাদের কাজ? অবৈধ লাইন ও সংযোগ বন্ধ করতে না পারলে সংশ্লিষ্ট কর্মকর্তাদের চাকরি থাকে কীভাবে?
গ্রাহকেরা অবৈধ সংযোগ ও লাইন কীভাবে পায়, তা কি কারও জানতে বাকি আছে? এ তো সিঁদেল চোরের কাজ নয়। চুপিসারে গ্যাসের লাইন নেওয়া সম্ভব নয়। নরসিংদী, রূপগঞ্জ, কেরানীগঞ্জ, গাজীপুর, সাভার, মানিকগঞ্জ এমনকি ঢাকা মহানগরে যেসব অবৈধ লাইন ও সংযোগ নেওয়া হয়েছে, তার সঙ্গে তিতাস গ্যাসের একশ্রেণীর অসাধু কর্মচারী-কর্মকর্তার যোগসাজশের অভিযোগ সর্বজনবিদিত। এই লোকগুলো কে? তা যদি পেট্রোবাংলা না জানে, তাহলে তাদের হাতে দেশের এত বড় সম্পদ কতটা নিরাপদ?
এসব অবৈধ সংযোগের কারণে রাজধানী ঢাকাসহ বিভিন্ন এলাকায় গ্যাসের চাপ কমে গেছে। শিল্প এলাকায়ও চাপ কম। অনেক শিল্পপ্রতিষ্ঠান অবৈধভাবে নিজস্ব ব্যবস্থাপনায় গ্যাস কমপ্রেসর বসিয়ে নিজেদের জন্য গ্যাসের চাপ বাড়িয়ে নিচ্ছে, ফলে আশপাশের কারখানায় গ্যাসের চাপ কমে যাচ্ছে। এসব বেআইনি কাজকারবার সম্পর্কে কর্তৃপক্ষ সম্পূর্ণ অবহিত হওয়া সত্ত্বেও তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে না।
অবৈধ গ্যাসের সংযোগ কাটতে গেলে নাকি তিতাস গ্যাসের লোকজনকে লাঞ্ছিত হতে হয়। এলাকার প্রভাবশালীদের চাপে নাকি কিছু করা যায় না। কর্তৃপক্ষের এই ব্যাখ্যার পেছনে সত্যতা থাকতে পারে। কিন্তু অবৈধ সংযোগ গ্রহণকারীরা এত সাহস পায় কোথায়? ওরা হয়তো ভাবে, টাকা দিয়ে যখন গ্যাসলাইন ‘কিনেছে’, তাহলে এখন কেন অবৈধ হবে? তাদের অনেকের অভিযোগ, প্রতি মাসে ব্যাংকে রীতিমতো গ্যাসের বিল পরিশোধ করা হচ্ছে, তার পরও কেন তাদের লাইন কাটা হবে?
তা ছাড়া এলাকার তথাকথিত ‘প্রভাবশালীদের’ প্রভাব কি এতই বেশি যে তাঁদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থাও নেওয়া যায় না? এটা অবিশ্বাস্য। সরকার দাবি করছে গণতন্ত্র আছে, আইনের শাসন আছে, প্রচলিত আইনে শাস্তির বিধানও আছে। তাহলে বাধা কোথায়?
যারা গ্যাস ডাকাতি করে, তাদের দ্রুত বিচার আইনে সোপর্দ করা হোক। দ্রুত তাদের বিচার ও দৃষ্টান্তমূলক সাজার ব্যবস্থা করা হলেই সব ঠান্ডা হয়ে যাবে। পেট্রোবাংলা যদি এ রকম অনমনীয় অবস্থান না নেয়, তাহলে বুঝতে হবে সরষের মধ্যেই ভূত। এমন কর্তৃপক্ষের দরকার কী?
দেশে ব্যবসা-বাণিজ্যের প্রসার ও উৎপাদন বৃদ্ধির জন্য দরকার গ্যাস। ব্যবসায়ীরা সরকারকে বলেছেন, গ্যাস দিন, আমরা দেশকে সম্পদ দেব। অর্থনীতির উন্নয়ন ও এত রাজনৈতিক গোলযোগের মধ্যেও ৬.৩ শতাংশ প্রবৃদ্ধি অর্জনে অর্থমন্ত্রীর সাম্প্রতিক আশার বাস্তব প্রতিফলন ঘটাতে চাইলে শিল্প-কারখানায় সুষ্ঠু গ্যাস সরবরাহ নিশ্চিত করুন। গ্যাস ডাকাতি রোধে কার্যকর ব্যবস্থা নিন।