অবৈধ বিতরণ লাইন বসিয়ে ঢাকাসহ আশপাশের অঞ্চলের বাসাবাড়িতে জ্বালানি গ্যাসের সংযোগ দেওয়ার ক্ষেত্রে যে নৈরাজ্য চলে আসছে, তা থেকে স্পষ্ট প্রতীয়মান হয় সরকার, তিতাস গ্যাস কর্তৃপক্ষ ও সরকারি দলের লোকজন মিলে লুটের রাজ্য কায়েম করেছে। যে বিপুলসংখ্যক অবৈধ গ্যাস-সংযোগ ইতিমধ্যে দেওয়া হয়েছে, সংবাদমাধ্যমে লেখালেখির কারণে সেগুলো বিচ্ছিন্ন করার অভিযান শুরু করা হয়েছিল বটে, কিন্তু সেটাও যে সাময়িক ও লোক দেখানো ব্যাপার ছিল, তাও প্রমাণিত হয়েছে। অপসারণ করা অবৈধ লাইনগুলো পুনঃ স্থাপন করা হয়েছে, নতুন করে অবৈধ সংযোগ দেওয়াও অব্যাহতভাবে চলছে। কিন্তু এসব বন্ধ করতে তিতাসের দৃশ্যমান কোনো তৎপরতা নেই।
তিতাসের কায়েমি স্বার্থবাদী দুর্নীতিবাজ অংশের দুর্নীতির কথা বলা বাহুল্য। রাষ্ট্রের অমূল্য প্রাকৃতিক সম্পদ জ্বালানি গ্যাস বিতরণের দায়িত্বে নিয়োজিত এই সংস্থায় দুর্নীতি একটা স্থায়ী ব্যবস্থায় পরিণত হয়েছে। এর সঙ্গে যুক্ত হয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের অবৈধ লাইন বসিয়ে গ্যাস-সংযোগ দেওয়ার বিনিময়ে কোটি কোটি টাকা হাতানোর মচ্ছব। বিভিন্ন স্থানে আওয়ামী লীগের নেতারা গঠন করেছেন তথাকথিত ‘গ্যাস কমিটি’। তাঁরা টাকার বিনিময়ে লোকজনের বাসাবাড়িতে অবৈধ গ্যাস-সংযোগ দিচ্ছেন, তিতাস কর্তৃপক্ষ জানতেও পারছে না, কিংবা জানতে পেলেও সেদিকে ফিরে তাকানোর সাহস পাচ্ছে না। কিছু এলাকায় তাঁরা অবৈধ গ্যাস-সংযোগ দেওয়ার বিনিময়ে টাকা নিচ্ছেন। আর কিছু এলাকায় অবৈধ গ্যাস-সংযোগ বাবদ টাকা তো নিচ্ছেনই, এমনকি গ্যাসের বিল বাবদও টাকা নিচ্ছেন প্রতি মাসে। অর্থাৎ ওই সব এলাকায় তিতাসের কার্যত কোনো ভূমিকাই নেই।
এ এক অকল্পনীয় অবস্থা। সরকার, প্রশাসন, প্রতিষ্ঠান ও আইনকানুন আছে—এমন কোনো দেশে এ রকম ঘটনা কী করে সম্ভব, তা ভেবে বিস্মিত হতে হয়। এ ব্যাপারে সরকারের নৈতিক অবস্থান অনুধাবন করা যায় গত উপজেলা নির্বাচনের সময় অবৈধ বিতরণ লাইন বিচ্ছিন্ন করার অভিযানটির দিকে খেয়াল করলে। ওই সময় সে অভিযান বন্ধ করা হয়েছিল এই বিবেচনা থেকে যে যাঁদের অবৈধ লাইন অপসারণ করা হবে, তাঁরা সরকার-সমর্থিত প্রার্থীদের ওপর ক্ষুব্ধ হয়ে তাঁদের ভোট দেবেন না। ন্যায়-অন্যায় কিংবা আইনি-বেআইনি কাজের ব্যাপারে সরকারের এই বিবেচনার সম্প্রসারিত রূপ হচ্ছে ক্ষমতাসীন দলের লোকজনের সব রকমের অন্যায়-অপকর্মকে প্রশ্রয় দেওয়া। গ্যাসের ক্ষেত্রে ক্ষমতাসীন দলের লোকজন তিতাসের প্রাতিষ্ঠানিক দায়িত্বশীলতাকে অর্থহীন করে দিয়েছেন, সরকারি প্রশাসন এ ক্ষেত্রে অকার্যকর হয়ে গেছে।
সংকটের কারণে সরকার জ্বালানি গ্যাসের সংযোগ প্রদান আনুষ্ঠানিকভাবে বন্ধ রেখেছিল, কিন্তু তাতে কোনো সুফল পাওয়া যায়নি। বরং এই নিষেধাজ্ঞার ফলে সৃষ্টি হয়েছে এক নৈরাজ্য, যা জ্বালানি গ্যাসের সঞ্চালন ও বিতরণব্যবস্থাকে অকার্যকর করে ফেলছে। প্রাতিষ্ঠানিক ব্যবস্থা ধ্বংস করার এই দৃষ্টান্তের প্রভাব নিঃসন্দেহে ব্যাপক ও সুদূরপ্রসারী হবে। অবিলম্বে এসব বন্ধ করা দরকার।