চুরি বা ডাকাতির মতো বিষয়গুলো ঘটে হয় গোপনে বা আকস্মিকভাবে, ফলে অনেক সময় তা ঠেকানো যায় না। নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় গ্যাসের সংযোগ নিয়ে যা হচ্ছে, তাকে তিতাস গ্যাসের ব্যবস্থাপনা পরিচালক ‘ডাকাতি’ হিসেবে উল্লেখ করেছেন। আসলে এটি নৈরাজ্য, যেখানে দেশের প্রচলিত আইন পুরোপুরি অকার্যকর।
সোনারগাঁ উপজেলার নয়টি ইউনিয়নে গ্যাস নিয়ে স্থানীয় আওয়ামী লীগ নেতাদের ‘শাসন’ কায়েম হয়েছে। এই রাজত্ব চালানোর জন্য তাঁরা ‘গ্যাস কমিটি’ করেছেন এবং এর মাধ্যমে তাঁরা দিব্যি তাঁদের শাসন চালিয়ে যাচ্ছেন। গ্যাস-সংযোগের জন্য কমিটি ফি নির্ধারণ করেছে নিজেদের মতো করে, তা সংযোগের বিনিময়ে আদায় হচ্ছে নিয়মিত এবং মাসে মাসে বিলও আদায় করছে তারা।
প্রথম আলোর প্রতিবেদনের তথ্য অনুযায়ী এ ধরনের ১২ হাজার সংযোগ দেওয়া হয়েছে, যা থেকে আওয়ামী লীগের নেতারা পকেটে পুরেছেন প্রায় ৪৫ কোটি টাকা আর মাসে ৫০০ টাকা হারে এখন প্রতি মাসে আদায় করছেন প্রায় ২৫ লাখ টাকা। এ ধরনের সংযোগ পাওয়ার অপেক্ষায় আছেন আরও হাজার দশেক মানুষ, একই হারে ‘সংযোগ ফি’ দিতে হবে তাঁদেরও। এখন এটা মনে হওয়াই তো স্বাভাবিক যে সরকার সম্ভবত গ্যাস ব্যবস্থাপনার জন্য ওই অঞ্চলটি আওয়ামী লীগ নেতাদের কাছে ইজারা দিয়ে রেখেছে!
কিন্তু কাগজে-কলমে এলাকাটি তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানির আওতাধীন, আর কোম্পানির ব্যবস্থাপনা পরিচালকও জানেন যে সেখানে ‘দিনদুপুরে ডাকাতি’ হচ্ছে। আমাদের প্রশ্ন, এ ধরনের ‘ডাকাতি’ বন্ধ না করতে পারলে তিনি দায়িত্বে আছেন কীভাবে? এর আগে পেট্রোবাংলার চেয়ারম্যান স্বীকার করেছেন যে প্রায় ২০০ কিলোমিটার অবৈধ গ্যাস বিতরণ লাইন ও প্রায় তিন লাখ সংযোগ অবৈধ ও অননুমোদিত হিসেবে চিহ্নিত হয়েছে। অবৈধভাবে এত দীর্ঘ গ্যাসলাইন টানা ও এত অবৈধ সংযোগ যদি লোকজন নিতে পারেন, তবে এই প্রতিষ্ঠানটির আদৌ দরকার কী? ভূত রয়েছে সরষের মধ্যেই। এই যে
‘নৈরাজ্য’, ‘পুকুরচুরি’ বা ‘দিনদুপুরে ডাকাতি’—যা-ই বলা হোক না কেন, এর মূলে রয়েছে পেট্রোবাংলা ও তিতাসের দুর্নীতিবাজ কর্মকর্তাদের যোগসাজশ।
সোনারগাঁয়ের নয় ইউনিয়নে যে ১২ হাজার গ্রাহক অবৈধভাবে গ্যাস-সংযোগ নিয়েছেন, তাঁরা এ জন্য অর্থ দিয়েছেন, মাসে মাসে বিলও দিচ্ছেন। এ ধরনের অবৈধ কাজ ঠেকাতে যেহেতু ব্যর্থ হয়েছে তিতাস কর্তৃপক্ষ, যেহেতু টাকার বিনিময়ে এ ধরনের সুযোগ করে দিয়েছে বলে ‘গ্যাস ডাকাতির’ সঙ্গে জড়িতদের অভিযোগ, ফলে এর পুরো দায় তাদেরই নিতে হবে। তিতাসের যারা এই অপকর্মের সঙ্গে জড়িত, তাদের চিহ্নিত করে কঠোর ব্যবস্থা নিতে হবে। আর সরকারের দায় হচ্ছে, এ ধরনের ‘আওয়ামী ডাকাতি’ থেকে দেশকে মুক্ত করা। সরকার যদি এই ঘটনাটির ক্ষেত্রে দলের স্থানীয় নেতা-কর্মীদের বিরুদ্ধে কঠোর ও দৃষ্টান্তমূলক ব্যবস্থা নিতে ব্যর্থ হয়, তবে এ ধরনের নৈরাজ্য বিস্তৃতই হতে থাকবে।