আমরা ঢাকা মহানগরের ৮ নম্বর ওয়ার্ডভুক্ত মৌজা গড়ানচটবাড়ী, থানা শাহআলী, মিরপুর-১ এলাকার বাসিন্দা। আমরা ২০০৫ সালের ১৩ জুন থেকে এই মহল্লায় গ্যাসের সংযোগের জন্য আবেদন করে যাচ্ছি। ২০০৬ সালের ১১ অক্টোবর আবেদনের সূত্র ধরে পেট্রোবাংলার পত্রসূত্রি নম্বর-৩১-০২-০১/৩৭৭, তারিখ ১৭-১০-০৬ মোতাবেক প্রয়োজনীয় সার্ভে করে পরিকল্পনা ডিভিশন কর্তৃক মহাব্যবস্থাপক, প্ল্যানিং অ্যান্ড মনিটরিং ডিভিশন, পেট্রোবাংলা বরাবর ২০০৭ সালের ১৯ জানুয়ারি কোম্পানির মতামত প্রদান করা হয় (সূত্র:-পরি: ১৬১৩/৫/২৫০৯)।
প্রাথমিক প্রাক্কলনের ভিত্তিতে আর্থিক বিবেচনায় প্রকল্পটি ইতিবাচক বিবেচিত হওয়ায় ‘চূড়ান্ত নকশা’ প্রস্তুত করা হয়। উল্লেখ্য, মহল্লার উত্তরে ২০০ গজের ভেতর বোটানিক্যাল গার্ডেনে ৩৫০ থেকে ৩৭৫ গজের ভেতর ইস্টার্ন হাউজিং দ্বিতীয় পর্ব ও ৩০০ গজ দূরে নবাবের বাগে গ্যাসের সংযোগ আছে। মাঝখানে গ্যাস-পানিসহ পৌরসুবিধাবঞ্চিত মহল্লাটি যেন রাজধানীর বুকের একটি ‘ছিটমহল’। ইস্টার্ন হাউজিং দ্বিতীয় পর্বে গ্যাসের সমস্যা থাকায় চুলা ঠিকমতো জ্বলে না।
যদি ইস্টার্ন হাউজিংয়ের বেড়িবাঁধসংলগ্ন স্থান থেকে নবাবের বাগ পর্যন্ত মাত্র ৭০০ গজ সংযোগ পাইপ বসানো হয়, তবে ওই এলাকার গ্যাসের চাপজনিত দুর্ভোগের অবসান হয়। প্রধানমন্ত্রীর নির্দেশে আপাতত নতুন গ্যাস পাইপলাইন স্থাপনের কাজ বন্ধ থাকায় একমাত্র তিনিই পারেন আমাদের এই দুরবস্থা থেকে রক্ষা করতে। বিশেষ বিশেষ বিবেচনায় কিছু গ্যাস পাইপলাইন স্থাপিত হচ্ছে বিধায় প্রধানমন্ত্রীর কাছে আকুল আবেদন, সুযোগবঞ্চিত রাজধানীর এই ছিটমহলবাসীর কষ্ট লাঘবে আপনার সদয় দৃষ্টি দিন। বিশেষ ব্যবস্থায় হলেও আমাদের গ্যাসপ্রাপ্তির
অনুমতি দিন।
হোসনে আরা আকতার
মিরপুর, ঢাকা