দীর্ঘদিন গ্যাস-সংযোগ বন্ধ থাকায় দুর্নীতির যে ডালপালা বিস্তৃত হয়েছে, তা থেকে মুক্তি মিলছে না। পুরোনো দুর্নীতির কারণে বা তা ঢাকতে নতুন করে দুর্নীতির ঘটনা ঘটেই চলেছে। এসব কারণে দুর্নীতির পথ যাঁরা বেছে নেননি, এমন সব গ্রাহক ভোগান্তি ও অন্যায় আচরণের শিকার হচ্ছেন।
সরকার সম্প্রতি আবাসিক গ্রাহকদের নতুন করে গ্যাস-সংযোগ দেওয়ার ঘোষণা দিয়েছে। সে অনুযায়ী নতুন গ্যাস-সংযোগ দেওয়া শুরু হতেই আবার দুর্নীতি শুরু হয়েছে। গ্যাস-সংযোগ পাওয়ার জন্য পুরোনো আবেদন যেমন রয়েছে, আবার নতুন আবেদনও করা হচ্ছে। এই পরিস্থিতিতে নতুন আবেদন করেও অনেকে সংযোগ পাচ্ছেন, আবার পুরোনো আবেদনকারীদের অপেক্ষার যেন শেষ হচ্ছে না। আবার দেখা যাচ্ছে, যাঁরা দুর্নীতি করে অবৈধভাবে সংযোগ নিয়েছিলেন, তাঁরাই নতুন দুর্নীতির মাধ্যমে তাঁদের সংযোগ বৈধ করে নিচ্ছেন।
গ্যাস-সংযোগ বন্ধ থাকা অবস্থায় যাঁরা অবৈধভাবে সংযোগ নিয়েছেন, তাঁরা দুর্নীতি ও শাস্তিযোগ্য অপরাধ করেছেন। গ্যাস বিতরণ কোম্পানি তিতাসের লোকজনের সহায়তা ছাড়া এ কাজ করা সম্ভব হয়নি। ফলে অবৈধ সংযোগগুলো বৈধ করে এখন অতীতের দুর্নীতি ধামাচাপা দেওয়ার চেষ্টা হচ্ছে। আর অবৈধ সংযোগ বৈধ না হওয়া পর্যন্ত এই অবৈধ গ্রাহকদের গ্যাস ব্যবহার করতেও সমস্যা হচ্ছে না। যাঁরা শাস্তিযোগ্য অপরাধ করেছেন, দেখা যাচ্ছে গ্যাস ব্যবহার ও সংযোগ পাওয়ার ক্ষেত্রে তাঁরাই এখন সুবিধাজনক অবস্থায় রয়েছেন।
আমরা মনে করি, যাঁরা অবৈধভাবে গ্যাস-সংযোগ নিয়েছেন, তাঁদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা প্রয়োজন। তা না করা হলে এটা দুর্নীতিকে প্রশ্রয় ও উৎসাহিত করার মতো একটি বিষয় হিসেবেই বিবেচিত হবে। অবৈধ সংযোগ বৈধ করার জন্য শুধু বাড়তি কিছু টাকা নয়, জরিমানার অর্থ হতে হবে দৃষ্টান্তমূলক। আর তিতাসের যেসব কর্মকর্তা-কর্মচারী এর সঙ্গে জড়িত ছিলেন, তদন্ত করে তাঁদের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নিতে হবে। গ্যাস-সংযোগ নিয়ে নতুন কোনো দুর্নীতি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। পুরোনো আবেদন ও নতুন আবেদনের সময় ও তালিকা ধরে পর্যায়ক্রমে সংযোগ দেওয়ার উদ্যোগ নিতে হবে।