বৈধর চেয়ে অবৈধরই কদর বেশি হয়ে গেলে যে অবস্থা হয়, তার নাম মগের মুলুক। রাজধানী ঘিরে গ্যাস-সংযোগ দেওয়ার ক্ষেত্রে যা হচ্ছে তাকে শুধু নৈরাজ্য বললে কম বলা হয়। এটা সরাসরি জাতীয় সম্পদ লুটের মাধ্যমে রাজনৈতিক নেতা-কর্মী ও আমলাদের একাংশের বিত্ত কামানোর ফিকির।
রাজধানীসহ ঢাকার আশপাশের জেলাগুলোতে প্রায় তিন লাখ অবৈধ গ্যাস-সংযোগের তথ্য প্রকাশ করেছে রোববারের প্রথম আলো। হতবাক হয়ে যেতে হয় যে একজন মন্ত্রী নিজে এ ধরনের অবৈধ সংযোগ প্রকল্পের উদ্বোধক হয়েছেন। প্রমাণিত অবৈধ সংযোগকে তিনি বৈধ বলে দাবিও করেছেন বলে প্রথম আলোর সংবাদে উল্লেখ করা হয়েছে। অবৈধভাবে ২০০ কিলোমিটার দীর্ঘ লাইন টেনে তিন লাখ সংযোগ দেওয়া হয়েছে ঘুষ-বাণিজ্যের মাধ্যমে। কোনো কোনো সাংসদ ও তিতাস গ্যাসের একশ্রেণীর কর্মকর্তা-কর্মচারীর মাধ্যমে এসব সংযোগ দেওয়া হয়েছে। বিনিময়ে গ্রাহককে দিতে হয়েছে প্রতিটি সংযোগে সর্বোচ্চ এক লাখ টাকা। তিন লাখ সংযোগের জন্য আনুমানিক ৩০০ কোটি টাকা ‘উপার্জন’ করেছেন এসব সংযোগদাতা। দুর্নীতি হয় বৈধ সংযোগের বেলায়, কিন্তু যার পুরোটাই অবৈধ, তা দুর্নীতি নয়; সরাসরি ডাকাতি। এত বড় ডাকাতির কারণে কেবল অমূল্য গ্যাস সম্পদের অপব্যবহারই হচ্ছে না, বিরাট অঞ্চলের মানুষ পড়েছে দুর্ঘটনার ঝুঁকিতে। অপরিকল্পিত, নাজুক এসব গ্যাসলাইনে যেকোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে। এ ধরনের অনিয়ম ও স্বেচ্ছাচারিতার ফলেই কিন্তু রানা প্লাজা ও তাজরীন ফ্যাশনসের মতো কারখানায় ‘কাঠামোগত গণহত্যা’র ঘটনা ঘটতে পেরেছিল।
সরকারি কর্তৃপক্ষ তথা মন্ত্রী-আমলা-কর্মচারীদের মাধ্যমে এ রকম বিরাট নৈরাজ্য ঘটা থেকে প্রমাণিত হয় স্বেচ্ছাচারিতাই এখন তাঁদের রীতি হয়ে গেছে। তিতাস গ্যাস কর্তৃপক্ষ সবে অবৈধ সংযোগ স্বেচ্ছায় বিচ্ছিন্ন করার ঘোষণা দিয়েছে। কিন্তু এত দীর্ঘ সময় ধরে এ ধরনের সংযোগ যখন চলছিল, তখন তারা কী করেছিল? তিতাস গ্যাসের শীর্ষ কর্তৃপক্ষের যোগসাজশ ছাড়া এটা কোনোভাবেই সম্ভব হওয়ার কথা নয়। এখন সংযোগ বিচ্ছিন্ন করার কথা বললেও স্থানীয় প্রশাসনের মর্জির দিকে তারা তাকিয়ে আছে।
এককথায় ঘটনাটি সরকারি প্রতিষ্ঠানকে ব্যবহার করে জাতীয় সম্পদের লুটপাটের খোলামেলা আয়োজন। এ আয়োজনের প্রধান হোতা নিঃসন্দেহে ক্ষমতাসীন সরকারের সুবিধাভোগী কিছু রাজনৈতিক ব্যক্তি। তাঁরা চোখে আঙুল দিয়ে দেখিয়েছেন যে ক্ষমতায় থাকা মানে দেশ ও দশের মালিক বনে যাওয়া। এবং তাঁরা এতই স্বেচ্ছাচারী যে আইনকানুন ও নিন্দা-সমালোচনার কোনো তোয়াক্কাই করছেন না।
অবৈধ সংযোগগুলো নিয়মের মধ্যে দিয়ে বৈধ করা হোক কিংবা সমূলে উচ্ছেদ করা হোক, এই লুণ্ঠন-উৎসবের কুশীলবদের বিচারের আওতায় আনাই এ ব্যাপারে ন্যূনতম আইনি পদক্ষেপ হতে পারে। কিন্তু অভিজ্ঞতা বলে, লোক-দেখানো কিছু পদক্ষেপের বাইরে বেশি কিছু আশা করার নেই। প্রশ্ন হচ্ছে, এভাবে কি বাংলাদেশ বেশি দিন চলতে পারবে?